বিশ্ব মন্দার পরে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধার খুবই ভঙ্গুর ছিল। তবে এ বছর ২০০৮ সালের মন্দা-পরবর্তী সময়ের চেয়ে সার্বিক বিশ্ব অর্থনৈতিক চিত্র ভালো হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক বুলেটিনে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
আইসিসিবি বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রত্যাশা করে যে বিশ্ব প্রবৃদ্ধি এ বছর ৩.৮ শতাংশে উন্নীত হবে, যা আগের বছরে ছিল ৩.৩ শতাংশ। শিল্পসমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং জাপানও অর্থনৈতিক পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিম্ন সুদের হার এবং অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার সুফল ভোগ করবে ভোক্তারা।
সংস্থাটি আরও বলেছে, তেলের দাম কমে যাওয়ায় রাশিয়ার অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। রাশিয়ার বাজেটে সমতা রাখার জন্য তেলের উচ্চ মূল্য থাকা প্রয়োজন। এ দাম অব্যাহতভাবে কমতে থাকলে দেশটির মন্দা ভয়াবহ আকারে রূপ নেবে। এতে এমনকি রাশিয়ার ভেতরে ও পার্শ্ববর্তী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে তেলের দাম ২০১৪ সালের দ্বিতীয় ভাগ থেকে কমে যাওয়ায় চলতি বছরে সার্বিক এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ গতির সঞ্চার করেছে। যেহেতু এশিয়ার অধিকাংশ অর্থনীতিই তেল-গ্যাসের বড় আমদানিকারক।
এদিকে, এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন এবং জাপান ২০১৫ সালেও প্রতিকূলতা মোকাবিলা করবে। বয়স্ক জনসংখ্যা এবং সরকারের উচ্চ ঋণ স্তরের কারণে জাপানের প্রবৃদ্ধির সম্ভাবনা বছরে ১ শতাংশ কমিয়ে দিয়েছে। ভূমি-আবাসন বাজারে দুর্বলতা ও অর্থনৈতিক ব্যবস্থায় দ্রুত ঋণ বাড়ার কারণে ২০০৯ সাল থেকে চীনেও দেখা যাচ্ছে মাঝারি প্রবৃদ্ধি। ২০১৩ সালে অর্থনৈতিক মন্দা থাকলেও তেলের দাম কমার সুফল ভোগ করবে এখন ভারত। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে মুদ্রাস্ফীতির চাপও কমেছে।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিশ্বের অন্যান্য নেতৃত্বদানকারী মুদ্রার দুর্বলতার কারণ চলতি বছরেও মুদ্রা বা কারেন্সির বিবাদ থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কারেন্সিই দুর্বল হয়েছে। ফলে রপ্তানি প্রতিযোগিতা টিকিয়ে রাখতে অনেক দেশকেই মুদ্রার মান কমাতে বাধ্য হতে পারে। যদি মুদ্রা নিয়ে বিবাদ শুরু হয় তবে কোনো দেশই লাভবান হবে না। বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে এতে। এদিকে শক্তিশালী মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদেরও চাপের মধ্যে ফেলতে পারে, যা আবার অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংকের প্রসারমাণ ঋণনীতির কারণে বিশ্ব মূলধন (ইক্যুইটি) বাজার এ বছর চলমান থাকবে। বিভিন্ন দেশের সরকার বিভিন্ন ধরনের বন্ডের নিম্ন সুদের হার নির্ধারণ করেছে। ফলে কম লাভবান হবে বিনিয়োগকারীরা। আবার প্রবৃদ্ধির হারের নমনীয়তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বিবেচনা করেন যে বিশ্ব অর্থনীতিতে স্বল্প মেয়াদে প্রতিকূলতা থাকলেও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোই বিশ্ব প্রবৃদ্ধির নেতৃত্ব দেবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্ব উৎপাদনশীলতার ভিত্তিকে শক্তিশালী করবে।