বেসরকারি বিনিয়োগে 'শোচনীয়' দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কে​েন্দ্র বিআইডিএস আয়োজিত বাংলাদেশ উন্নয়ন সম্মেলনের দ্বিতীয় দিনের একটি অধিবেশনে অতিথিরা l প্রথম আলো
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কে​েন্দ্র বিআইডিএস আয়োজিত বাংলাদেশ উন্নয়ন সম্মেলনের দ্বিতীয় দিনের একটি অধিবেশনে অতিথিরা l প্রথম আলো

বেসরকারি বিনিয়োগের অবস্থা ‘শোচনীয়’ বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী ১০ বছরে অবকাঠামো নির্মাণে প্রতিবছর গড়ে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ লাগবে। এর জন্য বিপুল পরিমাণ ব্যক্তি খাতের বিনিয়োগ দরকার। ব্যক্তি খাতের বিনিয়োগে ঝুঁকি কমানোর সুপারিশ করেন তিনি।
গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত দুই দিনব্যাপী উন্নয়ন সম্মেলনে ‘অবকাঠামো ঘাটতি পূরণে অর্থায়ন’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইডিএসের এ সম্মেলন হয়।
অধিবেশনে বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ উপস্থাপিত মূল প্রবন্ধে অবকাঠামো ঘাটতি পূরণে অর্থায়নের জন্য ছয়টি উৎস উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে সার্বভৌম বন্ড; আন্তর্জাতিক বাজার থেকে সিন্ডিকেট ঋণ; দ্বিপক্ষীয় ভিত্তিতে ঋণ নেওয়া; প্রবাসী বন্ড; বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন বন্ড ও ব্রিকস ব্যাংক।

আলোচনা: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে চাই। তাই আমাদের ওপর বড় বড় অবকাঠামো তৈরির দায়িত্ব পড়েছে। তা না হলে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়ব।’

সাশ্রয়ীভাবে অবকাঠামো তৈরি করার ওপর গুরুত্ব দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বব্যাংকের দশমিক ৭৫ শতাংশ সুদের ঋণ না নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হচ্ছে। রিজার্ভ থেকে যে অর্থ দিচ্ছে, তা ৯ থেকে ১২ শতাংশ সুদে ঋণ নিচ্ছে সরকার। তাহলে বিশ্বব্যাংকের অর্থায়নে করা হলে যানবাহন চলাচলে যে টোল নেওয়া হতো, এখন তার চেয়ে কত বেশি নেওয়া হলে এ বিনিয়োগ কার্যকর হবে?

৮-১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১-২ বিলিয়ন ডলারের বড় প্রকল্পের মতো আগ্রাসী বিনিয়োগ দরকার বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) অকার্যকারিতার উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি তিন বছর আগে হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা একটি কাঠামোগত সমস্যা হয়ে আছে।

সরকারি প্রকল্পের দৈন্যদশা সম্পর্কে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতিত্ব আবদুল মাতলুব আহমাদ বলেন, কোনো প্রকল্পে ১০০ টাকার কাজ পেলে ঠিকাদারকে ৮০ টাকা আগেই দিতে হয়। তাহলে ভবন নির্মাণে ‘বাঁশ’ ছাড়া আর কী ব্যবহার করবে ঠিকাদার? তিনি এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এরপর অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বক্তারা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিতে হবে। এ অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, সম্পদের ঘাটতির কারণে সব সমস্যার সমাধান একসঙ্গে করা যাবে না। সম্পদ আহরণ ও নীতি সহায়তার দিকে বেশি জোর দিতে হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত প্রবৃদ্ধি ত্বরান্বিত করে দারিদ্র্য কমানো এবং আয়বৈষম্য হ্রাস করা।

এমসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য নিহাদ কবির বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলছি। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছি না। রাজনীতিবিদদের ভাষা এখন গঠনমূলক নয়, সংঘাতমূলক।’

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ১৫-২০ বছর আগেও আমরা দুর্নীতি, অবকাঠামো ঘাটতি, দক্ষ মানবসম্পদের অভাবের কথা বলেছি, এখনো একই সমস্যার কথা বলছি। তাহলে ৬-সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি হলো কীভাবে?

এ অধিবেশনে আরও বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, বাংলাদেশ ব্যাংক গভর্নরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ ও বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর।