বেপরোয়া আশাবাদের ২০২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুরন্ত আশা’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘মর্মে যবে মত্ত আশা/সর্পসম ফোঁসে,/অদৃষ্টের বন্ধনেতে/দাপিয়া বৃথা রোষে,/তখনো ভালোমানুষ সেজে/বাঁধানো হুঁকা যতনে মেজে/মলিন তাস সজোরে ভেঁজে/খেলিতে হবে কষে!/অন্নপায়ী বঙ্গবাসী/স্তন্যপায়ী জীব/জন-দশেকে জটলা করি/তক্তপোশে ব’সে।’

২০১৯ সালের অর্থনীতি যে পর্যায়ে আছে, তাতে তক্তপোশে বসে এভাবে তাস খেলে যাওয়াটা সহজ নয়। কারণ, অর্থনীতি চাপে। আর অর্থনীতির নানা সূচকের বড়সড় চাপ নিয়েই যেতে হচ্ছে নতুন আরেকটি বছরে। ২০২০ সালে অর্থনীতির সেই সব চাপ মোকাবিলা করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কেননা, শেষ পর্যন্ত এই চাপ পড়বে সাধারণ ভোক্তা আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপরে।

তবে অর্থনীতি যে পর্যায়ে আছে, তাতে ছোটখাটো সংশোধন বা উদ্যোগ পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবে না। এ জন্য প্রয়োজন হবে বড় ধরনের সংস্কার, কঠিন কিছু সিদ্ধান্ত, পরিকল্পিত কিছু পদক্ষেপ। চুপচাপ বসে না থেকে অর্থনীতি নিয়ে এ রকম কিছু প্রত্যাশা করা যাক। অনেকে হয়তো একে বলবেন বেপরোয়া আশাবাদ বা আকাঙ্ক্ষা। জনপ্রিয় ম্যাগাজিন ফরচুন নতুন বছর নিয়ে এ ধরনের কিছু আশাবাদ প্রকাশ করে। দুরন্ত আশা কবিতাটিতেই রবীন্দ্রনাথ যেমন বলেছেন, ‘ইহার চেয়ে হতেম যদি/আরব বেদুয়িন!/চরণতলে বিশাল মরু/দিগন্তে বিলীন।’

রপ্তানি আয় বাড়বে
চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসটি ভালো ছিল। এরপর থেকে প্রতি মাসে রপ্তানি আয় আগের চেয়ে কমেছে। এখন পর্যন্ত রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি। আশাবাদ হচ্ছে, রপ্তানি আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে। আর এই আশাবাদ এ কারণেই বেপরোয়া যে কাজটা খুব সহজ নয়। কারণ, বাংলাদেশ সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটি নিতে পারেনি।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরু হলে রপ্তানি বাজারে টিকে থাকতে চীন দ্রুত তাদের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন করে। এরপর আন্তর্জাতিক বাণিজ্যে সক্রিয় বাকি দেশগুলোও একই পথ নিলে শুরু হয়ে যায় মুদ্রাযুদ্ধ। বাংলাদেশ তখনো কৃত্রিমভাবে টাকার মান ধরে রাখে। পরে বাংলাদেশ ব্যাংক অল্প অল্প করে টাকার অবমূল্যায়ন শুরু করলেও তত দিনে রপ্তানি আয়ে মন্দা দশা শুরু হয়ে গেছে।

সুদহার কমবে, ব্যাংকও ঠিক থাকবে
বিদ্যমান পরিস্থিতিতে এটি খুবই দুরাশার বিষয়। কারণ, দুটি বিষয়ই এখন আর অর্থনীতি মেনে চলে না। ব্যাংক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে এখন প্রভাবশালী একটি ব্যবসায়ী গ্রুপ নিচ্ছে, তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের রিপোর্টেই বলেছে। এ রকমই এক সিদ্ধান্ত হচ্ছে ঋণের সুদহার হবে ৯ শতাংশ এবং আমানতে ৬ শতাংশ। যদিও গত দেড় বছরেও তা কার্যকর করা যায়নি। বরং ‘নয়-ছয়’ করতে গিয়ে ব্যাংক খাতের অবস্থাই খারাপ হয়েছে। আর এর প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে।

বছরের শেষে এসে আবার সেই সিদ্ধান্ত নেওয়া হলো। এমনকি আগের মতো এবারও সিদ্ধান্ত নেওয়া হলো ব্যাংকমালিকদের গুলশান কার্যালয়ে বসে। বলা হলো, এবার ব্যাংকগুলোকে মানতেই হবে। হুকুম দিয়ে সুদহার নির্ধারণের এই পদ্ধতি বিরল। শিল্পায়নের জন্য অবশ্যই সুদহার কমানো দরকার। কিন্তু কী কী কারণে সুদহার বেশি হয়, তা বিশ্লেষণ করে তবেই সুদহার নিয়ে পরিকল্পনা করা সম্ভব। তা না করে কেবল আদেশ জারি করে সুদহার কমানো এবং একই সঙ্গে ব্যাংকের স্বাস্থ্য ঠিক রাখতে হলে অলৌকিক কিছু করতে হবে।

বাড়বে রাজস্ব আয়
চরম দুরবস্থা রাজস্ব আয়ে। তবে এ জন্য কেবল ভ্যাট আইন নিয়ে প্রস্তুতির অভাবকে দায়ী করা যাবে না। রপ্তানি আয় কম হলে, বিনিয়োগ স্থবির থাকলে এবং আমদানি ব্যয় কমে গেলে এর প্রভাব পড়ে সামগ্রিক রাজস্ব আদায়ে। অর্থনীতির গতি যে শ্লথ হয়ে পড়েছে, তার প্রমাণ রাজস্ব আদায়ে বড় ঘাটতি। নতুন বছরে ব্যবসা পরিচালনার ব্যয় অনেক কমবে, বেসরকারি খাত নতুন নতুন শিল্পে বিনিয়োগ করবে, এক অঙ্কে সুদহার নামিয়ে এনেও ব্যাংক বেশি হারে মুনাফা করে বেশি বেশি আয়কর প্রদান করবে, রবি-গ্রামীণফোন পাওনা নিয়ে সরকারের সঙ্গে বিরোধের মধ্যেও বড় অঙ্কের রাজস্ব দেবে, কর ফাঁকি না দিয়ে বড় বড় ব্যবসায়ীরা আয়কর ঠিকঠাক দেবেন এবং টাকা পাচার হবে না। এত কিছু যদি একসঙ্গে ঘটে, তবেই তো রাজস্ব বাড়বে।

কমবে জীবনযাত্রার ব্যয়
২০১৯–এর শেষ সময়ে এসে ভোজ্যতেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। এর আগে ঘটল পেঁয়াজ নিয়ে নানা কাণ্ড। চালের দরও ছিল বাড়তি। সব মিলিয়ে মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে। নতুন বছরের জন্য বিশ্ববাজার নিয়ে প্রাক্কলন কিন্তু খুব ভালো নয়। অনেক পণ্যেরই দাম বাড়বে। এই অবস্থায় নতুন বছরে দেশের মানুষের জীবনযাপনের ব্যয় বাড়বে বলেই আশঙ্কা। অথচ বেপরোয়া আশাবাদ হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। অবশ্যই এই আশাটা যথেষ্ট পরিমাণে বেপরোয়া।

সাহস করে কিন্তু শেয়ারবাজার ভালো হবে—এ নিয়েও আশাবাদ জানানো যায়। এপ্রিল নাগাদ নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠন সম্ভব হলে এই আশাবাদ হয়তো অনেকটাই মিটবে।