বিশ্ব বাণিজ্য কেন্দ্রের অর্ধেকই ফাঁকা
চট্টগ্রামের আগ্রাবাদে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) বা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ২১ তলা উঁচু ভবনের অর্ধেকটা এখনো ফাঁকা। ভবনটির অষ্টম ও নবম তলায় বড় অংশজুড়ে চালু হওয়ার কথা ‘ডব্লিউটিসি ক্লাব’। সেখানে টেনিস কোর্টে ধুলার আস্তর পড়ে আছে। সুইমিংপুলের পানিতে ভাসছে ময়লা। ক্লাবের জন্য নির্ধারিত কনভেনশন হল কিংবা বিজনেস সেন্টারও হয়নি। এর ওপরে চার তারকা মানের হোটেলের জন্য নির্ধারিত ভবনটির ১১ থেকে ২১ তলা পর্যন্ত শুধু ভবনের কাঠামো শোভা পাচ্ছে।
চট্টগ্রাম চেম্বারের অর্থায়নে নির্মিত বিশ্ব বাণিজ্য কেন্দ্র ঘুরে গতকাল শনিবার এই চিত্র দেখা গেছে। গত বছরের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার এক বছর এক মাস পর এই কেন্দ্রটি এখনো পূর্ণ রূপ পায়নি। ফলে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ঘিরে ব্যবসায়ীদের যে স্বপ্ন উঁকি দিয়েছিল, তা এখনো অধরা রয়ে গেছে।
এক ছাদের নিচে দেশি-বিদেশি ব্যবসায়ীদের যোগসূত্র তৈরি করতে বিশ্ব বাণিজ্য কেন্দ্র চালু করে চট্টগ্রাম চেম্বার। এই যোগসূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে ডব্লিউটিসি ক্লাব। ক্লাবের সদস্য পদধারী ব্যবসায়ীরা বিশ্বের তিন শতাধিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ক্লাব ব্যবহারের সুযোগ পাবেন। ক্লাবের বিজনেস সেন্টারে বসে সরাসরি ব্যবসায়িক আলাপ-আলোচনা বা সভাও সেরে নেওয়ার সুযোগ রয়েছে। অথবা টেনিস বা বিলিয়ার্ড খেলার ফাঁকেও ব্যবসায়িক আলাপ সেরে নেওয়ার সুযোগ রয়েছে এই ক্লাবে। বিশ্বের সব বিশ্ব বাণিজ্য কেন্দ্রে এই সুযোগ আছে।
তবে চট্টগ্রামে কেন্দ্রটি চালুর এক বছর পরও ক্লাবটি চালু করতে পারেনি চট্টগ্রাম চেম্বার। ভবনটির অষ্টম ও নবম তলাজুড়ে প্রায় ৬২ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ রাখা হয়েছে ক্লাবের জন্য। গতকাল দেখা যায়, সুইমিংপুল ও টেনিস কোর্টের কাজ শেষ হয়েছে। ক্লাব ছাড়াও ভবনটির ১১ থেকে ২১ তলা পর্যন্ত ২৪০ কক্ষের চার তারকা মানের হোটেল ভাড়া দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। সেখানেও শুধু কাঠামো শোভা পাচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, চার তারকা মানের হোটেল চালুর জন্য কয়েকটি আন্তর্জাতিক মানের হোটেলের সঙ্গে আলোচনা চলছে। তবে সমঝোতা না হওয়ায় এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এ বছরের মধ্যে হোটেল ও ক্লাব চালুর চিন্তাভাবনা রয়েছে। এ দুটো চালু হলে ব্যবসায়ীরা আরও বাড়তি সুযোগ-সুবিধা পাবেন।
চট্টগ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাবের সদস্যপদ পাওয়ার জন্য সারা দেশের ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ রয়েছে। চট্টগ্রাম চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের সভাপতি এস এম নুরুল হক বলেন, দেশের মধ্যে চট্টগ্রামে প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপন হওয়া বড় অর্জন। এখন এই কেন্দ্রে ক্লাব, হোটেলসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা চালু হলে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগও বাড়বে। চেম্বারের উচিত হবে, অন্তত পাঁচ সদস্যের একটি কমিটি ঘিরে অগ্রাধিকার ভিত্তিতে এসব বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করার ব্যবস্থা করা।

চেম্বার সূত্র জানায়, চট্টগ্রামে বিশ্ব বাণিজ্য কেন্দ্র চালুর জন্য ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস অ্যাসোসিয়েশন’-এর সদস্যপদ লাভ করে চট্টগ্রাম চেম্বার। এককালীন দুই লাখ মার্কিন ডলার দিয়ে এই সদস্যপদ পায় ১১১ বছরের পুরোনো ব্যবসায়ীদের সংগঠনটি। নির্মাণকাজ শেষে গত নভেম্বরে চেম্বারকে ভবনটি বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কনকর্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন। ভবনটি নির্মাণে চেম্বারের ব্যয় হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা।
কী আছে কী নেই
সরেজমিন ঘুরে দেখা যায়, তিনটি বেজমেন্টসহ ২১ তলা ভবনটির নিচতলায় বড় অংশজুড়ে রয়েছে অস্থায়ী প্রদর্শনী কেন্দ্র। চালু হওয়ার পর এই প্রদর্শনী কেন্দ্রে শুধু একটিই মেলা আয়োজন করেছে চেম্বার। অর্থাৎ ৩৬৫ দিনে মাত্র তিন দিন ব্যবহার হয়েছে এই অস্থায়ী প্রদর্শন কেন্দ্র।
দ্বিতীয় ও তৃতীয় তলায় বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি ব্যাংকের শাখা চালু হয়েছে। শপিং মল ও ফুডকোর্ট এখনো চালু হয়নি। চতুর্থ তলায় চেম্বারের কার্যালয় ও একটি কনভেনশন হল চালু হয়েছে। পঞ্চম তলায় স্থায়ী প্রদর্শনী কেন্দ্র চালু হয়েছে। এই প্রদর্শনী কেন্দ্র ভাড়া নিয়ে কাচঘেরা শোকেসে দেশীয় উদ্যোক্তারা নিজেদের পণ্য সাজিয়ে রেখেছেন। তবে অনেকগুলো শোকেস এখনো খালি।
ষষ্ঠ তলা ভাড়া নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি তাদের কার্যক্রম চালু করেছে। সপ্তম তলার পুরোটাই ভাড়া নিয়েছে এস আলম গ্রুপ। এটি এখনো ফাঁকা। অষ্টম তলা থেকে ২১ তলা পর্যন্ত ভবনটির কাঠামো শোভা পাচ্ছে। ৬ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনের এই ভবনটির প্রায় ৮০ হাজার বর্গফুট জায়গা বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়ার জন্য রাখা হয়েছে। সেখানে এখনো ২০ হাজার বর্গফুট জায়গা ভাড়া হয়নি।