ভারতীয় ঋণের প্রকল্পগুলোর কাজ পুরোদমে শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ঋণের প্রকল্পগুলোর কাজ পুরোদমে শুরু হয়নি। গত সাত বছরে প্রথম লাইন অব ক্রেডিটের (এলওসি) ১৫টি প্রকল্পের মধ্যে ৭টি এখনো বাকি। ওই এলওসির সাড়ে ৩৭ কোটি ডলার ছাড় করেছে ভারতের ঋণদাতা প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক।

প্রথম এলওসির পর এক্সিম ব্যাংকের সঙ্গে আরও দুটি এলওসি চুক্তি করেছে বাংলাদেশ। দ্বিতীয় এলওসির অন্তর্ভুক্ত সব প্রকল্পে এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি ভারত। ১৪টি প্রকল্পের ১২টির অনুমোদন মিলেছে। তবে প্রকল্পগুলোর কাজ পুরোদমে শুরু হয়নি। অন্যদিকে শেষ এলওসির জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৭টি প্রকল্প বাছাই হয়েছে মাত্র। এখনো ঋণচুক্তি হয়নি।

২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে এলওসির মাধ্যমে ঋণ দিতে শুরু করে ভারত। প্রথমে ১০০ কোটি ডলার ঋণচুক্তি হয়। পরে ওই ঋণের ১৪ কোটি ডলার অনুদান হিসেবে দেয় ভারত। ২০১৫ সালের দ্বিতীয় এলওসিতে ২০০ কোটি ডলারের ঋণচুক্তি হয়।

দেখা গেছে, প্রথম দুটি এলওসিতে বাস, ট্রাক, ট্রেনের ইঞ্জিন, বগি, ড্রেজারসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনার প্রকল্পই বেশি। সরাসরি ভারত থেকে এসব বাস, ট্রাক, ট্রেনের ইঞ্জিন, বগি কেনা হয়। তবে তৃতীয় এলওসিতে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প বেশি।

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ৫০০ কোটি ডলারের তৃতীয় এলওসি দেওয়ার ঘোষণা আসে। তৃতীয় এলওসির অর্থে বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ১৭টি প্রকল্প বাছাই করা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ অন্য স্থানে নেওয়ার অবকাঠামো উন্নয়ন, পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত দ্বৈতগেজ রেলপথ নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দর উন্নত করা, ফরিদপুরের ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা, মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে রামগড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে সরাইল পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এক লাখ এলইডি বাল্ব সরবরাহ প্রকল্প।

 শর্ত একই

তিনটি এলওসির শর্ত একই। শর্ত অনুযায়ী, ভারতীয় ঠিকাদারেরা এসব প্রকল্পের কাজ পাবেন। পূর্তকাজে ৬৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। অন্য প্রকল্পে ৭৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। ঋণের সুদ হার ১ শতাংশ ও কমিটমেন্ট চার্জ হবে দশমিক ৫ শতাংশ। ৫ বছর রেয়াতকালসহ ২০ বছরে পরিশোধ করতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রকল্পের ব্যয়ে আরও স্বচ্ছতা আনা উচিত। খরচ যাতে না বাড়ে, সেদিকে নজর রাখা দরকার। আর তৃতীয়টিতে অবকাঠামো নির্মাণ প্রকল্প বেশি থাকায় ঋণের শর্তের কারণে রাস্তাঘাট, সেতুসহ বড় অবকাঠামো নির্মাণের জন্য ভারতীয় ঠিকাদারকে ইট, বালু, রড, সিমেন্ট ভারত থেকে আনতে হতে পারে।

আহসান এইচ মনসুরের মতে, এলওসির প্রকল্পগুলোর অনুমোদনে দেরি হয়। কারণ শুধু বাংলাদেশে নয়, ভারতেও আমলাতান্ত্রিক জটিলতা আছে।

