ব্যাংক হিসাব এখন ৯,৩৭,১৩,৪৯২টি
জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে দেশের ব্যাংকগুলো ২১০টি এটিএম বুথ স্থাপন করেছে। এ সময়ে নতুন করে হিসাব খোলা হয়েছে ৩৯ লাখ ৩৫ হাজার ৭৭৯টি। একই সময়ে ব্যাংকের শাখাও বেড়েছে ৬৩টি। ফলে সেপ্টেম্বর শেষে ব্যাংক হিসাব বেড়ে হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৪৯২টি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, সব নাগরিককেই এখন বিভিন্ন প্রয়োজনে ব্যাংক হিসাব খুলতে হচ্ছে। এ ছাড়া সহজেই মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খোলা যাচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর এখনো শাখা খোলার দিকে নজর রয়েছে। ফলে সামগ্রিকভাবে ব্যাংকিং সেবা বাড়ছে।
প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর এটিএম ছিল ৮ হাজার ৩৩০টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৮ হাজার ৫৪০টি। জুনে ৭৯ হাজার ৬১০ এটিএম বুথ ভাগাভাগি করা গেলেও সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৮৫ হাজার ২১৯টি। গত জুনে ব্যাংকের শাখা ছিল ৯ হাজার ৫৪৩টি, সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৯ হাজার ৬০৬টি। জুনে ৭ হাজার ১৬৭টি শাখায় অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা থাকলেও সেপ্টেম্বর শেষে তা কমে হয়েছে ৬ হাজার ৬৮০টি। গত জুন শেষে ব্যাংকগুলোতে ৮ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৭১৩টি হিসাব থাকলেও সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৪৯২টি। ব্যাংকগুলোর মোবাইল ব্যাংকিংয়ে খোলা হিসাবও এতে এসেছে। জুনে ১৭ লাখ ৪১ হাজার ১৮৮ হিসাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা থাকলেও সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৩০৭।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকগুলো তো ব্যবসার পেছনে ছুটছে। এ জন্য নতুন নতুন গ্রাহক তৈরি করছে। শাখা বাড়াচ্ছে, অন্যান্য সেবার পরিসর বাড়াচ্ছে। এখনো দেশে ব্যাংকসেবা পরিধি বাড়ানোর সুযোগ আছে বলেও মনে করেন তিনি।