
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে দীর্ঘদিন নিজের অবস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মার্কিন নাগরিক বিল গেটস। গেটস ছাড়াও মার্কিন সাময়িকী ফোর্বস-এর শীর্ষ ১০ ধনীর তালিকার ৮ জনই মার্কিন নাগরিক। নাগরিকদের হাতে থাকা সম্পদ এবং বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে তাই নিজের অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকাভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথের সম্প্রতি প্রকাশিত ‘ডব্লিউ ১০: বিশ্বের শীর্ষ ১০ সম্পদশালী দেশ’ শীর্ষক একটি ক্রমতালিকায় (র্যাঙ্কিং) এক নম্বর স্থানে আছে দেশটি।
একটি দেশে বসবাসকারী সব নাগরিকের মালিকানায় থাকা মোট সম্পদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। নগদ অর্থের পাশাপাশি স্থাবর-অস্থাবর সম্পত্তি, বিনিয়োগ, ব্যবসার লভ্যাংশ—এ সবকিছুই র্যাঙ্কিং তৈরিতে বিবেচনা করা হয়েছে।
তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ৪৮ হাজার ৭০০ বিলিয়ন ডলার বা ৪৮ লাখ ৭০ হাজার কোটি ডলার। এ হিসাবে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই অন্য কোনো দেশ। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ৩০০ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় তিন গুণ কম। র্যাঙ্কিংয়ে তৃতীয় জাপানের নাগরিকদের মোট সম্পদ ১৫ হাজার ২০০ বিলিয়ন ডলার।
তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে থাকা অন্য দেশগুলো হলো জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, ইতালি, কানাডা ও অস্ট্রেলিয়া। ৭ নম্বরে থাকা ভারতের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার। এর আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারত ১০ নম্বরে ছিল। তখন ভারতের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ছিল ৩ হাজার ৪৯২ বিলিয়ন ডলার।
সম্পদশালী দেশের তালিকা তৈরির পাশাপাশি মাথাপিছু গড় সম্পদ (পার ক্যাপিটা ওয়েলথ) শীর্ষ ১০ দেশের আলাদা র্যাঙ্কিং করেছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ। মাথাপিছু গড় সম্পদের হিসেবে বিশ্বে বর্তমানে সবচেয়ে ধনী দেশ মোনাকো। দেশটির একজন নাগরিকের মাথাপিছু গড় সম্পদের আর্থিক মূল্য ১৫ লাখ ২৫ হাজার ডলার। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে লিচেনস্টাইন ও সুইজারল্যান্ড। লিচেনস্টাইনের একজন নাগরিকের পার ক্যাপিটা ওয়েলথ ৬ লাখ ২০ হাজার ডলার আর সুইজারল্যান্ডে তা ২ লাখ ৮৫ হাজার ডলার।
মোনাকো ও লিচেনস্টাইনের মানুষের হাতে এত বেশি সম্পদ থাকার পেছনে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রথমটি হলো বিভিন্ন দেশ থেকে পাচার হওয়া অর্থের নিরাপদ আশ্রয় মেলে দুটি দেশে। দ্বিতীয় কারণটি হলো দেশ দুটির কম জনসংখ্যা। মোনাকোর আরেকটি বড় সুবিধা হলো, এখানে বসবাসকারী নাগরিকদের কোনো ধরনের আয়কর দিতে হয় না। কর না দেওয়ার সুবিধার কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা মোনাকোকে বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন।
মাথাপিছু সম্পদের হিসাবে আফ্রিকা মহাদেশের শীর্ষ তিনটি দেশ হলো যথাক্রমে মরিশাস, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। এ মহাদেশে গত ১৫ বছরে অ্যাঙ্গোলা ও ঘানার মানুষের সম্পদ বেড়েছে সবচেয়ে বেশি।