মধ্য আয়ের দেশ হতে হলে অতি দারিদ্র্য শূন্যে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে অতিদারিদ্র্য শূন্যের পর্যায়ে নিয়ে আসতে হবে। এ জন্য আগামী কয়েক বছরে ৭ শতাংশের বেশি মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
‘টেকসই উপায়ে অতিদারিদ্র্য দূরীকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের মূল প্রবন্ধে গতকাল বুধবার এ কথা বলা হয়। প্রবন্ধে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে প্রবৃদ্ধি হলে অতিদারিদ্র্য কমে। সে অনুযায়ী প্রতিবছর জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৭ শতাংশ হলে ২০২১ সাল নাগাদ অতিদারিদ্র্য হার সাড়ে ৪ শতাংশে নেমে আসবে। বর্তমানে দেশে ৭৪ লাখ ৫০ হাজার অতিদরিদ্র মানুষ বসবাস করে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এনইসি সম্মেলনকক্ষে এ সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে ‘বাংলাদেশে অতিদারিদ্র্য বিমোচনের কৌশল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন। এর সহরচয়িতা হচ্ছেন বেসরকারি সংস্থা সিড়ির গবেষণা প্রধান জুলফিকার আলী।
ওই প্রবন্ধে আরও বলা হয়, মধ্য আয়ের দেশ হয়ে গেলেই অতিদরিদ্রদের কাছে সুবিধা পৌঁছাবে এমন কথা নয়। তাই আয়বৈষম্য কমিয়ে অতিদারিদ্র্য শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে হবে।
এ প্রসঙ্গে বিনায়ক সেন বলেন, বলা হয় ব্যাংকে অতিরিক্ত টাকা পড়ে আছে, কিন্তু গরিবেরা কি সেই টাকা নিতে পারছে? এ ব্যবধান কমাতে হবে। তাঁর মতে, অতিদারিদ্র্য বিমোচনের বিষয়টি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ভিশন ২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের সঙ্গে সমন্বয় করতে হবে। অতিদারিদ্র্য নিরসনে একটি স্থায়ী সচিবালয় স্থাপনেরও পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জিডিপি প্রবৃদ্ধির আগাম আভাস দিয়ে বলেন, এ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ থাকলেও সাম্প্রতিক সময়ে নানা অরাজকতার কারণে তা অর্জন সম্ভব হচ্ছে না। তবে অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুতেই সাড়ে ৬ ভাগের কম হবে না।
পরিকল্পনামন্ত্রীর মতে, উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি বাড়িয়ে দেশে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি তৈরি করা গেলে স্বাভাবিকভাবেই অতি দরিদ্র লোকের সংখ্যা কমে আসে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে অতিদরিদ্র লোকের সংখ্যা ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড বলেন, প্রবৃদ্ধির জন্য আয়বৈষম্য দূর করাকেই প্রাধান্য দিতে হবে। এ জন্য দরিদ্র মানুষকে দক্ষ করতে হবে, যাতে তাঁরা সফলভাবে শ্রমবাজারে প্রবেশ করতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্না, জেইডি সদস্য শামসুল আলম প্রমুখ।
দিনের আরেক কর্ম অধিবেশনে অতিদারিদ্র্য ও লিঙ্গবৈষম্য নিয়ে আলোচনা হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো রওনক জাহান। এতে উপস্থািপত বিআইজিডির প্রধান গবেষক সিমিন মাহমুদ ও গবেষক লুপিতা হকের মূল প্রবন্ধে বলা হয়, অতিদরিদ্র নারীদের ক্ষমতায়নে পাঁচটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলো শিক্ষা, স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা, বাজারে প্রবেশের জন্য দক্ষতা বাড়ানো, জনসমক্ষে যাওয়ার স্বাধীনতা, দরিদ্র নারীদের পরিবারের অন্য সদস্যের সহায়তা করা এবং সামাজিক জীবনের সুযোগ করে দেওয়া। একই অধিবেশনে আরেকটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জু ডিভাইন ও গবেষক ম্যাথিলড মেইট্রট।
এ অধিবেশনে আলোচনা করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নূরুল আলম বলেন, শুধু সম্পদ হস্তান্তর করে অতিদারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছাও দরকার। অন্যদিকে দারিদ্র্য বিমোচনে কাঠামোগত সমস্যা সমাধানের ওপর জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ।
গতকাল বৈষম্য ও আর্থিক সম্পৃক্ততা এবং ক্রমান্বয়ে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা—এ বিষয়ের আরও দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন।