ভালো খবর ছিল না বৈশ্বিক সূচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী বছরে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়নসহ আর্থসামাজিক খাতে বাংলাদেশের জন্য খুব ভালো খবর নেই। এসব খাতে অগ্রগতি হয়নি বললেই চলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনগুলোতে সেই চিত্র উঠে এসেছে।
২০১৫ সালে ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতায় অন্য দেশের তুলনায় একটু এগোলেও অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের পরিবেশে বাংলাদেশ পিছিয়েছে। টাকা পাচার বেড়েছে বেশ। মানব উন্নয়ন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ব্যবসা-বাণিজ্য: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ভালো হয়নি, বরং কিছুটা খারাপ হয়েছে। বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬’ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে ১৭৪তম। এক বছরের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। যদিও গতবারের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এর মানে হলো, অন্য দেশগুলো ব্যবসা পরিস্থিতিতে যেভাবে উন্নতি করেছে, বাংলাদেশ সেভাবে পারেনি।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সপ্তম। একমাত্র আফগানিস্থানের (১৭৭তম) ওপরে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে ভালো ৭১তম স্থানে রয়েছে ভুটান। এ ছাড়া নেপাল ৯৯তম, শ্রীলঙ্কা ১০৭তম, মালদ্বীপ ১২৮তম, ভারত ১৩০তম এবং পাকিস্তান ১৩৮তম স্থানে রয়েছে। এ বছর ভারত ও শ্রীলঙ্কা শুধু দুই ধাপ করে এগিয়েছে। বাকিরা পিছিয়েছে।
এ প্রতিবেদনের ১০টি সূচকের মধ্যে বাংলাদেশ কোনোটিতেই এগোতে পারেনি। পাঁচটিতে আগের চেয়ে খারাপ হয়েছে। বাকি পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে।
ব্যবসা করতে উদ্যোক্তাদের বিদ্যুৎ সমস্যায় সবচেয়ে বেশি ভুগতে হয়, নয়টি ধাপ পেরোতে হয়। বিদ্যুৎ প্রাপ্তির সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে ১৮৯তম।
সক্ষমতা: ব্যবসা-বাণিজ্যে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অবস্থা খানিকটা ভালো হয়েছে। এ বছর দুই ধাপ এগিয়ে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৭। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক প্রতিবেদন ২০১৫-১৬-তে বিষয়টি উঠে এসেছে। তবে বাংলাদেশ দুই ধাপ এগুলেও প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ১২ ধাপ এগিয়ে ৫৬তম এবং কম্বোডিয়া ৫ ধাপ এগিয়ে ৯০তম স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত (৫৫), শ্রীলঙ্কা (৬৮), নেপাল (১০০) ও ভুটান (১০৫)। ভুটান ছাড়া বাকি দেশগুলো এবার কয়েক ধাপ এগিয়েছে। তবে পাকিস্তান ১২৬তম স্থানে রয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে ১৬টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। অবকাঠামো দুর্বলতা, দুর্নীতি, অপর্যাপ্ত আমলাতন্ত্র, প্রশাসনিক অস্থিরতা, অর্থায়নে সীমিত সুবিধা ও নীতি-সহায়তা তালিকায় শীর্ষে থাকা এ ছয়টি সমস্যার পরিবর্তন হয়নি।
মানব উন্নয়ন: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০১৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি হয়নি, স্থান অপরিবর্তিত রয়েছে। ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪২তম।
আয়ু, মাথাপিছু আয় ও শিক্ষা—এ তিন উপখাতের ভিত্তিতে এ সূচকটি নির্ধারণ করা হয়। ভারতে মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক বেশি হওয়ায় এ সূচকে এগিয়ে আছে ভারত। অন্য দুটি সূচকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশে গড় আয়ু প্রায় ৭১ দশমিক ৬ বছর, সেখানে ভারতে ৬৮। বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪১। ভারতে এই হার ৫৩।
অর্থ পাচার: অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ আরও খারাপ দেশের তালিকায় ঢুকেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, অর্থ পাচারের দেশ হিসেবে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশ ২৬তম। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫টি দেশের মধ্যে ৫১তম।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে ২০১৩ সালে আরও ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে। টাকার অঙ্কে যা ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। পাচার হওয়া এই অর্থ আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৭৯ শতাংশ বেশি।
গত ১০ বছরে এভাবে পাচার করা অর্থের পরিমাণ ৪ হাজার ৯১৩ কোটি ২০ লাখ ডলার।