>অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেষ পর্যন্ত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছেন। দাবি পূরণ হওয়ায় যথারীতি খুশি ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআরকে ভ্যাট আইনটি সংশোধন করতে হবে। অন্যথায় দুই বছর পর ভ্যাট আইন বাস্তবায়ন করতে গেলে আবারও আপত্তি উঠবে। গত বৃহস্পতিবার ভ্যাট আইন বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এসব কথাই জানালেন। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন, শুভংকর কর্মকার ও মাসুদ মিলাদ

প্রথম আলো: ভ্যাট আইন স্থগিত করায় আপনার প্রতিক্রিয়া কী?
মাহবুবুল আলম: এটা খুবই ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এখনো নতুন ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট প্রদানে সচেতনতা বাড়েনি। ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার) মেশিন পরিচালনায় ছোট ব্যবসায়ীদের সক্ষমতা কম। আবার অনেক পণ্যে অব্যাহতি দেওয়ার পরও একলাফে ১৫ শতাংশ হারে ভ্যাট কার্যকর হলে মূল্যস্ফীতি বাড়ত। ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো।
প্রথম আলো: তার মানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হিসাবরক্ষণ পদ্ধতিতে স্বচ্ছতা নেই। দুই বছর পরও তো একই প্রসঙ্গ আসবে?
মাহবুবুল আলম: এটা ঠিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এখনো সনাতন পদ্ধতিতে হিসাবরক্ষণ ব্যবস্থা চালু রেখেছে। এ জন্যই আমরা বলেছি, আগে ব্যবসায়ীদের সচেতন করতে হবে। বিভিন্ন চেম্বারসহ ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে এই সচেতনতা তৈরি করা যেতে পারে। ব্যবসায়ীদের হিসাবরক্ষণ পদ্ধতিতে স্বচ্ছতা এলে ভ্যাট আদায়ও সহজ হবে। আমরাও চাই, নতুন ভ্যাট আইন কার্যকর হোক। তবে তার আগে ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে হবে।
প্রথম আলো: স্থগিত হওয়া ভ্যাট আইনের কোন বিষয় নিয়ে ব্যবসায়ীদের আপত্তি ছিল বেশি?
মাহবুবুল আলম: কয়েক স্তরে ভ্যাট হার কার্যকর করলে সবচেয়ে ভালো হতো। অর্থাৎ একবারে ১৫ শতাংশ ভ্যাট হার কার্যকর না করে তা ধাপে ধাপে বাড়ালে ব্যবসায়ীদের জন্য সহজ হতো। প্যাকেজ ভ্যাট একসময় ৩ হাজার ৯০০ টাকা ছিল। সেটি বাড়িয়ে ধাপে ধাপে ১৪ হাজার টাকা করা হয়েছে। একইভাবে ধাপে ধাপে ভ্যাটের হার বাড়ালে ব্যবসায়ীদের মানিয়ে নিতে সহজ হবে।
প্রথম আলো: বলা হচ্ছে, নতুন ভ্যাট আইন স্থগিত হওয়ার কারণে সরকারের রাজস্ব আয় কমবে। এটি কীভাবে দেখছেন?
মাহবুবুল আলম: এটা ঠিক। সরকারের রাজস্ব আহরণ না বাড়লে উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আসবে না। কিন্তু নতুন ভ্যাট আইন কার্যকর করলে বরং বিশৃঙ্খলা তৈরি হতো। এর চেয়ে রাজস্ব আহরণের আওতা বাড়ানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হলে নতুন আইন কার্যকর না করেও সরকারের রাজস্ব আহরণ বাড়ানো যাবে।