বিশ্বসেরা ১০০ গবেষণা সংস্থার তালিকায় বিআইডিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা ১০০ থিঙ্ক-ট্যাঙ্ক বা গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠান বা বিআইডিএস। ২০১৪ সালের হিসাবে বিশ্বের প্রায় আট হাজার গবেষণাধর্মী প্রতিষ্ঠানের মধ্যে বিআইডিএসের অবস্থান ৯৭তম। ২০১৩ সালেও বিশ্বের প্রায় সাত হাজার প্রতিষ্ঠানের মধ্যে একই অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক অ্যান্ড সিভিল সোসাইটিজ প্রোগ্রাম বা টিটিসিএসপির করা গ্লোবাল গো টু থিঙ্ক-ট্যাঙ্ক ইনডেক্স বা সূচকে বাংলাদেশি প্রতিষ্ঠানের এ অবস্থান তুলে ধরা হয়েছে।
বৈশ্বিক এ সূচকের বিভিন্ন দিক তুলে ধরে গতকাল বৃহস্পতিবার নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বিআইডিএস কর্তৃপক্ষ। এ জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরি, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এম এ সাত্তার মণ্ডল, বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী সাহাবুদ্দিন।
এ সময় বিআইডিএসের পক্ষ থেকে জানানো হয়, সূচকটিতে বাংলাদেশের ৩৫টি গবেষণা সংস্থা বা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে একমাত্র বিআইডিএস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান শীর্ষ ১০০-র মধ্যে জায়গা পায়নি।
সূচকের নানা মাপকাঠি অনুযায়ী, বৈশ্বিক অবস্থানের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যকার অবস্থানও পৃথকভাবে নির্ণয় করা হয়। তাতে বিআইডিএস ১৭তম অবস্থানে রয়েছে। ২০১২ ও ২০১৩ সালে বিআইডিএস ১৫তম অবস্থানে ছিল।
বিআইডিএসের মহাপরিচালক জানান, সরকারি সহায়তাপুষ্ট থিঙ্ক-ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর শ্রেণিতে বিআইডিএস সারা বিশ্বে ৩৩তম অবস্থানে রয়েছে। আর শীর্ষ আন্তর্জাতিক উন্নয়ন থিঙ্ক-ট্যাঙ্ক হিসেবে এ সূচকে বিআইডিএসের অবস্থান ২৪তম। এ সময় তিনি আরও বলেন, গবেষণার পাশাপাশি গবেষণার তথ্য-উপাত্তগুলোকে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়াও এখন গবেষকদের দায়িত্ব।
অনুষ্ঠানে শামসুল আলম বলেন, থিঙ্ক-ট্যাঙ্ক নিয়ে নানা সমালোচনা থাকলেও রাষ্ট্র ও সমাজে তাদের প্রয়োজন রয়েছে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ ছাড়া আপামর জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ থাকে না। তাই তাদের হয়ে থিঙ্ক-ট্যাঙ্করা নানা বিষয়ে কথা বলে। তাই থিঙ্ক-ট্যাঙ্ক নিয়ে যতই সমালোচনা থাকুক না কেন সমাজে বা রাষ্ট্রে থিঙ্ক-ট্যাঙ্ক বা চিন্তক মানুষের চিন্তার বিকাশের সুযোগ দিতে হবে। এমনকি থিঙ্ক-ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো যেন নানা গবেষণাকর্মের মাধ্যমে রাষ্ট্রের নীতি প্রণয়নে সহায়তা করতে পারে, সে জন্য এসব প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বিশেষ তহবিলের ব্যবস্থা করা যেতে পারে বলে মত দেন শামসুল আলম।
সাবেক পরিকল্পনা সচিব এম এ সাত্তার মণ্ডল বলেন, বিআইডিএসের এ অর্জনের ফলে অনেক তরুণ গবেষণায় উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি গবেষণার পরিধি বাড়াতে সম্পদ আহরণের ক্ষেত্রেও এ অর্জন সহায়ক ভূমিকা রাখবে।
বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী সাহাবুদ্দিন বলেন, সরকারের নীতিনির্ধারক ও থিঙ্ক-ট্যাঙ্কারদের মধ্যে একটি দূরত্ব রয়েছে। এ দূরত্ব যত কমিয়ে আনা যাবে, ততই নীতিনির্ধারণী পর্যায়ে থিঙ্ক-ট্যাঙ্কারদের ভূমিকা বাড়বে।