
বর্তমান বাজেট কাঠামো দিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। আগামী ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেট পর্যালোচনা করে সংগঠনটির নেতারা এ অভিমত তুলে ধরেছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইবিএফবির এ অভিমত প্রকাশ করা হয়।
আইবিএফবি বলছে, প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৭ দশমিক ৫০ শতাংশ। যার অর্ধেকের বেশি যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ পরিশোধ ও ভর্তুকিতে। আর উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩২ দশমিক ৫০ শতাংশ। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে বাজেটের কমপক্ষে ৪৫ শতাংশ উন্নয়ন খাতে ব্যয় করা উচিত। তা না হলে মধ্যম আয়ের দেশে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান দেশীয় মোটরসাইকেল উৎপাদকদের জন্য আরও পাঁচ বছর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির দাবি জানান। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ সৃষ্টি জরুরি হয়ে পড়েছে। প্যাকেজ ভ্যাটের পরিমাণ বৃদ্ধির ফলে ভোক্তারা চাপে পড়বে। বিভিন্ন অনিয়ম-দুর্নীতি কমাতে ব্যাংক খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হলে অর্থনীতিতে গতিশীলতা আসবে। সেই সঙ্গে এনবিআরের রাজস্ব আয়ও বেড়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিএফবির সহসভাপতি হুওমায়ূন রশিদ ও পরিচালক মজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক এম এস সিদ্দিকী ও লুৎফুন্নিসা সৌদিয়া খান প্রমুখ।