আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ও আগামী বছরের জন্য বিশ্ব অর্থনীতিতে যে হারে প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছিল, তা কমিয়েছে।
সংস্থাটি এবারে বিশ্ব অর্থনীতিতে ২০১৫ সালে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে দেওয়া পূর্বাভাস ছিল ৩ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া আগামী ২০১৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমার পরিস্থিতিতে যখন সেটাকে বিভিন্ন মহল থেকে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছিল, তখনই আইএমএফ তার পূর্বাভাস কাটছাঁট করেছে। এ ক্ষেত্রে সংস্থাটি অবশ্য উন্নত ও উদীয়মান অর্থনীতিতে প্রবৃদ্ধি হ্রাস এবং বিশ্বব্যাপী বিনিয়োগ কমাসহ নেতিবাচক দিকগুলোকে বিবেচনায় নিয়ে পূর্বাভাস দিয়েছে। এই সংস্থা মনে করে, ব্যবসা-বাণিজ্যের অবস্থা দুর্বল হয়ে পড়লে পণ্য ও সেবা বিক্রির পরিমাণ কমে যাবে। এতে বিনিয়োগের বিপরীতে মুনাফা কম হবে।
আইএমএফের পূর্বাভাস পুনর্বিবেচনায় ইউরোপের ১৯টি দেশকে নিয়ে গঠিত ইউরো জোন বা অঞ্চলের কথা গুরুত্বের সঙ্গেই ভাবা হয়েছে। সংস্থাটির মতে, ওই অঞ্চলে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া অব্যাহত থাকলেও তা তেমন জোরালো নয়। তাদের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে ইউরো অঞ্চলে ১ দশমিক ২ ও ২০১৬ সালে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে।
ইউরো অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দ্রব্যমূল্য কমে যাওয়ার প্রবণতা ঠেকানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। এ প্রসঙ্গে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ অলিভার ব্ল্যানচার্ড বিবিসিকে বলেন, ওই অঞ্চলে দ্রব্যমূল্য এতটাই কমেছে যে তা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ইউরো অঞ্চলে আবারও ঋণ সংকট দেখা দিতে পারে। কারণ, মূল্য কমে যাওয়াটা ঋণগ্রস্তদের জন্য একটি সমস্যা হয়ে ওঠে।
ইউরো অঞ্চলসহ উন্নত বিশ্বের পাশাপাশি উদীয়মান দেশগুলোর মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীন ২০১০ সাল পর্যন্ত তিন দশক বছরে ১০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করে এলেও এখন প্রবৃদ্ধি হ্রাসের প্রবণতায় রয়েছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে চলতি বছরে ৬ দশমিক ৮ শতাংশ ও ২০১৬ সালে ৬ দশমিক ৩ শতাংশে নামবে।
আইএমএফের মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি কমে এ বছর ৩ দশমিক ৬ শতাংশে ও আগামী বছরে ৩ দশমিক ৩ শতাংশে নামবে। যুক্তরাজ্যে এই হার দাঁড়াবে যথাক্রমে ২ দশমিক ৭ শতাংশ ও ২ দশমিক ৪ শতাংশ।
বড় অর্থনীতিগুলোর মধ্যে রাশিয়ায় পরপর দুই বছর নেতিবাচক প্রবৃদ্ধি হবে। অর্থাৎ দেশটির অর্থনীতি এ বছর ৩ শতাংশ ও আগামী বছর ১ শতাংশ সংকুচিত হবে। সূত্র: বিবিসি