
দারিদ্র্য কমিয়ে আনতে এবং উন্নয়ন সম্ভাবনা জাগিয়ে তুলতে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হবে আগামী দিনের বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের উন্নয়ন কার্যকারিতার ওপর সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য দূর করার লক্ষ্যে গঠিত ম্যানিলাভিত্তিক সংস্থাটির ৫০ বছরের কার্যক্রম উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ ২০১৫ সালের জুলাইয়ে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তা সম্ভব হয়েছে ধারাবাহিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভালো প্রবৃদ্ধির কারণে।
বলা হয়, পাঁচ বছর ধরে ৬ শতাংশের ওপরে থাকছে প্রবৃদ্ধির হার। এটা হয়েছে পোশাক খাতের রপ্তানি, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও অভ্যন্তরীণ ভোগ বাজারের ওপর ভর করে। অবশ্য এই ফাঁকে নারী ও আধা দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ক্ষুদ্রঋণের সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিরও অবদান আছে প্রবৃদ্ধির হার অর্জনে।
প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে মানবসম্পদের উন্নয়নও ভালোই হয়েছে, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারও কমেছে যথেষ্ট। মানুষের গড় আয়ু ১৯৯০ সালের ৫৬ বছর থেকে বেড়ে হয়েছে ৭১ বছর। নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়েছে। সরকারি-বেসরকারি উভয় খাতেই উচ্চতর পদে দায়িত্ব পালন করছেন নারীরা।
এডিবির মতে, এত সব ইতিবাচক দিক থাকা সত্ত্বেও ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই আগামী দিনের বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। অন্য চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কমানো, অবকাঠামো সমস্যা দূর করা, দক্ষ শ্রমগোষ্ঠী তৈরি করা, ব্যবসার পরিবেশের উন্নয়ন করা, ব্যবসা করার খরচ কমিয়ে আনা ইত্যাদি।
কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ২০১৬-২০-এর আওতায় এডিবি বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ, শহুরে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে বিনিয়োগ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, প্রবৃদ্ধিকে গ্রামীণ পর্যায়ে পৌঁছাতে, অর্থাৎ যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি করতে অর্থায়ন করবে এডিবি।
বেসরকারি খাতের উন্নয়নধারা গতিশীল করা, সুশাসন, লিঙ্গবৈষম্য দূর এবং আঞ্চলিক যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধিতেও অর্থায়ন করবে সংস্থাটি।
এডিবি ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে এ পর্যন্ত ২৬৫টি প্রকল্পে ১ হাজার ৮৩০ কোটি ডলার ঋণ এবং ৪৯১টি প্রকল্পে ২৪ কোটি ৯৫ লাখ ডলারের কারিগরি সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঋণের সবচেয়ে বেশি (২৪ শতাংশ) অংশ গেছে জ্বালানি খাতে। এ ছাড়া যোগাযোগ খাতে ২৩ শতাংশ; কৃষি, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়নে ১২ শতাংশ, শিক্ষা খাতে ১০ শতাংশ, অর্থ খাত এবং পানি সরবরাহ ও শহুরে অবকাঠামো খাতে ৯ শতাংশ করে, সরকারি ব্যবস্থাপনায় ৫ শতাংশ, শিল্প ও বাণিজ্য খাতে ৫ শতাংশ, অন্যান্য খাতে ৪ এবং স্বাস্থ্য খাতে ১ শতাংশ অর্থায়ন করেছে এডিবি।
যোগাযোগ খাতে বিনিয়োগের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, রেল খাত সংস্কারে এডিবির অর্থায়ন ৪৩ কোটি ডলার। এডিবির অর্থায়নে ৬৪ কিলোমিটার লম্বা রেললাইন স্থাপনের প্রকল্পটি চলমান রয়েছে এবং চট্টগ্রাম বন্দর বাণিজ্য সহজীকরণ প্রকল্পেও এডিবির ৩ কোটি ৬ লাখ ডলার বিনিয়োগ রয়েছে। এ ছাড়া দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সড়ক সংযোগ প্রকল্পে এডিবির আওতায় রয়েছে ৭০ কিলোমিটার রাস্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো অবকাঠামো খাত ও দীর্ঘমেয়াদি খাতে খুব বেশি বিনিয়োগ করতে পারে না। এ জন্য খেলাপি ঋণের হার কমিয়ে আনা জরুরি। আরও বলা হয়, বেসরকারি খাতের উন্নয়নে অংশীদারের ভিত্তিতে আরও কাজ করবে এডিবি। সংস্থাটি সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) পরামর্শসেবাও দেবে।