ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বিধিনিষেধ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অপরিশোধিত তেল আমদানিতে বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। তাদের পর্যবেক্ষণ, পরিশোধনকারী প্রতিষ্ঠানকে কেবল অপরিশোধিত তেল আমদানির অনুমতি দেওয়া দরকার। এর বাইরে সরকারের ট্রেডিং করপোরেশন এটা করতে পারে। কারণ, অন্য বেসরকারি প্রতিষ্ঠান সুবিধাটি দিলেই তারাই আবার পরিশোধনকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। তাতে দাম বাড়ে।
এ ছাড়া তেলবীজ উৎপাদন বাড়াতে কৃষকদের মধ্যে হাইব্রিড বীজ বিতরণ, রাইস ব্র্যান অয়েলের উৎপাদনে উৎসাহ দেওয়া, প্লাস্টিকের তৈরি কনটেইনারের ওপর শুল্ক প্রত্যাহার, তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী পদ্ধতিতে ভোজ্যতেল পরিশোধন করতে উৎসাহিত করাসহ বিভিন্ন সুপারিশ করেছে কমিশন।
ট্যারিফ কমিশনের ভোজ্যতেল নিয়ে ‘অ্যান অ্যানালাইসিস অব অ্যাসিস্ট্যান্স টু এডিবল অয়েল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এক্সামাইনিং এক্সপোর্ট পসিবিলিটি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। একই সঙ্গে কমিশন ফুল চাষ নিয়ে ‘অ্যানালাইসিস অব ডমেস্টিক মার্কেট অ্যান্ড এক্সপোর্ট প্রোটেনশিয়াল অব কালটিভেটেড ফ্লাওয়ার অ্যান্ড ফলিজ’ শীর্ষক আরেকটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল সোমবার কমিশন কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিবেদন দুটির মোড়ক উন্মোচন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান।
অনুষ্ঠানে ভোজ্যতেল নিয়ে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের সদস্য আব্দুল কাইয়ূম। তিনি জানান, বর্তমানে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে ১৩ লাখ মেট্রিক টনের চাহিদা মেটাতে ১৪ লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। আর বাকি ২ লাখ মেট্রিক টন তেল দেশে উৎপাদিত বিভিন্ন বীজ থেকে পাওয়া যায়।
সারা দেশে বর্তমানে ১১টি তেল পরিশোধনাগার আছে। তাদের সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৯ লাখ মেট্রিক টন। গত অর্থবছরে তারা উৎপাদন করেছে সক্ষমতার ৪৮ শতাংশ বা ১৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন। এখন বছরে দেশের মানুষ মাথাপিছু ৯ কেজি ৭০০ গ্রাম ভোজ্যতেল ভোগ করে। ২০২১ সালে এটি বেড়ে সাড়ে ১৪ কেজিতে দাঁড়াবে।
এসব তথ্য দিয়ে আব্দুল কাইয়ূম বলেন, ‘ভবিষ্যতে আমদানি করা ভোজ্যতেলের ওপর নির্ভরতা কমাতে রাইস ব্র্যান অয়েলের ওপর জোর দেওয়া যেতে পারে। এতে করে আমাদের চাহিদার ২১ শতাংশই এ থেকে মেটানো সম্ভব। যেহেতু এই তেলের মূল কাঁচামাল চাল থেকে আসে আর যেহেতু সরকার ধান উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তাই ব্যাপক সম্ভাবনা আছে।’
ফুল চাষ নিয়ে গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের বাণিজ্যনীতি বিভাগের উপপ্রধান মহসীনা বেগম। তিনি জানান, সারা দেশের ১০ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হয়। বর্তমানে প্রায় ২ লাখ কৃষক বাণিজ্যিক ফুল চাষের সঙ্গে জড়িত। শুধু যশোরের গদখালীতেই প্রতিদিন ৪-৫ লাখ টাকার ফুল বেচাকেনা হয়। একই সঙ্গে রপ্তানিও হচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ থেকে ৩ কোটি ৯৩ লাখ ডলারের ফুল রপ্তানি হয়েছে।
ফুল চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ, ব্যাংকঋণের সুদের হার কমানো, টিস্যু কালচার করার জন্য পরীক্ষাগার স্থাপন, ফুল সংরক্ষণের জন্য আধুনিক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দেন কমিশনের এই কর্মকর্তা। পরে মুক্ত আলোচনায় বাংলাদেশ ফ্লাওয়ার গ্রোয়ারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান উল্লাহ ফুল ব্যবসায়ীদের জন্য ঢাকায় একটি পাইকারি বাজার স্থাপন ও ফুল রপ্তানিতে নগদ সহায়তার দাবি জানান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা লিখিত প্রস্তাব নিয়ে আসুন। আমরা যতটা সম্ভব বিবেচনা করার চেষ্টা করব।’ তিনি বলেন, ফুল রপ্তানিতে এক-দুই বছরের বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে। এতে কাজ না হলে তা প্রত্যাহার হবে।