ব্যাংকে সুশাসন বাড়াতে হবে
ব্যাংকিং খাতে জালিয়াতি ঠেকাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসন বাড়াতে হবে। লেনদেন, ঋণ, আমানতসহ প্রতিটি ধাপ নিয়মিত তদারকিতে থাকতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার আর্থিক প্রতিষ্ঠান ফিনঅ্যাক্সেল ও প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ফিনঅ্যাক্সেলের বনানীর কার্যালয়ে ‘ব্যাংকিং খাতে বিস্ময়কর জালিয়াতি এড়ানো’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় অনেক আইনকানুন থাকলেও তা অনুসরণ করা হয় না। আবার গ্রাহকেরাও অনেক সময় নিজেদের হিসাব ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকেন না।
ফিনঅ্যাক্সেলের চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের মতে, ব্যাংকগুলোই অনেক সময় কমপ্লায়েন্ট হতে চায় না। তিনি বলেন, ব্যাংকে যেসব আর্থিক কেলেঙ্কারি হয়েছে, সেগুলোর কোনোটিতেই দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। যদি আজীবন কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত করার মতো শাস্তি দেওয়া যেত, তবে হল-মার্ক, বেসিক ব্যাংকের মতো জালিয়াতি কমে যেত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, প্রতিটি ব্যাংকেই পরিচালনা ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা দরকার। তাঁর মতে, মানি লন্ডারিং, নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ, সাধারণ তথ্য, গ্রাহকের তথ্য-উপাত্ত ও সাইবার নিরাপত্তা—এসব বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ বলেন, ‘নিজেদের ব্যাংক হিসাব সম্পর্কে গ্রাহকদের আরও সচেতন হতে হবে। একজন বড় কর্মকর্তাকে আমি চিনি, যিনি গাড়িচালককে দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে আনতেন। অনেক দিন পর তিনি (ওই ব্যবসায়ী) টের পেলেন, হিসাবটি মিলছে না। গাড়িচালক প্রতিবারই বাড়তি টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়েছে।’
প্রতিদিন প্রতিটি শাখায় অন্তত ৫০টি চেক বিস্তারিত যাচাই-বাছাই করার পরামর্শ দেন ইস্টার্ন ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক লতিফ হাসান।
লঙ্কাবাংলা ফিন্যান্সের হেড অব অপারেশনস মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাহকের সম্পর্কে জানতে তাঁর জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত দেখতে হয়। কিন্তু ব্যাংকাররা এটা যাচাই-বাছাই করতে পারেন না। ফলে অনেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে জালিয়াতি করতে পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিনঅ্যাক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক মজুমদার, ইসলামী ব্যাংকের পরামর্শক চৌধুরী এম এ কিউ সারোয়ার, আইডিএলসির হেড অব এইচআর বিলকিস জাহান, ট্রাস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আশফাকুল হক প্রমুখ।