ব্যাংকে আমানত আসছে কম, ঋণ যাচ্ছে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন চলতে থাকলে একসময় তারল্য সংকট তৈরি হবে। তখন আবার ব্যাংকগুলো আমানত ধরতে অসম প্রতিযোগিতা করবে। এ জন্য এখনই আমানত বাড়াতে ব্যাংকগুলোর উদ্যোগ নেওয়া উচিত। বিদেশি ঋণ দিয়ে আর কত দিন ব্যবসা করবে?

সালেহউদ্দিন আহমেদ

সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

সুদের হার কম, তাই ব্যাংকে টাকা জমার প্রবণতাও কমে গেছে। আমানত সংগ্রহে ব্যাংকগুলোরও বড় উদ্যোগ নেই। নিশ্চিত মুনাফার আশায় সঞ্চয়পত্রের দিকে ছুটছে মানুষ। আর্থিক প্রতিষ্ঠানেও টাকা রাখছে। ঝুঁকি নিয়ে শেয়ারবাজারেও বিনিয়োগ করছে অনেকে। এ ছাড়া সারা দেশেই ‘ব্যাংক’ নামের অনুমোদনহীন সমবায় প্রতিষ্ঠানগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে, যা নতুন ঝুঁকি তৈরি করছে দেশের অর্থনীতিতে।

আর এই সময়েই ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়ে গেছে। আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি বেশি হচ্ছে কয়েকটি ব্যাংকে। আমানতের চেয়ে ঋণ বিতরণ বেশি হওয়ায় কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঋণের চাপ বাড়ায় ইতিমধ্যে কলমানিতেও সুদের হার বেড়ে গেছে।

এমন পরিস্থিতিতে আজ বুধবার চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণের প্রবৃদ্ধি আরও বাড়ানোর ঘোষণা থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এসব নিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগে মন্দার কারণে ব্যাংকগুলোর হাতে অনেক অলস অর্থ আছে। তবে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি বেশি। এমন চলতে থাকলে একসময় তারল্য সংকট তৈরি হবে। তখন আবার ব্যাংকগুলো আমানত ধরতে অসম প্রতিযোগিতা করবে। এ জন্য এখনই আমানত বাড়াতে ব্যাংকগুলোর উদ্যোগ নেওয়া উচিত। বিদেশি ঋণ দিয়ে আর কত দিন ব্যবসা করবে?’

স্বাভাবিকভাবে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি কম হওয়ার কথা। আমানত ও ঋণের প্রবৃদ্ধি ২০১৪ সালের জানুয়ারিতে ছিল যথাক্রমে ১৬ দশমিক ৬৮ ও ১০ দশমিক ৬৮ শতাংশ। তবে আগের বছরের একই সময়ের তুলনায় গত মে মাসে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২১ শতাংশ এবং ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ।

সালেহউদ্দিন আহমেদ এ নিয়ে বলেন, বেসরকারি খাতের ঋণ ধীরে ধীরে বাড়ছে। মুদ্রানীতিকে আরও বেশি প্রাক্কলন করলে ঋণ বাড়তে পারে। তখন আমানত ধরতে ব্যাংকগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। পরিস্থিতি সামলাতে আমানত ও ঋণে সুদের হার বাড়াবে। এতে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মে শেষে ব্যাংকগুলোর আমানত হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৭০৩ কোটি টাকা। এই সময়ে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৮১৩ কোটি টাকা। একটি ব্যাংক আমানতের ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। ইসলামী ব্যাংকগুলো পারে ৯০ শতাংশ পর্যন্ত।

গত ২ জুনের হিসাবে, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি ৯ শতাংশ হলেও ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটির ঋণ বিতরণ বেড়ে গেছে, তবে সেভাবে বাড়ছে না আমানত। আমানত তুলেও নিচ্ছে অনেকে। এ কারণে আমানত সংগ্রহে দেশব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছে ব্যাংকটি। একই অবস্থা বেসিক, ফারমার্স, ন্যাশনাল, এনআরবি, ওয়ান, প্রিমিয়ার, স্টান্ডার্ড ব্যাংকেরও।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকে বিনিয়োগ করার মতো তহবিল কমে গেছে। আমানতের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ হয়ে গেছে। তহবিল জোগাড় করতে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়া হচ্ছে। এ ছাড়া সম্প্রতি বিশেষ অভিযানে ৩ হাজার কোটি টাকা আমানত এসেছে। বিনিয়োগ করার মতো পণ্য না থাকায় ইসলামী ব্যাংকের সমস্যা হচ্ছে। এ জন্য আমানতে মনোযোগ দেওয়া হয়নি। সমস্যা সমাধানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।’

কেন্দ্রীয় ব্যাংকের গত এপ্রিলের হিসাবে, ব্যাংকগুলোর কাছে সব মিলিয়ে ২ লাখ ৬২ হাজার ২২৬ কোটি টাকা ছিল। এর মধ্যে নগদ ও সংবিধিবদ্ধ কারণে জমা রাখতে হয় ১ লাখ ৬০ হাজার ৪৭০ কোটি টাকা। ব্যাংকগুলোর হাতে নগদ ছিল ৬ হাজার ১৪৪ কোটি টাকা। মুনাফার জন্য বাকি অর্থ ব্যাংকগুলো বিনিয়োগ করেছে বিভিন্ন বন্ড ও বিলে। ঋণের চাহিদা বাড়ায় ব্যাংকগুলোতে বিনিয়োগ ও নগদ অর্থের পরিমাণ দিনে দিনে কমছে।

অধিক মুনাফার আশায় শেয়ারবাজারে যাচ্ছে মানুষ। ২০১৬ সালেও দেশের দুই বাজারে গড় লেনদেন ছিল ৫০০ কোটি টাকার আশপাশে। তবে চলতি বছরের শুরু থেকেই লেনদেন বাড়তে শুরু করে। বাজেট ঘোষণার পর গড় লেনদেন হাজার কোটি টাকাও ছাড়িয়ে যায়। আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েই পরিচালিত হয়। ঋণ করে চলার যে ধারা তৈরি হয়েছিল, তা পাল্টে যাচ্ছে। গত বছর পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০০ কোটি টাকা। বেশি মুনাফার আশায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ছুটছে মানুষ। ২০১৬ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে হয়েছে ৩৮ হাজার ৩০০ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ ও বিনিয়োগ হয়েছে ৫৬ হাজার ৭০০ কোটি টাকা। এদিকে গত মে পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪৬ হাজার ৬৬৯ কোটি টাকা, যদিও গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৬১০ কোটি টাকা।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল গত রাতে প্রথম আলোকে বলেন, অর্থনীতিতে এমন হয়। নির্দিষ্ট সময় পরে সংশোধন হয়ে যাবে। সরকার ব্যাংকঋণ নিচ্ছে না, বিনিয়োগেও মন্দা। এ কারণে ব্যাংকগুলো আমানতের পরিমাণ ও সুদের হার কমিয়ে ফেলছে। এ অবস্থায় বিনিয়োগ বাড়লে তহবিলের সংকট দেখা দেবে।