
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ এবং আবাসন খাতে সরকারি ব্যয় বরাদ্দ কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সামাজিক উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে বলে মনে করছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। প্রতিষ্ঠানটির ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মাসিক প্রকাশনার মার্চ-২০১৫ সংখ্যায় এই অভিমত দেওয়া হয়েছে।
উন্নয়ন অন্বেষণ বলছে, সামাজিক সেবা খাতে পর্যাপ্ত সরকারি বিনিয়োগের অভাবে দেশে সামাজিক সেবা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অথচ সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ এর আগে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। তাই এ বিষয়ে প্রতিষ্ঠানটি সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে মোট সরকারি ব্যয়ের পরিমাণের দিক থেকে অন্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে। ২০১৩ সালে বাংলাদেশে জিডিপির অনুপাতে সরকারি ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১৭ শতাংশ। আর উন্নয়নশীল অন্য দেশগুলোতে এর পরিমাণ ছিল প্রায় ৩২ শতাংশ। সরকারি ব্যয়ের পরিমাণের দিক থেকে বাংলাদেশ এমনকি প্রতিবেশী দেশ ভারত (২৭ দশমিক ২৬) ও মিয়ানমার (২৭ দশমিক ১৮) থেকেও পিছিয়ে আছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয়ের সঙ্গে তুলনা করলে শিক্ষা ও প্রযুক্তি খাতে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছয় অর্থবছরে প্রকৃত সরকারি ব্যয়ের পরিমাণ ছিল যথাক্রমে ১৭ দশমিক ১, ১৬ দশমিক ৯, ১৮ দশমিক ৬, ১৮ দশমিক ৪, ১৬ দশমিক ৬ ও ১৬ দশমিক ১ শতাংশ।
একইভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়ের অনুপাতে স্বাস্থ্য খাতে আলোচ্য ছয় অর্থবছরে প্রকৃত সরকারি ব্যয়ের পরিমাণ ছিল ৭ দশমিক ২, ৭ দশমিক ১, ৭ দশমিক ৩, ৭ দশমিক ১, ৬ দশমিক ৬ ও ৬ দশমিক ৪ শতাংশ।
আর এডিপি ব্যয়ের অনুপাতের ওই ছয় অর্থবছরে দেশে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে যথাক্রমে প্রকৃত সরকারি ব্যয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ১১, ৮ দশমিক ১, ৭ দশমিক ৬, ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৫ শতাংশ।
দেশের বিভিন্ন সামাজিক খাতে সরকারি ব্যয় ক্রমাগত কমার পাশাপাশি কার্যকর সামাজিক নিরাপত্তাব্যবস্থার অভাব রয়েছে উল্লেখ করে এদিকে নজর দিতে বলেছে উন্নয়ন অন্বেষণ। প্রতিষ্ঠানটির মতে, যথাযথ রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের আয় বাড়িয়ে এসব খাতে পর্যাপ্ত ব্যয় বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নীতির পুনর্নিরীক্ষণ এবং একটি কার্যকর সামাজিক নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।