বিশ্বায়নের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় প্রধান নির্বাহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অর্থনৈতিক অগ্রগতি ও সম্পদবৈষম্য কমিয়ে আনতে বিশ্বায়ন ইতিবাচক ভূমিকা রাখে—গত কয়েক দশকে বিশ্বজুড়ে এমন একটি ধারণাই প্রতিষ্ঠিত হয়েছে। ধীরে হলেও এমন ধারণায় এখন পরিবর্তন আসতে শুরু করেছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) এখন বিশ্বায়নের সুফল নিয়ে আগের মতো ইতিবাচক নন। সংখ্যাগরিষ্ঠ সিইও মনে করেন, ধনী-গরিবের বৈষম্য কমাতে বিশ্বায়ন কার্যত কোনো ভূমিকা রাখেনি।
বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) প্রকাশিত সিইওদের চোখে বিশ্ব অর্থনীতি শীর্ষক এক গবেষণা জরিপে বিশ্বায়নের বিষয়ে এমন নেতিবাচক ধারণা পাওয়া গেছে। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর সিইওদের মতামতের ভিত্তিতে পিডব্লিউসি এ প্রতিবেদন প্রকাশ করে আসছে। এ বছরের প্রতিবেদনে ৭৯টি দেশের ১ হাজার ৩৭৯ জন সিইওর মতামত নেওয়া হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ সিইও জানিয়েছেন, বিশ্বজুড়ে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনতে বিশ্বায়ন কার্যত কোনো ভূমিকা রাখেনি। এর বিপরীতে মাত্র ১৩ শতাংশ সিইও মনে করেন, বিশ্বায়ন বৈষম্য কমাতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ক্ষতি কমিয়ে আনতেও বিশ্বায়ন কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে সিইওরা মনে করেন। জরিপে অংশগ্রহণকারী মাত্র ১৫ শতাংশ সিইও জানিয়েছেন, বিশ্বায়ন জলবায়ুর প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখছে।
পিডব্লিউসির গ্লোবাল চেয়ারম্যান বব মরটিজ এ বিষয়ে বলেন, বিশ্বায়নের সুফল ও সামর্থ্য নিয়ে এত দিন সিইওরা খুবই ইতিবাচক ছিলেন। তবে এবার তাঁদের এ বিষয়ে খুব একটা ইতিবাচক মনে হয়নি।
কোন দেশে বিনিয়োগ করা করপোরেট প্রতিষ্ঠানের জন্য বেশি লাভজনক, এমন প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি ৪৩ শতাংশ সিইও যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। বিনিয়োগের জন্য দ্বিতীয় আকর্ষণীয় দেশ হিসেবে চীনের কথা বলেছেন ৩৩ শতাংশ সিইও। এ ছাড়া ১৭ শতাংশ সিইও জার্মানিতে, ১৫ শতাংশ যুক্তরাজ্যে আর ৮ শতাংশ জাপানে বিনিয়োগ করাকে তাঁদের প্রতিষ্ঠানের জন্য বেশি লাভজনক বলেছেন। সিইওদের বিনিয়োগ পছন্দের তালিকায় শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো ভারত, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।