‘ব্যবসাক্ষেত্রে ১০ লাখ তরুণকে দক্ষ করবে ইউনিলিভার’

ব্যবসায় ভবিষ্যৎ নেতা তৈরির লক্ষ্যে ২০১০ সাল থেকে বিজমায়েস্ত্রোজ প্রতিযোগিতার আয়োজন করছে ইউনিলিভার বাংলাদেশ। এবারের প্রতিযোগিতাটি গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতার নানা দিক নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডা। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ।

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডাছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন:

প্রথম আলো: ইউনিলিভার বাংলাদেশের বিজমায়েস্ত্রোজ প্রতিযোগিতা ১২ বছরে পড়ল। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কীভাবে উপকৃত হতে পারে?

সাকশী হান্ডা: এটি ইউনিলিভার বাংলাদেশের অন্যতম বড় কর্মসূচি। এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা দেশের ব্যবসায়-বাণিজ্যের সমসাময়িক সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান। বিভিন্ন ধাপে প্রতিযোগিতা এগিয়ে যায়। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুর বিশেষত্ব হলো কোভিড পরিস্থিতিতে ব্যবসায় চ্যালেঞ্জসমূহ। যেমন করোনার নতুন স্বাভাবিক পরিবেশে ভোক্তাদের প্রেক্ষাপটে কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা নির্ণয় করা। এমন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ইউনিলিভার কীভাবে তার ব্যবসা প্রসার করবে? এ ছাড়া কোভিড পরিস্থিতিতে ইউনিলিভারের ত্বক পরিচর্যাসামগ্রীর বাজার উন্নয়নের কৌশল কী হতে পারে? এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্দান্ত আইডিয়া নিয়ে আসছেন। ইউনিলিভারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায় কৌশল বা আইডিয়াগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ পাচ্ছেন তাঁরা। এর ফলে প্রতিযোগীরা সরাসরি করপোরেট জগতের মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পারছেন। অংশগ্রহণকারীরা ব্যবসায়িক পরিস্থিতি, করপোরেট জগৎসহ দেশের চাকরির বাজার সম্পর্কে একটি সম্যক ধারণা পাচ্ছেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীরা এমনভাবে গড়ে ওঠেন, যেন তাঁরা সঠিকভাবে ব্যবসায়ের প্রকৃত তথ্য-উপাত্ত ও পরিস্থিতি দ্রুত বুঝতে সক্ষম হন।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশের তরুণদের সার্বিক উন্নয়নে বিজমায়েস্ত্রোজ কী ধরনের অবদান রাখছে?

সাকশী হান্ডা: এ প্রতিযোগিতা গতানুগতিক প্রতিযোগিতা নয়; এটি ব্যবসার ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে কাজ করছে। ব্যবসাকে বুঝতে সহায়তা করা এবং এর চ্যালেঞ্জ চিহ্নিত করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। এভাবেই কারা ভবিষ্যতে ব্যবসায় নেতৃত্ব দেবে, তা খুঁজে বের করা হচ্ছে। প্রথম ধাপে ৩০টি দল উত্তীর্ণ হয়। পরের ধাপে ছয়টি দল। শেষ ধাপে শীর্ষ দুটি দলের মধ্যে গ্রান্ড ফিনালে হবে। প্রতিবছরের চ্যাম্পিয়ন দল লন্ডনে অনুষ্ঠিত ফিউচার লিডারস লিগে অংশ নেয়। সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়েছে।

বাংলাদেশের অপার ব্যবসায় সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তি তৈরি করতে চায় ইউনিলিভার বাংলাদেশ। বিজমায়েস্ত্রোজসহ বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ তরুণকে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে। বিজমায়েস্ত্রোজ ছাড়াও এ দেশের শিক্ষিত তরুণদের সঙ্গে ইউনিলিভার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যবসায় সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। গত এক বছরে এমন ২৪টি কর্ম অধিবেশন হয়েছে, যাতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশের ফেসবুক পেজের অনুসরণকারী প্রায় ১৯ লাখ। ইউনিলিভার এখন সারা বিশ্বেই তরুণদের ব্যবসায়িক উদ্ভাবন ও কাজ শেখার জন্য একটি সর্বোত্তম প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশের মেধাবী তরুণেরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য কি প্রস্তুত? নিজেদের সেভাবে গড়ে তুলতে তাঁদের প্রতি আপনার পরামর্শ কী?

সাকশী হান্ডা: বাংলাদেশের মেধাবীরা অবশ্যই আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম। এর প্রমাণ ইউনিলিভারেই আছে। বিশ্বের বিভিন্ন দেশে ইউনিলিভারে ১২ জন বাংলাদেশি উচ্চ পদে কাজ করছেন। আমি মনে করি, পারফরম্যান্সই একজন মেধাবীকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাবে। এ দেশের মেধাবীরা বেশ সাহসী। আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ আসবেই। আমি ভারত থেকে বাংলাদেশে কাজ করতে এসেছি। আমি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার চ্যালেঞ্জ নিয়েছি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে। এ দেশের তরুণ মেধাবীরা অন্য দেশের মেধাবীদের তুলনায় পিছিয়ে নেই।

প্রশ্ন:

প্রথম আলো: বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বহুজাতিক কোম্পানির সুযোগ কতটুকু আছে?

সাকশী হান্ডা: অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ এখন উন্নয়নশীল পর্যায়ে আছে। বেশির ভাগ বহুজাতিক কোম্পানি বাংলাদেশের বিশাল বাজারকে বেশ গুরুত্ব দেয়। ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি বেশি। এর মানে হলো বাংলাদেশের মানুষের আয় বাড়ছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী পণ্য পছন্দ করে কেনার আয়সক্ষমতা তৈরি হচ্ছে তাদের। এ দেশের মানুষ স্বাস্থ্য ও জীবনাচরণ নিয়ে সচেতন হচ্ছে। তাই ভোক্তাদের সামনে বহুজাতিক কোম্পানিগুলোও পণ্যের সমাহার বাড়ানোর সুযোগ বাড়ছে।