ব্যবসায়ীদের খরচ বাড়ানো শুল্ক কর্মকর্তাদের কাজ নয়
শুল্ক বিভাগের অটোমেশনের বিকল্প নেই। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম চেম্বার পাঁচ কোটি টাকা খরচ করে বন্দরে অটোমেশন করেছিল। ২০১৩ সাল পর্যন্ত তা ভালোভাবে চলেছিল। ওই অটোমেশনের আগে একটি পণ্যের চালান বন্দরে পৌঁছালে কাগজপত্র জমা ও সই নিয়ে ৩৯ ধাপ সম্পন্ন করার পর পণ্য খালাস করতে হতো। অটোমেশনের পর তা ১৪ ধাপে নেমে এসেছিল। বেশ ভালোই কাজ করেছে।
এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন ব্যবস্থা এসাইকুডা ওয়ার্ল্ড চালু করে। সেটিও ভালো পদক্ষেপ। তবে ২০২২ সালে এসেও সব জায়গায় অটোমেশন না হওয়া খুবই দুঃখজনক। এখন ২৪ ঘণ্টা বন্দর খোলা থাকে। তাহলে রাজশাহী কিংবা দিনাজপুরের একজন ব্যবসায়ী কীভাবে তাঁদের পণ্যের শুল্কায়নের কাজ করবেন। পুরোপুরি অটোমেশন হলে তিনি সহজেই ঘরে বসেই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে পণ্য খালাস করে নিয়ে যেতে পারতেন।
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৮৫ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়। এ বন্দরকে শতভাগ অটোমেশনের আওতায় আনা এখন সময়ের দাবি। শতভাগ অটোমেশন হলে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ হবে, আবার কাগজপত্র ঠিক থাকলে দিনে দিনে পণ্য খালাস করে নিয়ে যেতে পারবেন আমদানিকারকেরা। শুল্ক কর্মকর্তাদের কাজ হচ্ছে, দেশের ব্যবসায়ীদের সেবা দেওয়া। হয়রানি করা কিংবা ব্যবসায়ীদের খরচ বাড়ানো তাঁদের কাজ নয়।
গ্রিন চ্যানেলের মতো ব্যবস্থা চালু করলেও হয়রানি কমবে। পৃথিবীর বহু দেশে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সুবিধার প্রচলন আছে। বাংলাদেশেও ২০-৩০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে, এমন প্রতিষ্ঠান আছে। তাদের এ সুবিধার আওতায় আনা যেতে পারে। তাহলে স্বনামধন্য ও আস্থাভাজন প্রতিষ্ঠানগুলো সহজেই বন্দর থেকে পণ্য খালাস করে নিয়ে যেতে পারবে।
গতকাল এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীদের কোনো অভিযোগ থাকলে তা যেন এনবিআরে জানানো হয়। কিন্তু ব্যবসায়ীরা নিজেদের সমস্যা নিয়ে প্রথমে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতাদের কাছেই যাবেন। বাস্তবতা হলো ছোটখাটো সাধারণ ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যান, কমিশনার বা অতিরিক্ত কমিশনারের কাছে যেতেই পারেন না।
সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের পাশাপাশি শুল্ক কর্মকর্তাদের মানসিকতাও পরিবর্তিত হচ্ছে। নতুন কর্মকর্তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। আবার ব্যবসায়ীদেরও সরকারের প্রাপ্য শুল্ক-কর দিতে হবে। সার্বিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রমে হয়রানিমুক্ত পরিবেশ চান ব্যবসায়ীরা।