
সব শিল্পপণ্য উৎপাদন ও সরবরাহের জন্য এক নীতি প্রয়োগ করায় বিদ্যমান বাজার ব্যবস্থা কার্যকর হচ্ছে না। আর ক্রেতা স্বার্থও পুরোপুরি রক্ষা করা যাচ্ছে না। প্রভাবশালী বড় প্রতিষ্ঠানগুলোই পুরো বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে উৎপাদন থেকে শুরু করে খুচরা পর্যন্ত পণ্য বা সেবার মূল্য নির্ধারণে নিয়ামক ভূমিকা পালন করছে এসব উৎপাদন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এভাবেই বর্তমান বাজারব্যবস্থা চলছে বলে মনে করছেন এ বছর অর্থনীতিতে নোবেল পাওয়া ফরাসি অর্থনীতিবিদ জঁ তিহল। এই বাজারব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বা জর্জরিত বলে তিনি মনে করেন। এ ধরনের বাজারব্যবস্থা থেকে বের হয়ে আসার উপায়ও বাতলে দিয়েছেন এ অর্থনীতিবিদ। তিনি তাঁর গবেষণায় দেখিয়েছেন, প্রতিটি শিল্পের সমস্যায় ভিন্নতা রয়েছে। তাই এসব সমস্যার সমাধানেও পৃথক নীতি প্রয়োগ করতে হবে। এভাবে পৃথক শিল্পের জন্য পৃথক নীতি প্রয়োগ করা হলে মনোপলি বা অলিগোপলি বাজারব্যবস্থার প্রভাব কমানো সম্ভব।
মনোপলি বা অলিগোপলি বাজারের ওপর তিহলের একাধিক গবেষণা রয়েছে। একটিতে উদাহরণ দিতে গিয়ে তিনি গুগল, অ্যাপল, অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তির বিশ্ববাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গটি এনেছেন। তিনি বলেছেন, এর ফলে অন্য প্রতিষ্ঠান এই বাজারে খুব একটা সুবিধা করতে পারছে না। নতুন করপোরেট পুঁজি এ খাতে বিনিয়োগ হচ্ছে না। এতে প্রযুক্তির বিশ্ববাজারটি আরও বেশি প্রতিযোগিতামূলক হতে পারছে না। বাজারব্যবস্থার জন্য যা সুখকর নয়।
জঁ তিহলের মূল কাজের ক্ষেত্র হলো সামষ্টিক অর্থনীতি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গেম থিওরি ও শিল্পপ্রতিষ্ঠান। মুক্তবাজার অর্থনীতিতে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে তাঁর গবেষণা কাজের ওপর ভিত্তি করেই বিভিন্ন দেশে তৈরি হয়েছে অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা আইন।
জঁ তিহল তিন দশকের বেশি সময় ধরে ‘বাজার ক্ষমতা ও নিয়ন্ত্রণ’ নিয়ে গবেষণা করছেন। তাঁর উদ্ভাবনী ধ্যানধারণার স্বীকৃতিস্বরূপ রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁকে ২০১৪ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার দিয়েছে। গত সোমবার তাঁর নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির বিচারক দল জঁ তিহল সম্পর্কে বলেছেন, তিনি এই সময়ের প্রভাবশালী অর্থনীতিবিদদের একজন। অপরদিকে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলছে, বিভিন্ন বিষয় গবেষণায় তাঁর অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকলেও অলিগোপলি বা মনোপলির মতো বাজারব্যবস্থায় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সম্পর্কে তাঁর কাজ স্মরণীয় হয়ে থাকবে। এই কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
অলিগোপলি হলো এমন একটি বাজারব্যবস্থা যেখানে অল্প কিছু উৎপাদক বা বিক্রেতা সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে। পণ্য বা সেবা—এ দুই খাতেই এ ধরনের বাজারব্যবস্থা দেখা যায়। চরিত্রের দিক থেকে মনোপলি বাজারব্যবস্থার সঙ্গে এর যথেষ্ট মিল আছে। মনোপলি বাজারব্যবস্থায় একজন বিক্রেতা বা উৎপাদক সম্পূর্ণ বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে।
মনোপলি বা অলিগোপলি—দুই ধরনের বাজারব্যবস্থায় প্রভাবশালী বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে জঁ তিহল কাজ করছেন ১৯৮০-এর দশক থেকে। তাঁর গবেষণাপত্রে দুটি প্রশ্নের উত্তর তিনি মূলত খোঁজার চেষ্টা করেছেন। এর একটি হলো, অলিগোপলি করে বিভিন্ন প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে যোগসাজশে বা অলিখিত বোঝাপড়া করলে সরকার কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারে? অপরটি হলো, মনোপলি বাজারের নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কী হতে পারে?
