ব্যবসায়ীদের মধ্যে একধরনের স্বস্তি এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেষ পর্যন্ত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছেন। দাবি পূরণ হওয়ায় যথারীতি খুশি ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআরকে ভ্যাট আইনটি সংশোধন করতে হবে। অন্যথায় দুই বছর পর ভ্যাট আইন বাস্তবায়ন করতে গেলে আবারও আপত্তি উঠবে। গত বৃহস্পতিবার ভ্যাট আইন বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এসব কথাই জানালেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন, শুভংকর কর্মকার ও মাসুদ মিলাদ
আজহারুল হক, সভাপতি, বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতি (এফইএবি)
আজহারুল হক, সভাপতি, বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতি (এফইএবি)

প্রথম আলো: ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছরের জন্য পিছিয়ে গেছে। বিষয়টিকে আপনারা দেশীয় ফ্যাশন পণ্যের ব্যবসায়ীরা কীভাবে দেখছেন?
আজহারুল হক: সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের মধ্যে একধরনের স্বস্তি তৈরি হয়েছে। এখন ব্যবসায়ীরা যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। অন্যদিকে ভ্যাট আইন বিষয়ে ব্যবসায়ীদের যেসব আপত্তি ছিল, সেসব নিরসনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যদি পদক্ষেপ নেয়, তবে ভবিষ্যতে আইনটি বাস্তবায়ন করতে কোনো সমস্যা হবে না।
প্রথম আলো: আইনটি কার্যকর হলে তা দেশীয় ফ্যাশন হাউসের ওপর কী ধরনের প্রভাব ফেলত?
আজহারুল হক: দেশীয় ফ্যাশন হাউস বর্তমানে ৪ শতাংশ ভ্যাট দিচ্ছে। ভ্যাটের অর্থ অবশ্যই ক্রেতারা দেন। কিন্তু হঠাৎ করে সেটি ১৫ শতাংশ হয়ে গেলে আমাদের পণ্যের দাম বেড়ে যেত। তখন ক্রেতারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলতেন। পরোক্ষভাবে বিদেশি পোশাক কিনতেই ক্রেতারা উৎসাহ পেতেন।
প্রথম আলো: ফ্যাশন হাউস ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, ১৫ শতাংশ ভ্যাট দিয়ে টিকে থাকা সম্ভব নয়। দুই বছরের মধ্যে সেই সক্ষমতা কি আপনারা অর্জন করতে পারবেন?
আজহারুল হক: ভ্যাট দিতে কিন্তু আমাদের আপত্তি নেই। তবে আমরা বলেছি, দেশীয় পোশাক তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ক্রয়ে প্রদেয় ভ্যাট পরে রেয়াত নেওয়ার জন্য প্রস্তুতি নাই। কারণ পশ্চাৎমুখী শিল্পের সঙ্গে জড়িতদের অধিকাংশেরই ভ্যাট নিবন্ধন নেই। তারা ভ্যাট দেয় না। তবে দুই বছর আগে আর পরে আমাদের নতুন ভ্যাট আইনে যেতে হবে। যাওয়ার আগে অবশ্যই পশ্চাৎমুখী শিল্পের সঙ্গে জড়িতদের নিয়ে এনবিআরকে কাজ করতে হবে। এ ছাড়া বিদেশি পোশাকের আগ্রাসনসহ নানা প্রতিবন্ধকতার মধ্যে আছে দেশীয় ফ্যাশন হাউস। দেশীয় শিল্প রক্ষায় সরকার অনেক কিছু করছে। আমরা মনে করি, অন্ততপক্ষে হস্তচালিত তাঁতে উৎপাদিত কাপড়ে ভ্যাট অব্যাহতি দেওয়া দরকার। সুযোগটি পেলে গ্রামগঞ্জের তাঁতশিল্প শক্ত অবস্থানে যেতে পারবে।