মরিচাজনিত ক্ষয়ে বাড়ছে আর্থিক ক্ষতি
>ওয়ার্ল্ড করোশন অ্যাওয়ারনেস ডে আজ
বিশ্বে প্রতিবছর মরিচাজনিত আর্থিক ক্ষতি ২ লাখ ২০ হাজার কোটি ডলার
লোহা বা ইস্পাতে মরিচাজনিত ক্ষয়ের কারণে একটি ভবনের ক্ষতির বিষয়টি অনেকেরই জানা। কিন্তু এই মরিচার কারণে এক বছরে কত টাকার ক্ষতি হয় সেটি কি আপনি জানেন? মরিচা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড করোশন অর্গানাইজেশনের (ডব্লিউসিও) হিসাব বলছে, এ কারণে বিশ্বে প্রতিবছর আর্থিক ক্ষতি হচ্ছে ২ দশমিক ২ ট্রিলিয়ন বা ২ লাখ ২০ হাজার কোটি মার্কিন ডলার। এই অর্থ বিশ্ব জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৩ শতাংশের সমান। অর্থাৎ মরিচার কারণে বিশ্ব জিডিপি বা একটি দেশের জিডিপির ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লোহা বা ইস্পাতের তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয়। ইংরেজিতে এটি করোশন নামে পরিচিত। আজ হচ্ছে ‘ওয়ার্ল্ড করোশন অ্যাওয়ারনেস ডে’। মূলত যেসব এলাকার বাতাসে লবণের পরিমাণ বেশি থাকে, সেখানে অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় লোহা বা ইস্পাতে মরিচা তৈরি হয়। এই মরিচার কারণে লোহা ফুলে যায় বা আয়তনে স্ফীত হয়। এর ফলে ফাটল ধরে বা পলেস্তারা খসে পড়ে ভবনের স্থায়িত্ব কমে যায়।
ডব্লিউসিওর পরিসংখ্যান ব্যবহার করে বাংলাদেশের লোহা বা ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, মরিচার কারণে দেশে এখন বছরে আর্থিক ক্ষতি হচ্ছে ৩৬ হাজার কোটি টাকার। আর্থিক ক্ষতির এ হিসাব শুধু লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া বা ভবনের স্থায়িত্ব কমে যাওয়ার হিসাবে তৈরি করা হয়েছে। ডব্লিউসিওর হিসাবে মরিচা ঠেকানোর বর্তমান প্রযুক্তির সঠিক ব্যবহার করা হলে বিশ্বে বছরে ৪০ হাজার কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি কমানো সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, মরিচার কারণে নির্মিত ভবনের স্থায়িত্ব কমে যাওয়ার বিষয়টি সরকারের কোনো সংস্থাই গুরুত্ব দিচ্ছে না। এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেও কোনো কার্যক্রম নেই। মরিচা আক্রান্ত পানির সংযোগ ব্যবহারের কারণে একদিকে মানুষ দূষিত পানি পাচ্ছে, অন্যদিকে পানির মাধ্যমে মরিচা পরিবাহিত হয়ে তা পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি করছে।
গবেষণার তথ্য বলছে, একটি ভবন ঠিকভাবে নির্মাণ করা হলে সেটি ২০০ থেকে ৩০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এ ক্ষেত্রে মূল শর্তই হলো ভবন নির্মাণে ব্যবহার হওয়া ইস্পাত বা লোহায় মরিচা পড়া যাবে না। একটি নির্মিত ভবনের লোহায় যখন মরিচা পড়ে তখন সেটির ভেতরের কংক্রিট ফেটে যায়। লোহায় মরিচা পড়ার বিষয়টি একবার শুরু হয়ে হলে সেটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কারণ বিষয়টি অনেকটা ক্যানসারের মতো। ভবন নির্মাণের শুরুতে যদি কংক্রিট বা ঢালাইয়ের মান ঠিক না থাকে তাহলে ৫ থেকে ১০ বছর পরই ভবনে সমস্যা দেখা দেবে।
নির্মাণকাজে ব্যবহার করা লোহা বা ইস্পাত যাতে মরিচাজনিত ক্ষয়ের মুখে না পড়ে, এ জন্য দেশীয় প্রতিষ্ঠান বিএসআরএম এফবিইসি (ফিউশন বন্ডেড ইপক্সি কোটেড) নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে। এফবিইসি প্রলেপ ব্যবহারের ফলে বিএসআরএমের উৎপাদিত ইস্পাত বা লোহায় কোনোভাবে মরিচা পড়ে না। ২০১৬ সালের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি ‘বিএসআরএম সেঞ্চুরা’ ব্র্যান্ড নামে এই লোহা বাজারে বিক্রি করছে। সাধারণ মানের প্রতি টন লোহার তুলনায় এটির দাম ৮ থেকে ১০ হাজার টাকা বেশি। বিএসআরএমের কর্মকর্তারা বলছেন, দাম একটু বেশি হলেও এই লোহার তৈরি ভবন ১০ গুণ বেশি টেকসই হবে।