বোতলজাত পানির কাছে কোমল পানীয়র পরাজয়!

কোমল পানীয়র চেয়ে মানুষ এখন বোতলজাত খাওয়ার পানির পেছনে বেশি অর্থ ব্যয় করছে। চলতি বছরে প্রথমবারের মতো বোতলজাত পানির বিক্রি কার্বনজাত কোমল পানীয়র বিক্রিকে ছাড়াবে বলে জানিয়েছে বহুজাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘কানাডিয়ান’।
কানাডিয়ানের গবেষণায় বলা হয়েছে, ২০১৫ সালে বোতলজাত পানির বিক্রি দাঁড়াবে ২৩ হাজার ৮০০ কোটি লিটার, এর বিপরীতে কার্বনেটেড কোমল পানীয়র বিক্রি ২২ হাজার ৭০০ কোটি লিটার। পাঁচ বছর আগে বোতলজাত পানির বিক্রির পরিমাণ ছিল ১৭ হাজার কোটি লিটার, আর কার্বনজাত পানির বিক্রির পরিমাণ ছিল ২১ হাজার ৫০০ কোটি লিটার। ২০০৮ সালের পর থেকে বিশ্বব্যাপী বোতলজাত পানির বিক্রিতে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ, এর বিপরীতে কার্বনেটেড পানীয়র বিক্রি বেড়েছে মাত্র ১ দশমিক ৩ শতাংশ।
সব মিলিয়ে বোতলজাত পানিই এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয়। এমন তথ্য দিয়ে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বোতলজাত পানির এই চাহিদার কারণে নেসলে, পেপসি, কোকা-কোলা, ডানোনের মতো বিশ্বখ্যাত বহুজাতিক পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বোতলজাত পানির বাজার ধরার প্রতিযোগিতায় নেমেছে।
চাহিদা ও বিক্রি বাড়ায় ভারত ও চীনের মতো এশিয়ার দেশগুলোই মূলত বোতলজাত পানির শীর্ষ অবস্থানে দখল করতে যাচ্ছে। এশিয়ার দেশগুলোতে সরকারিভাবে বিশুদ্ধ পানির সরবরাহ চাহিদার চেয়ে কম হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলো বোতলজাত পানির প্রতি আগ্রহী হচ্ছে বলে গবেষণায় বলা হয়েছে। কানাডিয়ান বলছে, গত পাঁচ বছরে চীনে বোতলজাত পানির ব্যবহার দ্বিগুণ হয়েছে। ২০১০ সালে চীনে এ পানি বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৭০০ কোটি লিটার, বর্তমানে তা ৩ হাজার ৩০০ কোটি লিটারে দাঁড়িয়েছে।
এশিয়ার বাইরে উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বোতলজাত পানির বিক্রি বেশি বলে উঠে এসেছে কানাডিয়ানের গবেষণায়। বলা হচ্ছে, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে পানির বিক্রি যে হারে বাড়বে, সে তুলনায় যুক্তরাষ্ট্র ছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেনে বিক্রি অনেকটা একই জায়গায় আটকে থাকবে।
গবেষণার প্রাক্কলন অনুযায়ী, ২০২০ সালে শুধু ভারত ও চীনেই বিশ্বের মোট উৎপাদিত বোতলজাত পানির প্রায় অর্ধেক বিক্রি হবে। এর কারণ হিসেবে কানাডিয়ান বলছে, গরমের তীব্রতা ও বিশুদ্ধ পানির সংকটের কারণে বোতলজাত পানির ব্যবহার এশিয়ায় সবচেয়ে বেশি হবে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এশিয়া মহাদেশে বাস করার কারণেও বোতলজাত পানির ব্যবসায় নেতৃত্ব দেবে এ অঞ্চল। এ জন্য ফ্রান্সের ডানোন, সুইজারল্যান্ডের নেসলে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোকা-কোলা ও পেপসির মতো বহুজাতিক কোম্পানিগুলো এশিয়ার বাজার ধরতে গুরুত্ব দিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরে কার্বনজাত পানীয়র বিক্রির পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। এ জন্য কোকা-কোলা পানির ব্যবসায় বেশি মনোযোগ দিচ্ছে।
কানাডিয়ানের গবেষক ফিওনা বেইলি বলেন, বোতলজাত পানির বিক্রি ও ব্যবসা যে গতিতে বাড়ছে, তাতে এর বিক্রি যে সব পানীয়কে ছাড়াবে এতে কোনো সন্দেহ নেই। কার্বনজাত পানির ব্যবসাকে ইতিমধ্যে বোতলজাত পানি এশিয়া ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে ছাড়িয়ে গেছে। চলতি বছর পূর্ব ইউরোপের দেশগুলোতেও তার পুনরাবৃত্তি হতে যাচ্ছে।