ব্যর্থ হলে দুকূলই যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার চামড়াশিল্প নগরে নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানা স্থানান্তর করতে ব্যবসায়ীদের আবারও নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, সময়সীমা শেষ হওয়ার পর হাজারীবাগের সব স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। আর যাঁরা সাভারে যেতে ব্যর্থ হবেন, তাঁদের প্লট বাতিল হবে।
শিল্পমন্ত্রী আরও বলেছেন, জাতীয় স্বার্থেই এই কাজটি করতে হবে। স্থানান্তর হয়ে গেলে ব্যবসায়িকভাবে নতুন বাজারে প্রবেশ করার সুযোগ তৈরি হবে। বুড়িগঙ্গা নদীও দূষণের হাত থেকে রক্ষা পাবে।
‘চামড়া ও চামড়াজাত পণ্য: তৈরি পোশাকের পর সম্ভাবনাময় শিল্প’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর পল্টনের একটি হোটেলে গতকাল শনিবার বিনিয়োগ বোর্ড এই সেমিনারের আয়োজন করে। বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ আব্দুর রাজ্জাক, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্প নগরে সব ট্যানারি স্থানান্তরের সময়সীমা শেষ হচ্ছে আগামী জুনে। আর মার্চে শেষ হওয়ার কথা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে (সিইটিপি) নির্মাণকাজ। গতকালের সেমিনারে জানানো হয়, ইতিমধ্যে এর কাজ শেষ হয়েছে ৬০ শতাংশ।
শিল্পমন্ত্রী জানান, শিল্পনগরে বরাদ্দ দেওয়া ১৫৫টি ট্যানারির মধ্যে ১৫২টি লে-আউট প্ল্যান জমা দিয়ে অনুমোদন পেয়েছে। ১৪৫টি ট্যানারির মালিক নিজেদের প্লটের নির্মাণকাজ শুরু করেছেন।
সার্বিক পরিস্থিতিতে নির্ধারিত সময়সীমার মধ্যে চামড়াশিল্প নগরে সব কারখানা স্থানান্তর ও উৎপাদন শুরু করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা থাকছেই। এ প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় ২০০৩ সালে। কয়েক দফা মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়। প্রকল্পটির এখনকার বাস্তবায়নকাল শেষ হওয়ার কথা আগামী বছরের জুনে। ১৯৯ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরে ১৫৫টি ট্যানারি স্থানান্তর করা হবে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান আবু তাহের অনুষ্ঠানে বলেন, ‘হাজারীবাগে তিলে তিলে যে ট্যানারি গড়ে তুলেছি, সেগুলো স্থানান্তর করতে হলে সাড়ে তিন হাজার কোটি টাকা দরকার। আমরা কমপ্লায়েন্ট কারখানা গড়ে তুলতে চাই। সে জন্য সহজ শর্তে ১৫-২০ বছরের জন্য ব্যাংকঋণের ব্যবস্থা করা দরকার।’
সম্ভাবনাময় চমড়াশিল্প: গত অর্থবছর চামড়া খাতের রপ্তানি আয় ছিল ১২৯ কোটি ডলার। এই আয় দেশের মোট পণ্য রপ্তানির ৪ দশমিক ২৯ শতাংশ। সারা বিশ্বে চামড়া ও চামড়াপণ্যের ২৩ হাজার কোটি ডলারের বাজার আছে। এর মধ্যে বাংলাদেশের হিস্যা মাত্র দশমিক ৫৬ শতাংশ। তবে আগামী এক দশকে চামড়া খাতের রপ্তানি আয় ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেমিনারের পর অনুষ্ঠিত অধিবেশনে বক্তারা পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন বাজার খোঁজা, নীতি-সহায়তা, চামড়াশিল্পের আধুনিক প্রযুক্তি আমদানি, চামড়া পাচার রোধ, শ্রমিকদের দক্ষ করতে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও শ্রমিকদের কল্যাণে কাজ করার ওপর জোর দেন।
আবু তাহের তাঁর বক্তব্যে বলেন, ‘চামড়াশিল্পের বিশ্ববাজারের ৬৫ শতাংশ চীনের দখলে। সেখানে শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। তবে আমাদের পর ভিয়েতনাম ও কম্বোডিয়া শুরু করে এগিয়ে গেছে।’
সেমিনারে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক সবুর আহমেদ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) সহসভাপতি সাইফুল ইসলাম ও চামড়াশিল্প নগরের প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘তৈরি পোশাকের পর আমরা চামড়াশিল্পকে প্রতিষ্ঠিত করব। তবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চমড়াজাত পণ্যের বহুমুখীকরণসহ যেসব কাজের কথা বলা হয়েছিল তা খুব বেশি এগোয়নি।’ তিনি জানান, চামড়াশিল্পকে শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।