বড় চিন্তার বিষয় কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফাবিহা বুশরা
ফাবিহা বুশরা
অর্থনৈতিক উন্নতি যতই হোক না কেন, সামাজিক উন্নতির দিকটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দেখা গেল মাথাপিছু আয় বাড়ছে, গড় আয়ুও বাড়ছে। অন্যদিকে বাড়ছে নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতা। বাড়ছে রাস্তাঘাটে নারীকে উত্ত্যক্ততা ও ধর্ষণ। তাহলে কিন্তু উন্নতিটা অর্থবহ হলো না বা মর্যাদাকর হলো না

আগামী বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমি খুব আশাবাদী। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের দিকটিই যদি বলি, গত অর্থবছরে (২০১৫-১৬) লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছি আমরা। তা সম্ভব হয়েছে অনেকটা অভ্যন্তরীণ ভোগবাজারের কারণে। এ বাজারটা আমাদের বড় এবং আগামী দিনেও বড় না থাকার কোনো কারণ নেই।
এদিকে বৈদেশিক মুদ্রা আয়ে তৈরি পোশাক খাত এখনো নেতৃত্ব দিচ্ছে। রানা প্লাজা ট্র্যাজেডির পর একটা বৈশ্বিক বিতর্ক উঠেছিল যে পোশাক খাতের আয় না কমে যায়। আজকের পত্রিকাতেই দেখলাম আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার বলেছেন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের অনেক উন্নতি হয়েছে। এই স্বীকৃতি আমাদের মনে আশা জাগায়।
তবে আমাদের বেশি মনোযোগের দাবি রাখে বিনিয়োগ। জিডিপির তুলনায় সরকারি বিনিয়োগ একটু একটু বাড়ছে, কিন্তু বেসরকারি বিনিয়োগের হার একই জায়গায় আটকে। অথচ আমরা বলছি যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। কয়েক বছর পর জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ অর্জন করব বলেও বলে বেড়াচ্ছি। সেটার জন্য দরকার হচ্ছে বিনিয়োগকে জিডিপির ৩২ থেকে ৩৫ শতাংশে নিয়ে যাওয়া। তবে আমি এখানেও আশাবাদী। সরকার যেসব বড় প্রকল্প হাতে নিয়েছে, বাস্তবায়িত হয়ে গেলে বেসরকারি খাতের ওপর তার ইতিবাচক প্রভাব পড়বে।
বড় চিন্তার বিষয় অবশ্য কর্মসংস্থান। এটা এখনকার বাংলাদেশের জন্য যেমন, আগামীর জন্যও তাই। প্রতিবছর যে পরিমাণ লোক শ্রমবাজারে ঢুকছেন, তাঁদের কাজ দেওয়ার বন্দোবস্ত করতে পারছি কি না। একটা ভালো উপায় অবশ্য আছে। সেটা হচ্ছে দক্ষ শ্রমশক্তি রপ্তানি। সরকারকে এ জন্য উদ্দেশ্য নিয়ে নামতে হবে। কোন উন্নত দেশের কী শ্রমশক্তির দরকার তা জেনে নিয়ে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। আমাদের লোকদের সেভাবে প্রশিক্ষণ দিতে হবে। এখনো শ্রমশক্তি রপ্তানি হচ্ছে। কিন্তু সম্প্রতি আমরা কী দেখতে পাচ্ছি? রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহে ভাটা নেমেছে। দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে আমরা পিছিয়ে।
আর্থিকভাবে উন্নতি করতে চাইলে আমাদের আর্থিক খাতটার দিকেও একটু মুখ তুলে চাইতে হবে। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্ব অনেক বেশি। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ—এই তিনটা সংস্থা যদি চাপমুক্ত থেকে কাজ করতে পারে বা করে, আমি বলব আর্থিক খাতের চেহারা বদলে যাবে। আমরা তো দেখলাম ব্যাংক, বিমা ও পুঁজিবাজারে কয়েক বছরে কী হয়েছে।
আরও তিনটা সংস্থার নাম আমি বলতে চাই। দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। সব মিলিয়ে সংস্থা হলো ছয়টা। আমি প্রায়ই ভাবি, এই ছয় সংস্থাকে প্রধানমন্ত্রী যদি বিশেষ নজরদারিতে রাখতেন!
তবে অর্থনৈতিক উন্নতি যতই হোক না কেন, সামাজিক উন্নতির দিকটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দেখা গেল মাথাপিছু আয় বাড়ছে, গড় আয়ুও বাড়ছে। অন্যদিকে বাড়ছে নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতা। বাড়ছে রাস্তাঘাটে নারীকে উত্ত্যক্ততা ও ধর্ষণ। তাহলে কিন্তু উন্নতিটা অর্থবহ হলো না বা মর্যাদাকর হলো না। একদিকের উন্নতি হলেও আরেক দিক অবহেলিত থাকলে বিশ্ববুকে আমাদের মাথা নুয়ে থাকবে।
সবশেষে রাজনীতিটা এসেই যায়। যৌতুকের কারণে একজন নারীকে মারধর করা হলো, মামলা করতে তিনি থানায় গেলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যদি এখানেও রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন, তাহলে কিছু বলার নেই আমার। আগামী দিনের বাংলাদেশ অন্তত এমন হবে না বলে আমি বিশ্বাস করি। চোখ বুজলেই আমি দেখতে পাই আগামী বাংলাদেশ একটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে উন্নত বাংলাদেশ।
লেখক: চতুর্থ বর্ষ, ফাইনাল সেমিস্টার, অর্থনীতি বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়