বৈষম্য সন্ত্রাস উসকে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দেশের মানুষের আয় ও সুযোগের বৈষম্য সন্ত্রাসকে উসকে দেয়। এ অঞ্চলের সন্ত্রাসপ্রবণ এলাকাগুলোতে বেকারত্বের হার অনেক বেশি, যা তরুণদের সন্ত্রাসবাদে যোগ দিতে উৎসাহিত করছে। এ জন্য বৈষম্য কমাতে নজর দিতে হবে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ালে বৈষম্য দ্রুত হারে কমে।
নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের ‘দক্ষিণ এশিয়ায় বৈষম্য হ্রাসকরণ’ শীর্ষক এক অধিবেশনে অর্থনীতিবিদ ও গবেষকেরা এসব কথা বলেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনের এ সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে।
বৈষম্য দূর করা নিয়ে অধিবেশনে সভাপতি ছিলেন সাবেক অর্থমন্ত্রী ও সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামান। এতে বক্তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা, বৈষম্য দূর করার উপায়, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেন, দক্ষিণ এশিয়ার বৈষম্যের চিত্র এখনো ততটা বেশি নয়। এটা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে তারপর কমতে শুরু করবে। তিনি বলেন, ‘তাহলে আমরা কী করতে পারি? আমরা সুযোগে সমতা আনতে কাজ করতে পারি। আমরা শিক্ষা, সামাজিক রূপান্তর, প্রগতিশীল করনীতি—এসব দিকে নজর দিতে পারি।’
বিশ্বব্যাংকের আয়বৈষম্য পরিমাপের সূচক (গিনি ইনডেক্স) অনুযায়ী, এ অঞ্চলে কম বৈষম্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান আফগানিস্তান ও পাকিস্তানের পরে। ভারত ও অন্য দেশগুলো বাংলাদেশের পেছনে।
দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক সিমরিত কৌর বলেন, অর্থনৈতিক উন্নতির প্রথম দিকে প্রবৃদ্ধি বাড়লে বৈষম্য বৃদ্ধি পায়। কিন্তু পরবর্তী সময়ে বৈষম্য কমাতে না পারলে প্রবৃদ্ধি বাড়ানো যায় না।
বৈষম্যের সঙ্গে সন্ত্রাসের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরেন পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের (এসডিপিআই) পরিচালনা পর্ষদের সদস্য এম এ জব্বার। তিনি বলেন, তাঁর দেশের অনেক সমাজবিজ্ঞানী মনে করেন যে পাকিস্তানের বৈষম্য সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে। পাকিস্তানের সন্ত্রাসবাদপ্রবণ সীমান্ত এলাকাগুলোতে বেকারত্বের হার অনেক বেশি।
অনুষ্ঠানে ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কার (আইপিএস) গবেষণা ফেলো গঙ্গা তিলকারত্নে বলেন, শ্রীলঙ্কা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করতে পেরেছে। তবে এসব সেবার ক্ষেত্রে শহর ও গ্রামে মানগত পার্থক্য রয়ে গেছে।
তাঁর বক্তব্যের সূত্র ধরে এম সাইদুজ্জামান বলেন, তিনি অর্থমন্ত্রী থাকার সময় রাষ্ট্রপতিকে (সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ) নানাভাবে বুঝিয়ে শিক্ষার বাজেট বরাদ্দ প্রতিরক্ষার চেয়ে বেশি রাখা হয়েছিল। এখন নানা কায়দা করে শিক্ষার বরাদ্দ প্রতিরক্ষার চেয়ে বাড়তি দেখানো হচ্ছে।
এ অধিবেশনে আফগানিস্তানের সিল্ক রোড ইনোভেশন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াসে হাকিকি বক্তব্য দেন।
এর আগে দক্ষিণ এশিয়ার উন্নয়নে অর্থায়ন নিয়ে একটি অধিবেশন হয়। এতে আলোচনার সারমর্ম তুলে ধরে এ অধিবেশনের সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাড়তি সম্পদ জোগাড় করতে হবে। অবশ্য এ ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। তিনি বলেন, আলোচনায় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার তাগিদ এসেছে। এ ক্ষেত্রে সুশাসন ও অবকাঠামো উন্নয়ন দরকার।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, একটি দেশ কতটুকু এগিয়ে যাবে, তা নির্ভর করে দেশটি কতটা সম্পদ জড়ো করতে পারল, তার ওপর।
এ অধিবেশনে ভারতের আবুল কামাল আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, অর্থনীতিবিদ সেলিম রায়হান, ভারতের গবেষণা সংস্থা আরআইএসের গবেষণা সহকারী প্রিয়দর্শী দাস, পাকিস্তানের এসডিপিআইয়ের জ্যেষ্ঠ গবেষণা সহকারী সাদিয়া রাজ্জাক বক্তব্য দেন।