
সিলেট প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। এখানকার অনেক তরুণ এখনো মনে করেন, কিছু করা মানে বিদেশ যাওয়া। এ অবস্থায় ছোট ছোট ব্যবসায়ী উদ্যোগ নিয়ে তরুণ উদ্যোক্তাদের তৎপরতা বিদেশমুখী প্রবণতা কাটছিল। কিন্তু টানা অবরোধ, হরতালে সিলেটের তরুণ উদ্যোক্তারা বলছেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবস্থার কোনো পরিবর্তন না হলে তরুণ উদ্যোক্তাদের কেউ কেউ সবকিছু গুটিয়ে বিদেশমুখী হওয়ার কথাও জানিয়েছেন। সমস্যা রাজনৈতিক হওয়ায় উত্তরণ রাজনৈতিকভাবে হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।
সিলেট নগরের লামাবাজারে পোশাকের দোকান ষড়ঋতুর মালিক নাজমা পারভিন। তাঁর এ ব্যবসা মূলত পর্যটকনির্ভর। কিন্তু হরতাল-অবরোধের কারণে পর্যটক কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া স্থানীয় যেসব ক্রেতা নিয়মিত কেনাকাটা করেন, তাঁদের চাহিদা পোশাকে বৈচিত্র্য অর্থাৎ আজ যে বস্ত্র দোকানে আছে, তারা তা কাল দেখতে চান না। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগ্রহ এবং সরবরাহ শূন্যের কোটায়। এ কারণে স্থানীয় ক্রেতারা কেনাকাটায় আগ্রহ হারিয়ে ফেলেছেন। পাশাপাশি রয়েছে আতঙ্ক।
নাজমা পারভিন বলেন, ‘আমরা সব সময় অাতঙ্কে থাকি, কখন কী হয়! সামগ্রিক অর্থেই প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এ শিল্প। বেড়ে যাচ্ছে দেনার দায়। দীর্ঘমেয়ািদ প্রতিক্রিয়া হিসেবে অনেকেই কেবল প্রাতিষ্ঠানিকভাবেই নয়, ব্যক্তিগতভাবে ঋণখেলািপ, এমনকি দেউলিয়া হয়ে যাবে। উদ্যোগী হয়ে, উদ্যমী হয়ে নিজের পায়ে দাঁড়নোর চেষ্টা করতে উৎসাহ হারিয়ে ফেলবে। যা সরাসরি আঘাত হানবে ব্যক্তিমানসে, সমাজ এবং রাষ্ট্রব্যবস্থায়।’
তথ্যপ্রযুক্তি পণ্য উদ্যোক্তা ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী। তাঁর মতে, তথ্যপ্রযুক্তির পণ্যসামগ্রী সাধারণত বিনোদনমূলক। সামাজিক স্থিতিশীলতার মধ্য দিয়ে এ ব্যবসার প্রসার ঘটে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘২০১৩ সালে সিলেটে আমরা কম্পিউটার মেলা করেছিলাম, এ মেলার মধ্য দিয়ে ব্যবসার প্রসার ঘটেছিল। সেই থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রতিবছর শীতকালে অন্তত একটি করে মেলা করার। পরের বছর শীতকালে রাজনৈতিক পরিস্থিতির কারণে মেলা করা সম্ভব হয়নি। ভেবেছিলাম এবার করব। কিন্তু এবারকার অবস্থা অতীতের সব অবস্থাকে যেন ছাড়িয়ে গেছে। মেলা না করায় প্রচার-প্রসার হচ্ছে না, ব্যবসা গোটানোর দশা।’
তথ্য-প্রযুক্তি ব্যবসায় সিলেটে মূলত তরুণেরাই করছেন। তাঁদের বেশির ভাগেরই প্রবাসী আত্মীয়স্বজন আছেন। তাই তাঁরা ব্যবসাপাতি গুটিয়ে প্রবাসী হওয়ার চিন্তা করছেন বলে জানালেন এনামুল কুদ্দুছ। তাঁর মতে, সমস্যা আর জিইয়ে না রেখে প্রধান দুই দলের উচিত দ্রুত আলোচনায় বসে স্থিতিশীল পরিবেশ ফেরানো।
আরও পড়ুন