তিহল তাঁর বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ গবেষণায় দেখিয়েছেন যে দাম নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বীদের পারস্পরিক যোগসাজশ এবং উৎপাদনের বিভিন্ন স্তরে বোঝাপড়ার প্রচলিত ব্যবস্থায় বিদ্যমান অলিগোপলি বা মনোপলি বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ বাজার নিয়ন্ত্রণের এসব ব্যবস্থা অনেকটাই অকার্যকর। তাঁরমতে, সব শিল্পের ওপর কার্যকরভাবে প্রয়োগ করা যায় এমন কোনো নীতি বাস্তবে প্রণয়ন করা সম্ভব নয়। প্রতিটি শিল্পের সমস্যা যেহেতু ভিন্ন, তাই নীতিও হতে হবে সেই সমস্যাকেন্দ্রিক। সমস্যার ধরন বুঝে এসব নীতি ব্যবহার করা হলে বহুজাতিক ও প্রভাবশালী করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রভাব থেকে ক্রেতাদের রক্ষা করা সম্ভব বলে মনে করেন তিনি। এসব নীতির মূল কাঠামো কী হবে তা তিনি তাঁর রচিত বিভিন্ন গ্রন্থে ব্যাখ্যা করেছেন। বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডায়নামিক মডেলস অব অলিগোপলি, থিওরি অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস, গেম থিওরি, এ থিওরি অব ইনসেনটিভস ইন রেগুলেশন অ্যান্ড প্রকিউরমেন্ট।
ব্যাংক ও অর্থব্যবস্থার সংস্কার নিয়েও বেশ কয়েকটি গবেষণা করেছেন তিহল। এ ছাড়া সংকট মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার বিষয়েও তাঁর একটি গবেষণা রয়েছে।
জঁ তিহলের নিজের দেশ ফ্রান্সেই তাঁর কাজের প্রায়োগিক ব্যবহার হয়েছে। ২০০৭-০৮-এর বিশ্বমন্দার সময়ে ফ্রান্সের অর্থনীতিও ঝুঁকিতে পড়েছিল। জঁ তিহলের নোবেল পুরস্কার প্রাপ্তির ঘোষণার পরপরই ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিয়ান নয়্যার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাজার ক্ষমতা নিয়ে তিহলের কাজ ফ্রান্সের মন্দা মোকাবিলায় খুব কার্যকর ভূমিকা রেখেছে। তাঁর এ পুরস্কার প্রাপ্তি অর্থনীতিতে ফ্রান্সের অর্থনীতিবিদদের অনবদ্য কাজের স্বীকৃতি।’
ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিহল বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা বেশ দুরূহ একটি কাজ। এ ক্ষেত্রে আমাদের মতো অর্থনীতিবিদদের আরও কাজ করার সুযোগ রয়েছে। জনগণের টাকা নিয়ে ব্যাংকগুলো যেন জুয়া খেলতে না পারে সে জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর হতে হবে।’ তিনি মনে করেন, বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা গুটিকয়েক ব্যাংক নিয়ন্ত্রণ করে যা একচ্ছত্র মনোপলি বা অলিগোপলির চেয়েও বেশি ক্ষতিকর। এ ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও তদারকি আরও শক্তিশালী করতে হবে।
জঁ তিহল ১৯৫৩ সালে ফ্রান্সের থোয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে অর্থনীতিতে ও ১৯৭৮ সালে প্যারিস ডফিন বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে পিএইচডি করেন। তিহল মনে করেন, ফ্রান্সের প্রয়াত অর্থনীতিবিদ জঁ জ্যাক লিফঁ তাঁর কাজের ক্ষেত্রে আদর্শ ও অনুপ্রেরণা।
তিহল পুরস্কার হিসেবে পাচ্ছেন ৮০ লাখ ক্রোনার বা ১১ লাখ ডলার। ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস আগামী ১০ ডিসেম্বর তিহলের হাতে পুরস্কার তুলে দেবে রয়েল সুইডিস একাডেমি।