ব্যাংকের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ে মাশুল বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ‘এ দেশে চার কোটি পরিবার আছে। তবে আমরা ১০ ভাগ লোকের কাছ থেকেও কেন কর নিতে পারি না? কেন তাদের বোঝাতে পারি না? এ দোষ কাদের? কর-বান্ধব পরিস্থিতি সৃষ্টি করতে হবে, করদাতাদের ভালোভাবে বোঝাতে হবে—দেশকে গড়ে তোলার জন্য তিনি কর দিচ্ছেন। জনগণ কর দিচ্ছেন বলেই দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।’
প্রথমবারের মতো আয়োজিত মাঠপর্যায়ের উপ-কর কমিশনার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফরাসউদ্দিন এসব কথা বলেন। রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের কাছ থেকে বেশি টাকা মাশুল নেওয়ার সমালোচনা করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ে ১০০ টাকা পাঠাতে লাগে ১ টাকা ৮৬ পয়সা। ১ টাকা ৮৬ পয়সা মানেই ২ টাকা। ২ টাকা দিয়ে যিনি পাঠাবেন, তাঁর তো হিসাব নেই। ব্যাংকের মাধ্যমে পাঠাতে যদি ১০০ টাকায় মাত্র ৪০ পয়সা লাগে, তাহলে মোবাইলে পাঠাতে কেন ১ টাকা ৮৬ পয়সা বা ২ টাকা লাগবে? এগুলো খুব ভালো করে চিন্তা-ভাবনা করে সরকারকে বুঝতে হবে। এটা দেখা দরকার, নিয়ন্ত্রণ হওয়া দরকার।
গ্রাহকের হিসাব তলব বা ব্যাংক হিসাবের গোপনীয়তা প্রসঙ্গে সাবেক এই গভর্নর বলেন, প্রয়োজন না হলে কোনো গ্রাহকের ব্যাংক হিসাব দেখা উচিত নয়। কেবল সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দেখা যেতে পারে। এটা মানুষের আমানত, তা রক্ষা করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংক হিসাব দেখার এখতিয়ার একেবারে না থাকাই ভালো। ব্যাংকের ওপর হিসাবধারীর যে আস্থা, তা নষ্ট করা যাবে না।
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছিল—এক লাখ টাকার বেশি নগদ লেনদেন করতে হলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হোক। সরকার রাজি হয়নি।
ফরাসউদ্দিন বলেন, মামলায় এনবিআরের প্রায় ৩২ হাজার কোটি টাকা জড়িত রয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা গতিশীল হলে এখান থেকে অর্ধেক টাকা আদায় হবে, বাজেটের কিছু অংশ হলেও পূরণ হবে। তিনি কর্মকর্তাদের সম্মানীর ওপর কর আদায়, ব্যাংক হিসাবধারীদের ই-টিআইএন বাধ্যতামূলক করা, অনলাইনভিত্তিক লেনদেনে করারোপ, তামাকে উচ্চ হারে করারোপ, এনবিআরের অটোমেশন ব্যবস্থা জোরদার, আমদানি রপ্তানিতে মিথ্যা ঘোষণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আলোচনায় আবদুল মাতলুব আহমাদ বলেন, কর-জিডিপি হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ হার বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ীরা সব ধরনের সহযোগিতা করবে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, সুশাসন ও উন্নততর আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় দেশের সর্বত্র একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি চালুর প্রয়াস চালিয়ে যাচ্ছে এনবিআর। ইতিমধ্যে করদাতার সংখ্যা ২৭ লাখ ১৮ হাজার অতিক্রম করেছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে।
অনুষ্ঠানে ‘জনবান্ধব আধুনিক কর প্রশাসন বিনির্মাণ: আমাদের উদ্যোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার আলমগীর হোসেন।