
২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর ব্যবসায়ীদের মুখে হাসি দেখতে পাচ্ছেন না বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বাজেটের অনেক কিছু এখনো বোঝা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেছেন, ব্যবসায়ীদের মুখে হাসি ফেরাতে কী কী করা দরকার, তা খুঁজে বের করতে হবে।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার মতিঝিলের ফেডারেশন ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলাম ও কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটের অনেক কিছু নিয়ে এফবিসিসিআইয়ের বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। পাশাপাশি এফবিসিসিআইয়ের সদস্য বিভিন্ন সংগঠন মতামত দিতে শুরু করেছে। এসব মতামত ও বিশ্লেষণ শেষে ৭ অথবা ৮ জুন পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবে এফবিসিসিআই।
মাতলুব আহমাদ বলেন, ‘বাজেটের আকার বড় হলে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়াতে হয়। এটা আমরা বুঝি। তবে আমরা সাধ্যের মধ্যে থাকতে চাই। অন্যায়ভাবে কর আরোপ করলে সেটা আদায় হয় না।’
এবারের বাজেটে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন পিছিয়ে দিয়েছে। তবে বাজেটে প্যাকেজ মূসকের পরিমাণের নিম্নসীমা দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাতলুব বলেন, সরকারের সঙ্গে আলোচনার এটি একটি বড় বিষয় হিসেবে থাকবে।
এবারের বাজেট অন্যান্য বছরের তুলনায় জটিল কি না—জানতে চাইলে মাতলুব বলেন, বাজেটে মূসক আইনের কিছু কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। ভেতরে-ভেতরে ‘কমা’ উঠিয়ে দিয়ে তারা খুব কঠিন কিছু প্রজ্ঞাপন জারি করেছে। এগুলো বিশ্লেষণ করতে হবে।
বাজেটের আগে এফবিসিসিআইয়ের দেওয়া প্রস্তাবগুলোর কতটুকু এবারের বাজেটে রাখা হলো তা-ও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘সরকার আমাদের প্রস্তাব বিবেচনায় না নিলে আগামী বছর বাজেট আলোচনায় বসব কি না, তা-ও বিবেচনা করব। আমরা শুধু বলে যাব, বাজেটে প্রতিফলন দেখব না তাহলে এসবের প্রয়োজন নেই।’
ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই বাজেটকে শিল্পবান্ধব বলে উল্লেখ করেছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে মাতলুব বলেন, ‘তখন আমরা সম্পূর্ণ বাজেট শুনে বক্তব্য দিইনি। সেটা ছিল আংশিক বাজেট দেখে প্রতিক্রিয়া।’
কালোটাকা নিয়ে তিনি বলেন, এফবিসিসিআই কখনো কালোটাকার পক্ষে নয়। তবে দেশ থেকে টাকা বেরিয়ে যাওয়া ঠেকাতে হবে। এ জন্য যা করা দরকার, সরকারকে ঠিক তা-ই করতে হবে।
রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎসে কর শূন্য দশমিক ৬ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাবকে অস্বাভাবিক ও উদ্ভট হিসেবে অভিহিত করেন শফিউল ইসলাম। তিনি বলেন, এ প্রস্তাবের ফলে একটি কোম্পানি ৩ শতাংশ নিট মুনাফা করলে কর ভার ৫০ শতাংশে দাঁড়াবে। কর নিয়ে কোনো বিরোধের আপিল করতে গেলে এখন থেকে ৫০ শতাংশ কর আগে জমা দিতে হবে উল্লেখ করে মহিউদ্দিন বলেন, এখানে হয়রানির আশঙ্কা থেকে যায়।
মোটরসাইকেলের কর নিয়ে এক প্রশ্নের জবাবে মাতলুব আহমাদ বলেন, বাজেটে উৎপাদনের বদলে বিদেশ থেকে এনে সংযোজনে উৎসাহ দেওয়া হলো। এতে ‘মেড ইন বাংলাদেশ’ প্রচেষ্টা ব্যাহত হবে। এবারের বাজেটে দেশে এনে সংযোজনের ক্ষেত্রে সিকেডি মোটরসাইকেলের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। অন্যদিকে দেশে উৎপাদনের ক্ষেত্রে মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হয়েছে।