নতুন বছরে বিশ্ব অর্থনীতির গতিময়তা বাড়বে। বৈশ্বিক প্রবৃদ্ধি হার দাঁড়াবে ৩ শতাংশ, যা বিদায়ী ২০১৪ সালে ছিল ২ দশমিক ৬ শতাংশ। গতিময়তা অব্যাহত থাকলে প্রবৃদ্ধির হার আগামী বছর হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।
বিশ্বব্যাংক গতকাল গ্লোবাল ইকোনমিক প্রসপেকটস শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। আর বিশ্ব অর্থনীতির গতি বৃদ্ধির ধারাবাহিকতায় চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ, যা গত অর্থবছর ছিল ৬ দশমিক ১ শতাংশের কম।
এই প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে ২০১৩ সালে যেখানে বাংলাদেশের সামাজিক অস্থিরতা দেখা দিয়েছিল, গত বছর মানে ২০১৪ সালে তা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বেসরকারি খাতের চাহিদা নমনীয় থাকায় সরকারি ব্যয় বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আর কৃষি ও সেবা খাতের কার্যক্রম চাঙা হওয়ায় তা শিল্প খাতের নিম্নগতিকে পুষিয়ে দিয়েছে।
বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের জিডিপিতে শিল্পোৎপাদন খাতের অবদান বাড়ছে। আর তা সম্ভব হয়েছে মানব পুঁজিতে বিনিয়োগ বৃদ্ধিসহ এক দশকের বেশি সময় ধরে রাজস্বসহ বিভিন্ন খাতে সংস্কারমূলক কাজ হাতে নেওয়ায়। যার ফলে বাংলাদেশ বৈশ্বিক জোগান-প্রক্রিয়ার সঙ্গে ভালোভাবে সম্পৃক্ত হতে পারছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির চালিকা হবে অব্যাহত ভালো প্রবাসী-আয় প্রবাহ ও চাঙা হওয়া অভ্যন্তরীণ ভোগ ব্যয়ের মাধ্যমে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলেই ভোগ ব্যয় বাড়বে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর রপ্তানির প্রধান দুটি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলে আমদানি চাহিদা বেড়ে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোতে। এ কথা উল্লেখ করে বিশ্বব্যাংক আরও বলেছে, তৈরি পোশাকশিল্প কারখানার নিরাপত্তা মান ও কর্মপরিবেশ জোরদার করার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি ভালো হবে।
দক্ষিণ এশিয়ার জ্বালানি পরিস্থিতির ওপর আলোকপাত করতে গিয়ে বিশ্বব্যাংক বলেছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ এ অঞ্চলের চাহিদার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন তাল রাখতে পারবে বলে মনে হয় না। ইতিমধ্যে ভারতে কয়লা উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনকে ব্যাহত করছে।
আবার ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয় অর্থায়নকে বাধাগ্রস্ত করছে এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য বলে মনে করে বিশ্বব্যাংক। পাশাপাশি খাদ্য ও জ্বালানি খাতে উচ্চ ভর্তুকি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের রাজস্ব ব্যয় বাড়াচ্ছে। বাংলাদেশ ও ভারতে যেখানে জ্বালানি ভর্তুকি মোট রাজস্ব আয়ের ৬ থেকে ১০ শতাংশ, সেখানে পাকিস্তানে এ হার ৩০ শতাংশ।
এ পরিস্থিতিতে বিশ্বব্যাংক রাজস্ব খাতে সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দিয়ে বলেছে, বাংলাদেশ কর আইন ও প্রশাসন শক্তিশালী করতে সংস্কার কর্মসূচি নিলেও নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন গণবিরোধিতার মুখে প্রলম্বিত হচ্ছে।