ব্যবসায় সাফল্য চাইলে নেতাকে ছাত্র হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত নেতৃত্ব সম্মেলনে বক্তব্য দেন হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব মেহতা
ঢাকার একটি হোটেলে গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত নেতৃত্ব সম্মেলনে বক্তব্য দেন হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব মেহতা

ব্যবসা-বাণিজ্যে সফল হতে হলে নেতা বা প্রতিষ্ঠানের প্রধানকে ছাত্র হতে হবে বলে মনে করেন হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জীব মেহতা।
প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে সঞ্জীব মেহতা বলেন, ‘আপনার শেখার আগ্রহ থাকতে হবে, আপনাকে ছাত্র হতে হবে এবং অন্যদের কথা আপনাকে শুনতে হবে। তবেই আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারবেন এবং প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে পারবেন।’
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘এআইইউবি নেতৃত্ব সম্মেলন ২০১৬’-এ এমন অভিমত তুলে ধরেন সঞ্জীব মেহতা।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বেক্সিমকোর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) চতুর্থবারের মতো এই সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের স্লোগান ‘সম্ভাবনার বাস্তবায়ন’।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের জার্নাল মাইন্ড ইয়োর মার্কেটিং-এর মোড়ক উন্মোচন করা হয়।
সঞ্জীব মেহতা বলেন, বাংলাদেশের অর্থনীতি যে এগোচ্ছে—বিশ্বব্যাপীই এখন আলোচিত বিষয়। তৈরি পোশাক খাতেও বাংলাদেশ এখন উল্লেখযোগ্য নাম। অথচ ব্র্যান্ডিং নিয়ে কথা উঠলে এখনো সুন্দরবনসহ বাংলাদেশের পুরোনো বিষয়গুলো সামনে আনা হয়।
সঞ্জীব মেহতা বলেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য চাহিদা বাড়বে ৩০ শতাংশ। এই সময়ের মধ্যে পানি এবং জ্বালানি চাহিদাও বাড়বে। নতুন নতুন চাহিদা মেটাতে তৈরি হবে উদ্ভাবনের নতুন সুযোগ। সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।
বিজনেস স্কুল আইএনএসইএডি এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইনের করপোরেট ইনোভেশন-বিষয়ক অধ্যাপক অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগকে গুরুত্ব দিতে হবে, কারও সাফল্যকে স্বীকৃতি দিতে হবে ও প্রচার করতে হবে, কর্মীদের অবদানকে আমলে নিতে হবে এবং দর্শনটা হতে হবে এ রকম যে ‘উই আর লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান সার্ভিং ফর লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’।
উদ্ভাবনের উদাহরণ দিতে গিয়ে অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, ২০০৬ সালে বাজারে নতুন একটি ওয়াশিং মেশিন আনে এলজি। ১ হাজার ৬০০ ডলারের এই পণ্যটি তখন যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বেই জনপ্রিয় হয়। দেখা যায়, ওই বছর এলজির পুরো ব্যবসার ৩০ শতাংশ আসে একটি পণ্য থেকেই।
সামষ্টিক ব্যবসা; শিল্প, বিপণন ও ভোক্তা; প্রতিষ্ঠান; দল (টিম); নিজ—এই পাঁচের মধ্যে একজন নেতা বা প্রতিষ্ঠানপ্রধানকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কিসে—বক্তব্যে এই প্রশ্ন তোলেন লিডিং ভেনচারস, বিভি আমস্টারডামের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী টম কামিংস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠান ও দলের ব্যাপারে তিনি বেশি মনোযোগী হবেন।
ইসলামিক ফ্যাশন অ্যান্ড ডিজাইন কাউন্সিলের (আইএফডিসি) প্রতিষ্ঠাতা ও চেয়ার উইমেন আলিয়া খান নেতৃত্বের সাফল্যের জন্য লক্ষ্য ঠিক করার পরামর্শ দেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন বিবিএফের এমডি শরীফুল ইসলাম, এআইইউবির উপাচার্য চার্মেন জেড লামাগনা, সেন্টার ফর ট্যালেন্ট ইনোভেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হিউলেট কনসাল্টিং পার্টনার্স নিউইয়র্কের ব্যবস্থাপনা অংশীদার রিপা রশিদ, রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর মুনাওয়ার মিসবাহ মঈন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার ও এসিআইয়ের এমডি আরিফ দৌলা।