বিশ্বসেরা সিইও লার্স সরেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লার্স সরেনসেন,,ও চেম্বারস  ,পাবলো ইসলা জন ফ্রেডরিক বাকসাস ও ফুজিও মিতারাই
লার্স সরেনসেন,,ও চেম্বারস ,পাবলো ইসলা জন ফ্রেডরিক বাকসাস ও ফুজিও মিতারাই

প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) বলা হয় একটি করপোরেট প্রতিষ্ঠানের প্রাণভোমরা। একজন সিইওর দূরদর্শী নেতৃত্বে একটি প্রতিষ্ঠান অল্প সময়ে কোন পর্যায়ে যেতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। করপোরেট দুনিয়ায় তাঁদের গুরুত্বের বিষয়টি তুলে ধরতে প্রতিবছর সেরা ১০০ সিইওর একটি তালিকা প্রকাশ করে হার্ভার্ড বিজনেস রিভিউ (এইচবিআর)। ডেনমার্কের বহুজাতিক ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্কের সিইও লার্স রেবিয়েন সরেনসেন এবার এ তালিকায় সবার ওপরে। 

মার্কিন ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান অ্যামাজনের সিইও জেফ বেজোস গত বছর এ তালিকার শীর্ষে ছিলেন, এ বছর তিনি এ তালিকার ৮৭ নম্বরে রয়েছেন। লার্স সরেনসেন গত বছর এ তালিকার ৬ নম্বরে ছিলেন।

তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, শীর্ষদশ সিইও যেসব প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেন, তার মধ্যে দুটি প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা রয়েছে। একটি হলো নভো নরডিস্ক, অন্যটি নরওয়ের টেলিযোগাযোগ কোম্পানি টেলিনর। টেলিনরের সিইও জন ফ্রেডরিক বাকসাস এ তালিকার সপ্তম স্থানে আছেন।

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো টেলিনর। বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশে ব্যবসা আছে টেলিনরের। তবে চলতি বছরের ১৭ আগস্ট টেলিনরের গ্রুপ সিইও জন ফ্রেডরিক বাকসাসের স্থলাভিষিক্ত হয়েছেন সিগভে ব্রেক্কে।

ডায়াবেটিস রোগের প্রতিষেধক ইনসুলিনের ব্যবসায় বাংলাদেশের বাজারের ৬২ শতাংশ নিয়ন্ত্রণ করে নভো নরডিস্ক। বিশ্বের ১৮০টির বেশি দেশে ব্যবসা আছে ডেনিশ এই কোম্পানির। এসকেএফ বাংলাদেশের সঙ্গে একটি ইনসুলিন তৈরির কারখানা আছে নভো নরডিস্কের।

প্রধান নির্বাহীদের এ ক্রমতালিকা (র‌্যাঙ্কিং) তৈরিতে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থার সঙ্গে এ বছর নতুন একটি বিষয়কে যুক্ত করা হয়েছে। ব্যবসার পাশাপাশি পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) প্রতিষ্ঠায় একটি কোম্পানি কতটুকু দায়িত্বশীল, সেটিকে এবারের সিইও র‌্যাঙ্কিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। র‌্যাঙ্কিং তৈরিতে একটি কোম্পানির আর্থিক অবস্থায় ৮০ শতাংশ আর ইএসজিতে ২০ শতাংশ নম্বর ছিল। এতেই বাজিমাত করেছেন নভো নরডিস্কের সিইও সরেনসেন।

এইচবিআর এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বলেছে, নভো নরডিস্কের উচ্চ ইএসজি রেটিংয়ের কারণে সরেনসেন প্রথম স্থান পেয়েছেন। এই কোম্পানিটি উন্নয়নশীল দেশগুলোতে তাদের ইনসুলিন বিক্রিতে বিশেষ ছাড় দেয়, নীতিনির্ধারণী বিষয়ে স্বচ্ছতার পাশাপাশি রাজনৈতিক তদবির এড়িয়ে চলে এবং গবেষণাকাজে পশু ব্যবহারের বিষয়ে সচেতন থাকে।

১৯৯৫ সালের আগেই কাজে যোগ দিয়েছেন এমন ব্যক্তিরাই শুধু এ র‌্যাঙ্কিংয়ের জন্য বিবেচিত হয়েছেন। তালিকায় স্থান পাওয়া ১০০ সিইওর মধ্যে মাত্র দুজন নারী রয়েছেন। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি আছে ২৬ জনের, গত বছর তা ছিল ২৯ জনের। সিইওদের এ তালিকার একটি বড় অংশ খাদ্যপণ্য, স্বাস্থ্য ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

এ তালিকায় যুক্তরাষ্ট্রের ৪২টি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নয়টি, জার্মানির আটটি, কানাডার পাঁচটি কোম্পানি আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক তিনটি কোম্পানির সিইও শীর্ষদশে স্থান পেয়েছেন। শীর্ষদশে স্থান পাওয়া এশিয়ার একমাত্র প্রতিনিধি হলেন জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের সিইও ফুজিও মিতারাই। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তথ্যপ্রযুক্তি কোম্পানি সিসকো সিস্টেমসের সিইও জন চেম্বারস। তৃতীয় স্থানে আছেন ইনডিটেকসের সিইও পাবলো ইসলা। আরও আছেন জার্মানির মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সম্প্রতি পদত্যাগ করা সিইও মার্টিন উইন্টারকর্ন।

বিশ্বসেরা সিইও নির্বাচিত হয়ে লার্স সরেনসেন এইচবিআরকে বলেন, ‘ডায়াবেটিস রোগ থেকে যদি বিশ্ব মুক্তি পায় এবং এর ফলে যদি আমাদের ব্যবসা শেষ হয়ে যায়, তাতে আমি নিজেকে গর্বিত মনে করব। সামাজিকভাবে দায়িত্বশীল একটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে এর চেয়ে ভালো কোনো অর্জন আর হতে পারে না।’