
প্রতিবছরই সরকারের ব্যয়ের পরিকল্পনা বাড়ছে। তাই আয়ের লক্ষ্য বাড়াতে হচ্ছে। আগামী অর্থবছরে (২০১৬-১৭) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় সন্তোষজনক নয়।
চলতি অর্থবছরে (২০১৫-১৬) রাজস্ব আয়ের জন্য এনবিআর মাসভিত্তিক যে লক্ষ্য ঠিক করেছিল, কোনো মাসেই তা অর্জিত হয়নি। বছরজুড়ে শুধু লক্ষ্যের পেছনেই ছুটেছে এনবিআর। অথচ চলতি অর্থবছরে রাজনৈতিক তেমন কোনো অস্থিরতা ছিল না। সরকারের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ। অর্থনীতিবিদ ও গবেষকদের মতে, উচ্চ প্রবৃদ্ধি মানেই হচ্ছে দেশের অভ্যন্তরে পণ্য বা সেবা উৎপাদন বৃদ্ধি পাওয়া। অথচ তার প্রতিফলন নেই রাজস্ব আহরণে।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। কিন্তু মাসওয়ারি লক্ষ্য অর্জন না হওয়ায় বছরের শেষ ভাগে এসে এ লক্ষ্য কমিয়ে দেড় লাখ কোটি টাকা করা হয়। জুলাই-মার্চ সময়কালে আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩২ কোটি টাকা। শেষ তিন মাসে (মার্চ-জুন) এনবিআরের সামনে প্রায় ৪৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ রয়েছে।
এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যেখানে চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে ৩৫ শতাংশ বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। কিন্তু এনবিআর কখনোই এত বেশি হারে রাজস্ব আদায় করতে পারেনি। সংস্থাটির রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে সীমিত থাকে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগামী অর্থবছরে এনবিআরকে যে লক্ষ্য দেওয়া হচ্ছে, আমি শতভাগ নিশ্চিত, তা অর্জিত হবে না। এত বিপুল রাজস্ব আদায়ের সক্ষমতা তাদের নেই। তাই রাজস্ব আদায়ের লক্ষ্যটি অবাস্তব।’
মির্জ্জা আজিজ মনে করেন, জিডিপিতে করের অনুপাত বাড়াতে হবে এ ধরনের প্রচেষ্টা থেকে প্রতিবছর রাজস্ব আয়ের বিশাল লক্ষ্য ঠিক করা হয়।
আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশের কাছাকাছি। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক), আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স থেকে সিংহভাগ রাজস্ব আদায় হয়েছে, যার পরিমাণ ৩৯ হাজার ৯১৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ খাত থেকে আদায় হয়েছিল ৩৪ হাজার ৯০৮ কোটি টাকা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব এসেছে আয়কর খাত থেকে। উল্লেখিত সময়ে আয়কর, ভ্রমণ করসহ প্রত্যক্ষ কর বাবদ আদায় হয়েছে ৩৩ হাজার ১৭৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৮ হাজার ৯৯৩ কোটি টাকা।
আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক বাবদ আদায় হয়েছে ৩২ হাজার ৩৩৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ হাজার ৫৭ কোটি টাকা।
এদিকে রাজস্ব আদায়ে গত কয়েক বছরে এনবিআরে বড় কোনো প্রশাসনিক সংস্কার করা হয়নি। তাই লক্ষ্য অর্জনে এনবিআরকে গতানুগতিক পথেই চলতে হয়। উৎসে কর আদায়ই এনবিআরের রাজস্ব আদায়ের মূল ভরসা। এ খাত থেকে অর্ধেকের বেশি রাজস্ব আদায় হয়। উৎসে কর আদায় করা সহজ ও তার জন্য কর কর্মকর্তাদের খুব বেশি পরিশ্রমও করতে হয় না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানই সরকারের হয়ে উৎসে করের সিংহভাগ আদায় করে থাকে।
আগামী অর্থবছর থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের কথা ছিল। সেটি হলে মূসক খাতে ১৫ থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে এনবিআরের এক বিশ্লেষণে তুলে বলা হয়। কিন্তু ব্যবসায়ীদের চাপের মুখে শেষ পর্যন্ত মূসক আইন বাস্তবায়ন করা হচ্ছে না। তাই এখন এনবিআরকে নতুন করে বাড়তি রাজস্ব আদায়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।