ভারতের আগেই অর্থনৈতিক সাফল্য দেখাবে বাংলাদেশ!
আগামী কয়েক বছরের মধ্যে যে পাঁচটি দেশ বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক সফলতা লাভ করতে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন, নাইজেরিয়া, ফিলিপাইন ও ভারত। এই পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে গতকাল সোমবার ‘অর্থনীতিবিষয়ক রিপোর্টিং কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রাজধানীতে পিআইবি মিলনায়তনে দেশের অর্থনৈতিকবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহযোগিতায় তিন দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ভারতেরও আগে অর্থনৈতিক সাফল্য দেখাবে। তবে বাণিজ্যমন্ত্রী কোথায় পেলেন এই তথ্য এবং কোন সংস্থা এই পাঁচ দেশের উন্নয়ন সম্ভাব্যতার তালিকা তৈরি করেছে, তা উল্লেখ করেননি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর এ জন্য তৈরি পোশাক খাতের অবদান অনেক। মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রা ধরে রাখার জন্য পোশাক খাতের মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বর্তমানে দেশের রপ্তানি তিন হাজার কোটি ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ২০০ কোটি ডলার এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি—এমন তথ্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।’
অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি চালুর জন্য যেসব শর্ত দিয়েছে, তার বেশির ভাগই পূরণ হয়েছে। অল্প কয়েকটা বাকি। দেশটি যদি অন্য কোনো দেশকে জিএসপি দেয় এবং বাংলাদেশকে না দেয়, তাহলে বুঝতে হবে যে এতে রাজনৈতিক কারণ রয়েছে।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।