
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এ লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে।
এমনটাই মনে করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)। এর কারণ, ওই লক্ষ্য অর্জনে তখন দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে হবে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকলে তা অর্জন কষ্টসাধ্য হয়ে যাবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত আইসিসিবির ২০তম কাউন্সিল সভায় সংগঠনের বার্ষিক কাউন্সিল প্রতিবেদনে এমন পর্যবেক্ষণই তুলে ধরা হয়েছে।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলে সংগঠনের সহসভাপতি লতিফুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ সালের কাউন্সিলের নিরীক্ষিত আর্থিক বিবরণীও অনুমোদিত হয়।
আইসিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুটা হয়েছে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে। এটা আরও দীর্ঘায়িত হলে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে। সব বাধা অতিক্রম করে উচ্চ জিডিপির প্রবৃদ্ধি অর্জনে তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ৬ শতাংশ প্রবৃদ্ধির স্থির অবস্থা থেকেও বের হয়ে আসতে হবে। এখন জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। মধ্যম আয়ের দেশ হতে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছর আগে জিডিপিতে শিল্পের অবদান ছিল ২২ শতাংশ, গত বছর তা বেড়ে ২৮ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় এখন ১ হাজার ১৯০ ডলার, যা ২০২১ সালের মধ্যে ১ হাজার ৪৫০ ডলারে উন্নীত করতে হবে। তাই মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য বিনিয়োগ বাড়ানো খুব জরুরি।
আইসিসিবির প্রতিবেদন বলছে, সরকার চলতি অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, এ লক্ষ্য অর্জনে বিনিয়োগের হার জিডিপির ৩৪ দশমিক ৩ শতাংশে উন্নীত হতে হবে, যা এখন ২৮ দশমিক ৭ শতাংশ। সংস্থাটি মনে করে, প্রত্যাশার চেয়ে কম বিনিয়োগই দেশের প্রবৃদ্ধি আটকে থাকার বড় কারণ। আর বিশ্বব্যাংক বলছে, রেমিট্যান্স বা প্রবাস-আয়ের চলমান তেজিভাব এবং ব্যক্তিগত পর্যায়ে ভোক্তা চাহিদা পুনরুদ্ধার এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।
এই ব্যবসায়ী সংগঠন বলছে, বিশ্বমন্দা সত্ত্বেও কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে। স্থির প্রবৃদ্ধির কারণে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পরিবহনব্যবস্থা এবং টেলিযোগাযোগ সেবাসহ উন্নত অবকাঠামোর চাহিদা তৈরি হয়েছে। এ জন্য ব্যক্তিগত বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলে মনে করে আইসিসিবির নির্বাহী পর্ষদ।