বেশি বিপাকে পড়বে ২০টি পাটসুতা কল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বাংলাদেশি পাটপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করলে বেশি বিপাকে পড়বে দেশের প্রায় ২০টি পাটসুতা উৎপাদনকারী মিল। এসব মিল রপ্তানির ক্ষেত্রে ভারতের ওপর সবচেয়ে নির্ভরশীল। মিলগুলোর মালিকেরা বলছেন, ভারত সুপারিশকৃত হারে বাড়তি শুল্ক বসালে তাঁদের পাটপণ্যের যে দাম দাঁড়াবে, তা ভারতের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।
দেশে এখন সক্রিয় পাটসুতা মিলের সংখ্যা ৬৯। এর মধ্যে ৫৮টি বড় মিলের ২০১৫-১৬ অর্থবছরের রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১৮টি মিলের ভারতে রপ্তানি নেই বললেই চলে। ২০টি মিলের মোট রপ্তানি আয়ের ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আয় আসে ভারত থেকে। ৪০ থেকে শতভাগ ভারতের ওপর নির্ভরশীল ২০টি মিলের মধ্যে ৬টি তাদের মোট রপ্তানির ৯০ শতাংশের বেশি পণ্য ভারতে পাঠায়। ফলে তাদের দুশ্চিন্তা সবচেয়ে বেশি।
২০১৫-১৬ অর্থবছরের রপ্তানি আয়ের ওপর ভিত্তি করে এ হিসাব তৈরি করেছে পাটসুতা উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।
স্বাভাবিক দামের চেয়ে কম দামে রপ্তানির অভিযোগে বাংলাদেশি পাটপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারতের সংশ্লিষ্ট সংস্থা ডিরেক্টর জেনারেল অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি)। সংস্থাটির সুপারিশে বাংলাদেশি পাটসুতাতে টনপ্রতি ৯৭ থেকে ১৬২ ডলার, চটে ৩৫২ ডলার ও বস্তায় ১২৫ থেকে ১৩৯ ডলার শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ভারতের অর্থ মন্ত্রণালয় এখন শুল্ক আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শতভাগ ভারতের ওপর নির্ভরশীল পাটকলগুলোর মধ্যে একটি ফরিদপুরের প্রাইড জুট মিল। ২০১৫-১৬ অর্থবছরে মিলটি ভারতে ৩ হাজার ৭০০ টন পাটসুতা রপ্তানি করেছে। এ মিলের পাটসুতার ওপর টনপ্রতি ১০৪ ডলার শুল্ক আরোপের সুপারিশ করেছে ডিজিএডি।
জানতে চাইলে প্রাইড জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মৃধা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারতে রপ্তানি না করা গেলে এ মিল টিকিয়ে রাখা কঠিন হবে। আর টনপ্রতি ১০৪ ডলার শুল্ক দিয়ে ভারতে রপ্তানিও কঠিন। তিনি বলেন, ‘ভারত সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তা আমরা জানার অপেক্ষায় আছি। শুল্ক আরোপ করলে ভারতের বাজার ভারসাম্য হারাবে। পণ্যের দাম বেড়ে যাবে।’
২০১৫-১৬ অর্থবছরে সিডলো টেক্সটাইলস ভারতে প্রায় ১২ হাজার ৮০০ টন পাটসুতা রপ্তানি করেছে। যার মধ্যে ১১ হাজার ৫০০ টন রপ্তানি হয়েছে ভারতে। এ মিলের মোট রপ্তানি ৯০ শতাংশই ভারতে গেছে। আফিল জুট উইভিং মিল বিগত অর্থবছরে ৫ হাজার ১৮২ টন পাটসুতা রপ্তানি করেছে, যার ৯৬ শতাংশ গেছে ভারতে।
এ ছাড়া আলিনা জুট মিলের রপ্তানি আয়ের ৯৯ শতাংশ, জেম জুটের ৬৬ শতাংশ, লক্ষ্মণ জুট মিলের ১০০ শতাংশ, পপুলার জুট মিলের ৬৮ শতাংশ, বিএস জুট স্পিনার্সের ৪৯ শতাংশ ও পারটেক্স জুট মিলের ৪৬ শতাংশ আসে ভারত থেকে।
জানতে চাইলে বিএস জুটের ব্যবস্থাপনা পরিচালক মো. জহরুল হক প্রথম আলোকে বলেন, ইরানে রপ্তানি কমে যাওয়ার পর তিনি ভারতমুখী হয়েছিলেন। এখন ভারত শুল্ক বসালে সেখানে রপ্তানি কঠিন হবে। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্র।’
বছর খানেক তদন্ত শেষে গত ২০ অক্টোবর ভারতের সংস্থা ডিজিএডি অ্যান্টি-ডাম্পিং বিষয়ে ফাইনাল ডিটারমিনেশন (বিস্তারিত যুক্তিসহ চূড়ান্ত প্রতিবেদন) জারি করে। নিয়ম অনুযায়ী, এটি জারির তিন মাসের মধ্যে শুল্ক আরোপের কথা। তবে ভারতে যাতে শুল্ক আরোপ না করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে গত ২৫ অক্টোবর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে চিঠি দিয়েছে বিজেএসএ।
চিঠিতে সমিতির সভাপতি আহমদ হোসেন বলেন, ভারত বাংলাদেশি পাটসুতার দ্বিতীয় প্রধান বাজার। দেশটিতে পাটসুতা রপ্তানির পরিমাণ বছরে ১ লাখ ৪০ হাজার টন। অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের ফলে দেশের পাটপণ্য রপ্তানি খাতে ধস নামবে। তিনি বলেন, ‘আমরা মনে করি, দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই শুল্ক আরোপের বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে।’