ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এখন প্রধান উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল রোববার আয়োজিত দারিদ্র্য নিরসন ও বৈষম্য রোধ-বিষয়ক জাতীয় সংলাপে অতিথিরা l প্রথম আলো
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল রোববার আয়োজিত দারিদ্র্য নিরসন ও বৈষম্য রোধ-বিষয়ক জাতীয় সংলাপে অতিথিরা l প্রথম আলো

দেশে আয়বৈষম্য বাড়ছে। বাড়ছে সম্পদবৈষম্যও। আবার দারিদ্র্যের হার কমছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার অর্জনেও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে শুধু জিডিপির প্রবৃদ্ধির রথে চড়েই দারিদ্র্য নিরসন অসম্ভব।
এসব কথা তুলে ধরে দারিদ্র্য নিরসন অসম্ভবের কারণও ব্যাখ্যা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) আয়োজিত দারিদ্র্য নিরসন ও বৈষম্য রোধ-বিষয়ক জাতীয় সংলাপে বিনায়ক সেন বলেন, গত দু-তিন বছরে নাগরিক ও বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা। যখন জাতীয়ভাবে দেশে কোনো স্বাস্থ্যবিমা নেই।
প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিভিন্ন ধরনের আইন করেও সরকার দুর্নীতি দমনে খুব একটা এগোতে পারেনি। অনলাইন পদ্ধতি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি সরকারের সব বিভাগকে যার যার জায়গা থেকে যতটা সম্ভব কাজের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি চালু করার আহ্বান জানান।
সংলাপে ‘দারিদ্র্য, বৈষম্য ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি): কিছু জরুরি বিষয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিনায়ক সেন। ‘বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেট ও অন্যান্য নীতি-কাঠামোর ভূমিকা’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংস্থা অক্সফামের কর্মসূচি পরিচালক এম বি আখতার।
বিনায়ক সেনের প্রবন্ধে ২০১০-২১ সময়ের জন্য জিডিপি প্রবৃদ্ধির হারের সঙ্গে জাতীয় দারিদ্র্য হার ও চরম দারিদ্র্য কমার দুটি চিত্র তুলে ধরা হয়। বলা হয়, ২০২১ সালে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হলে দারিদ্র্যের হার বর্তমানের ২২ থেকে নেমে আসবে ১৫ শতাংশে আর চরম দারিদ্র্যের হার বর্তমানের ১২ থেকে নেমে আসবে ৭ শতাংশে। ওই সময় প্রবৃদ্ধির হার ৮ শতাংশ অর্জন করা গেলে দারিদ্র্য ১৪ ও চরম দারিদ্র্যের হার ৬ শতাংশে নেমে আসবে।
১ ডলারের ওপরে কিন্তু ২ ডলারের নিচে আয় করা ৩৯ শতাংশ লোক এখনো দেশে রয়ে গেছে বলে তথ্য দেন বিনায়ক সেন।
অর্থমন্ত্রী চুরি ঠেকানো ও অপচয় রোধে অনলাইন কার্যক্রমের প্রতি জোর দেন এবং আয়করদাতা সরকারের চলতি মেয়াদের মধ্যে ১২ লাখ থেকে ২০ লাখে উন্নীত করার লক্ষ্যের কথা জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২৪-২৫ শতাংশ দরিদ্রের জন্য উদ্ধার প্রকল্প জরুরি বলে মনে করেন। খাদ্য অধিকার আইন এবং ইন্টারনেট প্রাপ্তির অধিকার আইন প্রণয়নের তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১ কোটি টাকা কর দিতে পারেন এমন ৩০ হাজার করদাতা চিহ্নিত করতে হবে।
নির্ধারিত আলোচক সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী কারিগরি শিক্ষার প্রসারে জোর দেন। তিনি বলেন, ‘যে যে দলই করি না কেন, জঙ্গিবাদকে আমাদের “না” বলতে হবে।’
আরেক নির্ধারিত আলোচক একাত্তর টিভির প্রধান নির্বাহী সামিয়া জামান বলেন, ‘বলা হচ্ছে শিশুদের যথা শিক্ষা দিতে হবে এবং পরিবারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু শিশু কি শুধুই মায়ের? সে তো সমাজের, রাষ্ট্রেরও।’ সবাইকে যথাদায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সরকারের চিন্তার সঙ্গে মিল থাকায় বিনায়ক সেনকে অভিবাদন জানান অর্থসচিব মাহবুব আহমেদ।
বাজেট বাস্তবায়নে ফাঁক রয়েছে জানিয়ে সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেন বলেন, জুন মাসে টাকা তুলে রাখা হয়, কাজ করা হয় না। সামাজিক নিরাপত্তায় দুর্নীতি ও অপচয় হয়।
বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, বেহেশতে যাওয়ার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে প্রভাবিত করা হচ্ছে। একজন মা বলেছেন, পাউরুটির মধ্যে মাখন না মাখিয়ে দিলে যে ছেলে খেতে পারত না, সে জঙ্গি হয়ে যাচ্ছে।
এ ছাড়া বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিরোধীদলীয় হুইপ ফখরুল ইমাম প্রমুখ।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিপিজির মহাসচিব শিশির শীল।