মানুষ অভুক্ত, বড় বাজেটে লাভ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর লাখ লাখ কোটি টাকার বাজেট আসে। এ খবর পত্রিকায় পড়ি, টেলিভিশনেও দেখি। একসময় বাজেট এলে আশা করতাম, আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিছু থাকবে। সাধারণ মানুষের ভাগ্যবদলের উপায়ের কথা বলা থাকবে। এখন আর আশাও করি না। কারণ, বাজেট ঘোষণার পরই দেখি, যেই লাউ সেই কদু। বাজেট কখনো কখনো আগের চেয়ে খারাপ অবস্থা তৈরি করে। যেমন জিনিসপত্রের দাম বাড়ে। এবার খারাপ অবস্থা হবে কি না, জানি না। বাজেট আমাকে যদি একটু স্বস্তিই না দিতে পারে, তাহলে বাজেট বড় হলেই কী আর ছোট হলেই কী।

মিরপুর ১২ নম্বরে বৃন্দাবন বস্তি। পুরো করোনার সময় বস্তিবাসীর কষ্ট দেখেছি। এখনো দেখছি। কী বলব, একদম খাওয়ার কষ্ট। অথচ লোকগুলো এ দেশেরই সন্তান। কোভিডের শুরুতে বস্তির নারীরা গৃহকর্মের কাজ হারান। আর পুরুষেরা হারান দৈনিক মজুরির কাজ। অনেক মানুষ কাজ হারিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। তারা অনেকেই আগের পেশায় ফিরে যাওয়ার মতো অবস্থায় নেই।

সরকার সোয়া এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে শুনেছি। আর এখন করছে ছয় লাখ কোটি টাকার বাজেট। কিন্তু এখনো অনেক মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি। বড়রা ভালো করলেও ছোটরা সেই তিমিরেই রয়ে গেছে। সবচেয়ে বড় কথা, মানুষ অভুক্ত, বড় বাজেটে লাভ কী, সেটাই আমার প্রশ্ন।