
ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্য আগের বছরের চেয়ে কমিয়ে ধরেছে বাংলাদেশ ব্যাংক। এরপরও আর্থিক খাতের নিয়ন্ত্রক এই সংস্থা বলছে, মুদ্রানীতির ভঙ্গি কর্মসংস্থান-সহায়ক ও প্রবৃদ্ধিমুখী, যা দিয়ে সরকারের লক্ষ্য অনুযায়ী মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
এ জন্য কৃষি, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কম সুদে সহজ ঋণের জোগান অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া নতুন উদ্যোক্তাদের ‘স্টার্টআপ’ প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোগ নিতে আগ্রহ দেখিয়েছেন গভর্নর। তবে মুদ্রানীতিতে রেপো ও রিভার্স রেপোর নীতি সুদ হারে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। এ সময় তিনি মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য দুটি সম্ভাব্য ঝুঁকির কথাও তুলে ধরেন। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদ হারের কারণে বন্ড বাজারের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, যাতে মুদ্রানীতি বাস্তবায়নে সমস্যা হচ্ছে। এ জন্য বাজার সুদ হারের সঙ্গে সঞ্চয়পত্রের সুদ হার সমন্বয়ের আবশ্যকতা তুলে ধরেছেন তিনি। এ ছাড়া প্রবাসী আয় কমে যাওয়াকে অন্যতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতের প্রশ্নে গভর্নর বলেছেন, অনিয়ম হওয়ার পর ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, এরপর নতুন করে কোনো অনিয়ম হয়নি। বড় ঋণের পরিবর্তে ছোট ঋণের দিকে নজর দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বলা হচ্ছে। এতে ঋণ অপব্যবহারের সুযোগ কমে আসবে।
এ ছাড়া ঋণ পুনর্গঠনের সুবিধা নিয়ে যারা খেলাপি হয়ে গেছে, তাদের আরও সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব দেননি গভর্নর। এ সময় আবারও প্রশ্ন করলে তিনি বলেন, ‘সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে আইনজীবীর মতো জেরায় আমি আগ্রহী না।’ নিয়ম অনুযায়ী পুনর্গঠনের সুবিধা নেওয়ার পর খেলাপি হয়ে গেলে দেউলিয়া আদালতে মামলা করতে হয়।
ঘোষিত মুদ্রানীতিতে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের লক্ষ্য ধরা হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ এবং জুন পর্যন্ত ১৬ দশমিক ৩ শতাংশ। গত মে পর্যন্ত অর্জিত হয়েছে ১৬ শতাংশ। আগের মুদ্রানীতিতে ১০০ টাকা ঋণ বিতরণ হলে আগামী ডিসেম্বর পর্যন্ত নতুন করে আরও ১১৬ টাকা ২০ পয়সা বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। আগের মুদ্রানীতিতে এই লক্ষ্য ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া আগামী জুন পর্যন্ত সরকারি খাতের ঋণের প্রাক্কলন করা হয়েছে ১২ দশমিক ১ শতাংশ এবং ডিসেম্বর পর্যন্ত ৩ দশমিক ৮ শতাংশ। মুদ্রানীতির প্রতিবেদন অনুযায়ী, গত মে পর্যন্ত সরকারি ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছে। ফলে গত মে পর্যন্ত অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত ১৪ দশমিক ৪ শতাংশ এবং জুন পর্যন্ত ১৫ দশমিক ৮ শতাংশ ঋণ বিতরণের লক্ষ্য ধরা হয়েছে।
এ বিষয়ে গভর্নর বলেন, বেসরকারি ঋণ প্রবৃদ্ধি গতিশীল রেখেও অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। এর মূল কারণ হচ্ছে ব্যাংক থেকে সরকারের ঋণ না বেড়ে বরং কমে যাওয়া। সঞ্চয়পত্র বেশি বিক্রি হওয়ায় সরকারের ব্যাংকঋণ নেওয়া কমে যায়। এ কারণে ব্যাংকব্যবস্থা থেকে বেসরকারি খাতের ঋণ নেওয়ার সুযোগ আরও বেড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ বলেন, ঋণের প্রবৃদ্ধি আসলে কমিয়ে ধরা হয়নি। যা অর্জিত হয়েছে, তার চেয়ে বেশি ধরা হয়েছে।
গভর্নর বলেন, নতুন অর্থবছরে ব্যাপক মুদ্রার প্রাক্কলন করা হয়েছে ১৩ দশমিক ৯ শতাংশ এবং রিজার্ভ মানির প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ শতাংশ। ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ সুষ্ঠু করার জন্য চলতি অর্থবছর থেকে রিজার্ভ মুদ্রা প্রবৃদ্ধি পয়েন্ট টু পয়েন্টের পরিবর্তে গড় বার্ষিক লক্ষ্যমাত্রা অনুসরণ করবে।
আমানতের সুদ হার কমিয়ে ব্যাংকগুলো সুদ হারে পার্থক্য ৫ শতাংশ ধরে রেখেছে উল্লেখ করে গভর্নর বলেন, আমানতের সুদ হার অত্যধিক সংকোচন ব্যাংকে সঞ্চয়ের প্রবণতা অবাঞ্ছনীয়ভাবে নিরুৎসাহিত করছে। এ জন্য পরিচালন ব্যয় ও খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ব্যাংকগুলোকে চাপ দেওয়া হচ্ছে।
মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী, পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান প্রমুখ।