বিশ্ব অর্থনীতিতে হতাশার বছর হবে ২০১৬!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির মন্দা নতুন বছরে আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টিন লাগার্দে তাঁর লেখা এক নিবন্ধে বলেছেন, নতুন বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ‘হতাশাজনক ও অসমান’।
অর্থনীতির এ দুরবস্থার জন্য চারটি বিষয়কে সামনে এনেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে। এগুলো হলো: যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধি, চীনের অর্থনৈতিক গতি মন্দা, বিভিন্ন দেশের ভঙ্গুর ও নাজুক আর্থিক ব্যবস্থাপনা এবং জ্বালানি তেলের অব্যাহত দরপতন। জার্মান গণমাধ্যম হ্যান্ডেলসব্লাট-এ গত বুধবার ক্রিস্টিন লাগার্দের এ নিবন্ধটি প্রকাশিত হয়।
আইএমএফ-প্রধান ওই নিবন্ধে আরও বলেছেন, আগামী বছরে বিভিন্ন দেশের আন্তর্জাতিক বাণিজ্য কমে যাবে। একই সঙ্গে কমে যাবে উৎপাদনে ব্যবহৃত হওয়া বিভিন্ন কাঁচামালের দাম। এতে কাঁচামাল উৎপাদন ও সরবরাহের কাজে যুক্ত থাকা দেশগুলোর সমস্যা আরও বাড়বে।
আইএমএফের গত অক্টোবরের এক পূর্বাভাসে বলা হয়েছিল, ২০১৬ সালে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। তবে প্রাক্কলিত এই প্রবৃদ্ধি অর্জন করা এ বছর কঠিন হবেই বলে মনে করছে আইএমএফ।
যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত সম্ভাব্য এ মন্দার অন্যতম কারণ—সেটি উল্লেখ করেছেন ক্রিস্টিন লাগার্দে।
উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলো সুদের হার বাড়ানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ক্রিস্টিন লাগার্দে। ঋণ নেওয়ার খরচ বৃদ্ধির পাশাপাশি পুরোনো ঋণ শোধ করা ও প্রবাসী-আয়ের ওপর নির্ভরশীল অর্থনীতিগুলোকেও এ কারণে বেগ পেতে হবে বলে উল্লেখ করেন তিনি। উন্নত অর্থনীতির দেশগুলোকেও ফেডের সুদের হার বাড়ানোর এ সিদ্ধান্তে ভুগতে হবে বলে মনে করেন ক্রিস্টিন লাগার্দে।
উল্লেখ্য, নিজস্ব অর্থনীতিকে টেনে ধরতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড বিদায়ী বছরের শেষ নাগাদ এসে সুদের হার বাড়িয়ে দেয়। ফেডের এ সিদ্ধান্ত ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ফেডকে সুদের হার না বাড়াতে পরামর্শ দিয়েছিল আইএমএফ, যদিও তা কানে নেয়নি ফেড। আইএমএফের পরামর্শ না শোনার জন্য ফেডকে কিছুটা খোঁচা দিয়ে লাগার্দে বলেছেন, উচ্চ সুদের হার ও শক্তিশালী ডলার অনেক প্রতিষ্ঠানকে ঋণখেলাপির তালিকায় নিয়ে যাবে। আর এর সামগ্রিক নেতিবাচক প্রভাব পড়বে বিভিন্ন দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায়।
নেতিবাচক এসব ভবিষ্যদ্বাণীর পাশাপাশি সমস্যা সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন আইএমএফ-প্রধান ক্রিস্টিন লাগার্দে। এর জন্য তিনি অর্থনৈতিক সুশাসন ও সংস্কারের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। উন্নত অর্থনীতির দেশগুলোকে প্রসারণমূলক মুদ্রানীতি নেওয়ারও পরামর্শ দেন তিনি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আইএমএফ-প্রধানের এমন ভবিষ্যদ্বাণী নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্বের বড় বড় পুঁজিবাজার সূচক ও জ্বালানি তেলের দামে। বছরের শেষ দিনে এসব সূচক আরও এক দফা কমে গেছে।
ডাও জোনস, এসঅ্যান্ডপি ৫০০, নাসডাকের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার সূচকগুলো গত ২৪ ঘণ্টায় দশমিক শূন্য ৩ থেকে ৪ শতাংশ কমে গেছে। গত এক বছরে মার্কিন এ সূচকগুলো গড়ে কমেছে ৫ শতাংশ। একইভাবে যুক্তরাজ্যভিত্তিক এফটিএসই ১০০ সূচক গত এক দিনে ১ শতাংশ, জার্মানির ড্যাক্স ১ দশমিক ১ শতাংশ কমে গেছে।
জ্বালানি তেলের দামও গতকাল বৃহস্পতিবার আরেক দফা কমেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম গতকাল আরও ২ শতাংশ কমে ৩৬ ডলার ২৩ সেন্টে নেমে এসেছে। তেলের দামের এ পরিস্থিতিতেও উৎপাদন না কমানোর সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন সৌদি আরবের তেলমন্ত্রী আলি আল নাঈমি।