ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে
বর্তমানে ভারতে সবচেয়ে বেশি ভ্রমণ করেন বাংলাদেশি পর্যটকেরা। ২০১৬ সালে প্রায় ১৩ লাখ ৭০ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন, যা ২০১৫ সালের চেয়ে ২১ শতাংশ বেশি।
সম্প্রতি ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগের বছর ভারতে পর্যটক পরিসংখ্যানে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে পর্যটক তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র, এর পরেই আছে যুক্তরাজ্য।
বিজনেস স্ট্যান্ডার্ড অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ভারতে দিন দিনই বাড়ছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। ২০১২ সালে ভারতে বাংলাদেশি পর্যটক ভ্রমণের সংখ্যা ছিল মাত্র ৪ লাখ ৮০ হাজার, যা ২০১৬ সালে এসে প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৬ সালে বাংলাদেশের মোট পর্যটকের প্রায় সাড়ে ১৫ শতাংশই ভারত ভ্রমণে যায়। ওই বছর যুক্তরাষ্ট্রের মোট পর্যটকের সাড়ে ১৪ শতাংশ এবং যুক্তরাজ্যের সাড়ে ৯ শতাংশ ভারত ভ্রমণে যায়।
চিকিৎসা, ব্যবসা ও কেনাকাটার উদ্দেশ্যেই বাংলাদেশিরা ভারত ভ্রমণ বেশি করেন। পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে মোট ১ লাখ ৩৪ হাজার ৩৪৪ জনকে চিকিৎসা ভিসা দেয় ভারত, যার অর্ধেকই ছিল বাংলাদেশি। ২০১৬ সালে এই সংখ্যা আরও বেশি। কেপিএমজি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং প্রতিবেশী দেশটিতে (বাংলাদেশ) দক্ষ জনবলের অভাবের কারণেই চিকিৎসা নিতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভারত যাচ্ছেন। এর বাইরে কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্যের পরিমাণও আগের তুলনায় অনেক বেড়েছে। এসব কারণেও ভারতে পর্যটক বাড়ছে।
বাংলাদেশি পর্যটক সবচেয়ে বেশি ঢাকা-কলকাতা রুটের বাসে ভ্রমণ করেন। পশ্চিমবঙ্গের হরিদাসপুর দিয়েই সবচেয়ে বেশি মানুষ ভারতে যায়।
পর্যটন খাতের মাধ্যমে ২০১৬ সালে ভারতের আয় হয়েছে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলার, যা ২০১৫ সালের চেয়ে ৯ দশমিক ৮ শতাংশ বেশি।