
দেশের ব্যাংক খাতে প্রকৃত মন্দ ঋণের পরিমাণ অনেক বেশি বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘পুনর্গঠন করে মন্দ ঋণকে অনেক কম দেখানো হচ্ছে। এটা না করা হলে মন্দ ঋণের প্রকৃত পরিমাণ অনেক বেশি হতো।’
জাতীয় অর্থনীতিতে ব্যাংক খাতের সামগ্রিক অবদান নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘দেশে এত এত ব্যাংক থাকার পরও ঘুরেফিরে কিছু মুখচেনা লোকদেরই ঋণ দেওয়া হচ্ছে। ছোট ছোট উদ্যোক্তারা যেভাবে ঋণ পাওয়ার কথা, সেটা তাঁরা পাচ্ছেন না। এভাবে চললে জাতীয় অর্থনীতিতে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ অবদান নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে।’
ব্যাংকের পরিচালন মুনাফা প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগ প্রত্যাশিত হারে না হওয়ায় ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য রয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকের মুনাফা খুব বেশি হওয়ার কথা না। মুনাফা কতটা বাড়ল সেটি না দেখে ব্যাংকগুলো এ মুনাফা তাদের মূলধন ভিত্তি বাড়ানোর কাজে ব্যবহার করছে কি না, সেটি দেখাই বেশি গুরুত্বপূর্ণ।