বিশেষ ছাড় ব্যাংকের মুনাফা বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনৈতিক বিবেচনায় ঋণ পুনর্গঠন ও বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের ফলে আগের বছরের তুলনায় ২০১৫ সালে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমেছে। ফলে ২০১৫ সালে ব্যাংকগুলোর সম্পদ থেকে আয় (রিটার্ন অন অ্যাসেট) ও মূলধন থেকে শেয়ারহোল্ডারদের আয় (রিটার্ন অন ইকুইটি) দুটিই বৃদ্ধি পেয়েছে। বেড়েছে নিট মুনাফার পরিমাণও। তবে এ সময়ে খেলাপি ঋণের মধ্যে মন্দ/ক্ষতিজনক ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে।

এসব হিসাব করতে দেশি-বিদেশি ৫৬ ব্যাংকের তথ্য ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৫ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক; তবে তথ্যগুলো চূড়ান্ত নয়, সাময়িক। যদিও ব্যাংকগুলোর সাময়িক ও চূড়ান্ত তথ্যে বিস্তর ফারাক লক্ষ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংককে ২০১৫ সালে জনতা ব্যাংক জানায়, তাদের খেলাপি ঋণ ২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এ সময়ে ব্যাংকটির প্রকৃত খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৩১৮ কোটি টাকা। এভাবে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক ৩ হাজার ৩০০ কোটি টাকা খেলাপি ঋণ গোপন করে। তবে এ রিপোর্ট প্রস্তুত হয়েছে গোপন করা এসব ঋণ আড়ালে রেখেই। ফলে সাময়িক তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাময়িক তথ্যের ওপর প্রতিবেদন হলে সেটা সবাই বিশ্বাস করবে না। মোটা দাগে একটা ধারণা পাওয়া যেতে পারে। এ ধরনের তথ্যের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপও নেওয়া যায় না। ব্যাংকগুলোর চূড়ান্ত তথ্য নিয়েই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন করা উচিত।

গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ ব্যাংক। সেখানে গভর্নর, ডেপুটি গভর্নরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনের তথ্যমতে, ২০১৫ সালে ব্যাংকগুলোর সম্পদের বিপরীতে আয় বেড়েছে। ২০১৫ সালে ব্যাংকগুলোর সম্পদের বিপরীতে আয় হয়েছে দশমিক ৮ শতাংশ; ২০১৪ সালে যা ছিল দশমিক ৭ শতাংশ ও ২০১৩ সালে দশমিক ৯ শতাংশ। এ সময়ে শেয়ারহোল্ডাররাও বেশি মুনাফা পেয়েছেন। ২০১৫ সালে মূলধনের বিপরীতে আয় হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ; ২০১৪ সালে যা ছিল ৮ দশমিক ১ শতাংশ ও ২০১৩ সালে ১০ দশমিক ৭ শতাংশ।

২০১৫ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৮ শতাংশ; ২০১৪ সালে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ ও ২০১৩ সালে ৮ দশমিক ৯ শতাংশ। তবে ২০১৫ সালে ব্যাংকগুলোতে মন্দ বা ক্ষতিজনক ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। ২০১৩ সালে খেলাপি ঋণের মধ্যে মন্দ বা ক্ষতিজনক ঋণ ছিল ৭৮ দশমিক ৭ শতাংশ, ২০১৪ সালে ৭৭ দশমিক ৮ শতাংশ। ২০১৫ সালে তা বেড়ে হয় ৮৪ দশমিক ৬ শতাংশ। ব্যাংকগুলোর খেলাপি ঋণকে নিম্নমান, সন্দেহজনক ও মন্দ বা ক্ষতিজনক—এই তিন ভাগে ভাগ করা হয়।

২০১৫ সালে ঋণের বিপরীতে প্রয়োজনমতো সঞ্চিতিও সংরক্ষণ করতে পারেনি ব্যাংকগুলো। এ সময় ব্যাংকগুলো ৪ হাজার ২৮০ কোটি টাকা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। 

২০১৩ সালে ব্যাংকগুলো নিট মুনাফা করেছিল ৭ হাজার ২৫০ কোটি টাকা, ২০১৪ সালে নিট মুনাফা হয় ৬ হাজার কোটি টাকা ও ২০১৫ সালে তা বেড়ে হয় ৭ হাজার ৯২০ কোটি টাকা।

প্রতিবেদনের তথ্যমতে, ২০১৫ সাল পর্যন্ত বাণিজ্যিক খাতে ঋণ গেছে ১ লাখ ২১৭ কোটি টাকা; এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৮ হাজার ৫০০ কোটি টাকা। কৃষি খাতের ২৮ হাজার ২১ কোটির মধ্যে খেলাপি হয়ে গেছে ৪ হাজার ৬ কোটি টাকা। পোশাক খাতের ৭৩ হাজার ৭৫৩ কোটি টাকার মধ্যে  ৬ হাজার ১০৩ কোটি টাকা খেলাপি।

 আলোচনা: প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করে সবাইকে কাঠামোগত ঝুঁকি মোকাবিলা করতে হবে। খেলাপি ঋণ কমাতে সবাইকে উদ্যোগ নিতে হবে। এই প্রতিবেদন সবাইকে ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে বার্তা দেবে।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ২০১৪ সালের মতো ২০১৫ সালেও ব্যাংকগুলো ঋণ বিতরণে সতর্ক ছিল। এ সময়ে কিছু নিরাপদ বিনিয়োগের কারণে ঋণ প্রবৃদ্ধি ঘটছে। কিছু ব্যাংকের ঋণ কেন্দ্রীভূত কমছে, নতুন ব্যাংকগুলো তাদের অবস্থান সুসংহত করেছে।

বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মফিজউদ্দিন সরকার বলেন, ‘আমাদের কয়েকটি প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে, ফলে আমরা ভাবমূর্তিসংকটে পড়েছি। এখন আমাদের সবাই মিলে তা উদ্ধারে কাজ করতে হবে।’

ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে।’

পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা আল্লাহ্ মালিক কাজেমি বলেন, ‘কোনো ঋণ খেলাপি হয়ে গেলে সব ব্যাংক মিলে সেই ঋণ ব্যবস্থাপনা করা গেলে ভালো হয়। এটা আগে করতে চেয়েও পারা যায়নি।’