বিশ্বে এখন ৫০০ কোটি লোক মুঠোফোন ব্যবহার করেন। এই সংখ্যা বিশ্বের মোট ৭৫০ কোটি জনসংখ্যার ৬৭ শতাংশ। একক ব্যবহারকারীর হিসাবে সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ।
একজন ব্যক্তির একাধিক সিম কার্ড থাকলেও একক ব্যবহারকারী হিসাব করতে জিএসএমএ একটি সিম কার্ডকেই বিবেচনায় নেয়। এই পদ্ধতিতে হিসাব করেই জিএসএমএ বিশ্বে একক মুঠোফোন ব্যবহারকারীর এই সংখ্যা নির্ধারণ করে। একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রথম ১০০ কোটিতে পৌঁছায় ২০০৩ সালে। এরপর মাত্র ১৪ বছরে এই সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেল। এই সংখ্যা ৪০০ কোটির মাইলফলকে পৌঁছায় ২০১৩ সালে। এর আগে ২০১০ সালে ৩০০ কোটি আর ২০০৭ সালে এই সংখ্যা ২০০ কোটি হয়েছিল।
জিএসএমএর হিসাবে এখন সক্রিয় মুঠোফোন সংযোগ বা সিম কার্ডের সংখ্যা ৮১৩ কোটি। এটি বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। অর্থাৎ মানুষের চেয়ে বিশ্বে এখন সিম কার্ডের সংখ্যা বেশি। ইংরেজিতে একে বলা হয় ‘সিম মার্কেট পেনিট্রেশন’।
বাংলাদেশে মোট জনসংখ্যার ৫৩ শতাংশ বা সাড়ে ৮ কোটি মানুষ মুঠোফোনের একক ব্যবহারকারী। আর সক্রিয় সিম কার্ডের সংখ্যা এখন ১৩ কোটি। অর্থাৎ বাংলাদেশে মোট জনসংখ্যার তুলনায় সক্রিয় কার্ডের সংখ্যা তিন কোটি কম। যদিও সরকারি পরিসংখ্যানে সক্রিয় সিমের হিসাবকেই দেশে মুঠোফোন ব্যবহারকারী হিসাবে দেখানো হয়।
একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে ইউরোপ মহাদেশ। ইউরোপের মোট জনসংখ্যার ৮৬ শতাংশের কাছেই মুঠোফোন আছে। মোট জনসংখ্যার অনুপাতে পিছিয়ে থাকলেও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এই অঞ্চলে ২৭৬ কোটি লোকের হাতে মুঠোফোন রয়েছে, যা এখানকার মোট জনসংখ্যার ৫৫ শতাংশ। মুঠোফোন ব্যবহারে সবচেয়ে পিছিয়ে আছে সাব-সাহারান আফ্রিকা অঞ্চল। এখানে মোট জনসংখ্যার ৪৪ শতাংশ মুঠোফোন ব্যবহার করেন। একক দেশ হিসেবে চীন ও ভারতের মতো বৃহৎ জনগোষ্ঠীর দেশের কারণে এশিয়া-প্যাসিফিক এখন বিশ্বের সবচেয়ে বড় মুঠোফোন বাজার। আগামী এক দশকে মুঠোফোনের বাজার হিসেবে এশিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করে জিএসএমএ।
বিশ্বে একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি ছাড়ানোর বিষয়ে জিএসএমএর মহাপরিচালক ম্যাটস গ্র্যানরিড বলেন, মাত্র কয়েক দশক পুরোনো একটি শিল্পের জন্য এটি একটি বড় অর্জন। মুঠোফোন-শিল্প আজ বিশ্বজুড়ে মানুষের আর্থসামাজিক অবস্থান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।