এদিকে ভারতের কূটনীতিক সূত্র জানিয়েছে, ভারত ঋণ চুক্তির আওতায় এককভাবে কোনো দেশকে আর্থিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে। সহজ শর্তে আর্থিক সহযোগিতার সর্বোচ্চ সদ্ব্যবহারের স্বার্থে ঋণচুক্তি বাস্তবায়নের সব স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

 প্রথম এলওসির অগ্রগতি

প্রথম এলওসির জন্য ২০১০ সালের ৭ আগস্ট দুই দেশের মধ্যে ঋণচুক্তি হয়। প্রথমবারের মতো বড় ধরনের ঋণ দেওয়া শুরু করে ভারত।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত জুলাই পর্যন্ত ৩৭ কোটি ৬০ লাখ ডলার ছাড় করা হয়েছে। গত সাত বছরে আটটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে এসি ও নন-এসি বাস, রেলের ইঞ্জিন ও বগি এবং মোংলা বন্দরের জন্য ড্রেজার কেনা হয়েছে। এই আটটি প্রকল্পে এলওসিতে বরাদ্দ ছিল প্রায় ১৬ কোটি ডলার।

সাতটি প্রকল্প চলমান আছে। এগুলোর মধ্যে ভৈরবে মেঘনা নদীতে এবং আখাউড়ায় তিতাস নদীতে দ্বিতীয় রেলসেতু নির্মাণ প্রায় শেষ। কিছুদিনের মধ্যে ভৈরব সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ ছাড়া আশুগঞ্জ-আখাউড়া রেলপথে সিগন্যালিং ব্যবস্থা উন্নত করা,¹বিএসটিআই শক্তিশালী করা এবং ১২০টি রেলকোচ কেনার প্রকল্পও শেষ পর্যায়ে আছে।

ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে মাত্র। অন্যদিকে খুলনা-মোংলা বন্দর রেলসংযোগ প্রকল্প এবং কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের নির্মাণকাজ চলছে।

 দ্বিতীয় এলওসি

২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় ২০০ কোটি ডলার ঋণ বা দ্বিতীয় এলওসি দেওয়ার সমঝোতা চুক্তি হয়। ২০১৬ সালের মার্চ মাসে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হয়। এই ঋণের আওতায় ১৪টি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। ইআরডি সূত্রে জানা গেছে, ঋণচুক্তি হওয়ার পর গত দেড় বছরে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে এক্সিম ব্যাংক। তবে দ্বিতীয় এলওসির অর্থ ছাড় শুরু হয়নি।

চূড়ান্ত হওয়া প্রকল্পের মধ্যে অন্যতম হলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য বাস-ট্রাক কেনা, আশুগঞ্জ-আখাউড়া সড়ক চার লেনে উন্নীত করা, সৈয়দপুরে রেলওয়ের ওয়ার্কশপ নির্মাণ, খুলনা-দর্শনা দ্বৈত রেলপথ নির্মাণ, পার্বতীপুর-কাউনিয়া রেলপথকে দ্বৈতগেজ নির্মাণ, খুলনার মোংলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় ভারতীয় অর্থনৈতিক জোন স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের জন্য যন্ত্রপাতি কেনা, ১২টি জেলায় হাইটেক পার্ক নির্মাণ এবং ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাইয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক অর্থনৈতিক অঞ্চল গঠন। আরও দুটি প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে আশুগঞ্জে অভ্যন্তরীণ নৌ-কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রথম এলওসিতে ছিল, কিন্তু ভারত অনুমোদন দেয়নি।

ভারতের কূটনৈতিক সূত্রের মতে, গত এপ্রিলে ৫০০ কোটি ডলারের তৃতীয় ঋণচুক্তিসহ সব মিলিয়ে ঋণচুক্তির আওতায় ভারত ৮০০ কোটি ডলারের ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। তিন ধাপে এই সহায়তায় বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নে ভারতের অঙ্গীকার রয়েছে।