বিশ্বব্যাংকের সমীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে কর্মসংস্থানের সংকট ক্রমেই বাড়ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিস্তারকে বাধাগ্রস্ত করছে বলে মনে করে বিশ্বব্যাংক। তবে এই সমস্যা সমাধানে কোনো জাদুমন্ত্র নেই বলেও উল্লেখ করেছে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ায় জি-২০ জোটভুক্ত দেশগুলোর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রীদের এক বৈঠকে প্রকাশিত এক সমীক্ষায় বিশ্বব্যাংক এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে অতিরিক্ত ৬০ কোটি মানুষের কাজের সংস্থান করতে হবে।
বিশ্বব্যাংকের কর্মসংস্থানবিষয়ক ঊর্ধ্বতন পরিচালক নিজেল টোওস এ বিষয়ে বলেন, ‘কর্মসংস্থানের সংকট যে চলছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই প্রতিবেদন দেখাচ্ছে যে কাজের যথেষ্ট অভাব আছে। বিশেষত গুণগত মানসম্পন্ন কাজের।’
নিজেল আরও বলেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো, মজুরি ও আয়ের বৈষম্য বাড়ছে। আর তা এই জি-২০ দেশগুলোর মধ্যেই। অবশ্য ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।’
বিশ্বব্যাংকের এই সমীক্ষায় বলা হয়েছে, বর্তমানে জি-২০ভুক্ত দেশগুলোয় ১০ কোটির বেশি মানুষ বেকার। আর ৪৪ কোটি ৭০ লাখ মানুষ ‘কর্মজীবী গরিব’ অবস্থায় রয়েছে। এরা দৈনিক দুই ডলারের কম আয় করে থাকে।