মানুষের কাজের সুযোগ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক দশক ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে আছে। গত দুই অর্থবছরে তা ৭ শতাংশ পেরিয়েছে। এত প্রবৃদ্ধি হলেও তা কর্মসংস্থান বাড়াতে পারছে না, বরং আগের তুলনায় কর্মসংস্থান বৃদ্ধির গতি কমেছে। এক দশক আগে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে ১৩ লাখ কর্মসংস্থান বাড়ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এখন তা কমে ৯ লাখ ৩৩ হাজারে নেমেছে।

বিবিএসের সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বাংলাদেশে কাজ করেন এমন মানুষের সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ। এর আগের ২০১৩ সালের জরিপে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮১ লাখ। বিবিএস বলছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুলাই মাস পর্যন্ত দেড় বছরে কর্মসংস্থান বেড়েছে মাত্র ১৪ লাখ, যা নতুন কর্মসংস্থান বলে মনে করে বিবিএস। এত দিন পঞ্জিকাবর্ষ ধরে শ্রমশক্তি জরিপ করা হলেও, এবারই প্রথম অর্থবছর ধরে জরিপ করা হয়েছে। গতকাল রোববার বিবিএস ২০১৫-১৬ অর্থবছরের এই নতুন শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে।

কিন্তু এ হিসাবে গরমিল আছে বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তাঁর মতে, সর্বশেষ জরিপে অর্থবছরের (২০১৫-১৬) চার প্রান্তিকের গড় হিসাব করা হয়েছে। তাই ওই অর্থবছরের মাঝামাঝি সময় ধরা যুক্তিযুক্ত হবে। সেই হিসাবে দুই জরিপের ব্যবধান দুই বছরই হবে। জাহিদ হোসেনের হিসাব বিবেচনায় আনলে ওই সময় প্রতিবছর গড়ে ৭ লাখ কর্মসংস্থান বেড়েছে।

জিডিপির প্রবৃদ্ধি ও কর্মসংস্থান হিসাব সম্পর্কে জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো একটি হিসাবে গরমিল আছে বলে মনে হচ্ছে। হতে পারে এত প্রবৃদ্ধি হয়নি, তাই কর্মসংস্থান কম হয়েছে। নতুবা প্রবৃদ্ধি ঠিকই হয়েছে, কিন্তু কর্মসংস্থান এত বাড়েনি। কর্মসংস্থান বৃদ্ধি কমে যাওয়ার একটি কারণ হিসেবে তিনি বলেন, তৈরি পোশাক খাত কর্মসংস্থান সৃষ্টির অন্যতম বড় খাত। কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডির পর এই খাতে খুব বেশি নতুন কর্মসংস্থান হয়নি। বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তৈরি পোশাক খাত আর আগের মতো শ্রমঘন নেই। মানুষের পরিবর্তে মেশিনের ব্যবহার বাড়ছে।

এক দশকের ব্যবধানে কর্মজীবী মানুষের সংখ্যা বেড়েছে প্রায় সোয়া এক কোটি। ২০০৬ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, তখন দেশে ৪ কোটি ৭৪ লাখ কর্মজীবী মানুষ ছিলেন। ২০১০ সালে এসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৪১ লাখে। ওই সময়ে বছরে গড়ে ১৩ লাখ ৪০ হাজার বাড়তি কর্মসংস্থান হয়েছে।

শ্রমশক্তি জরিপে এবারই প্রথমবারের মতো ত্রৈমাসিক চিত্র দেওয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে চার প্রান্তিকের মধ্যে জুলাই-সেপ্টেম্বর এই প্রথম প্রান্তিকেই কর্মসংস্থান কম বেড়েছে। আর সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে জানুয়ারি-মার্চ প্রান্তিকে। এর মানে হলো জুলাই-সেপ্টেম্বর মাসে, অর্থাৎ অর্থবছরের শুরুতে কাজ পাওয়া কঠিন। এটি কাজের মন্দা মৌসুম। আর শীতে কাজের সুযোগ বেশি থাকে।

বেকার ২৬ লাখ: নতুন শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা এখন ২৬ লাখ। এই বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পান না। বেকারত্বের এই হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়।

তবে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি, ৯ শতাংশ। এর মানে হলো স্নাতক কিংবা এর বেশি ডিগ্রিধারী প্রতি ১০০ জনে ৯ জন বেকার। এ দেশে পড়াশোনা না করলেই কাজ পাওয়ার সুযোগ বেশি। কোনো ধরনের শিক্ষার সুযোগ পাননি, এমন মানুষের মধ্যে মাত্র ২ দশমিক ২ শতাংশ বেকার। ১৫ থেকে ২৪ বছর বয়সী কর্মক্ষম তরুণ-তরুণীর মধ্যে ১০ শতাংশের বেশি বেকার। ২০১৩ সালের হিসাবে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৯০ হাজার।

আইএলওর ডিসেন্ট ওয়ার্ক ডিকেড এশিয়া প্যাসিফিক ও আরব স্টেটস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৪০ শতাংশ তরুণ নিষ্ক্রিয়। তাঁরা পড়াশোনা করছেন না, আবার কাজও করছেন না। কিংবা কাজ খুঁজে পেতে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন না। এ ধরনের নিষ্ক্রিয় তরুণদের হার বিবেচনা করলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ তৃতীয় খারাপ অবস্থানে আছে। একদিকে এসব নিষ্ক্রিয় তরুণ, অন্যদিকে কাজের আশায় মৃত্যুঝুঁকি নিয়ে দেশের তরুণেরা সমুদ্রপথে পারি দিচ্ছেন।

জরিপ অনুযায়ী, এখন বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। তবে পুরুষের তুলনায় নারীরা বেশি বেকার। নারীদের বেকারত্বের হার ৬ দশমিক ৮ শতাংশ এবং পুরুষদের ৩ শতাংশ। নারী ও পুরুষ উভয়েই ১৩ লাখ করে বেকার।

শ্রমশক্তি ও কর্মসংস্থান: শ্রমশক্তি জরিপে কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে। ২০১৫-১৬ অর্থবছরের শ্রমশক্তির জরিপ অনুযায়ী, দেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম মানুষ আছেন ৬ কোটি ২১ লাখ। তাঁরা কাজের জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন। তবে এই হিসাবে, পড়াশোনা করেন কিংবা অসুস্থ কিংবা অন্য কোনো কারণে কাজের জন্য প্রস্তুত নন, তাঁরা এই শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত হন না। এই শ্রমশক্তির ৫ কোটি ৯৫ লাখ কাজ করেন। এর মধ্যে পুরুষ ৪ কোটি ১৮ লাখ এবং নারী ১ কোটি ৭৮ লাখ। বাকিরা বেকার।

এ দেশের ৮৬ শতাংশের বেশি কর্মসংস্থান হয় অনানুষ্ঠানিক খাতে। আর আনুষ্ঠানিক খাতে মাত্র ১৩ দশমিক ৮ শতাংশ কাজ করেন।

দেশের কৃষি খাত এখনো কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র। এ খাতেই প্রায় ৪৩ শতাংশ কর্মসংস্থান হয়। ২০ শতাংশ কাজের ক্ষেত্র হলো শিল্প খাত। এ ছাড়া সেবা খাতে প্রায় ৩৭ শতাংশ কর্মসংস্থান হয়।

কাজ করেন কিন্তু মজুরি পান না, এমন মানুষের সংখ্যা এক কোটির নিচে নেমে এসেছে। মূলত বাসাবাড়িতেই তাঁরা কাজ করেন। আশার কথা হলো, এমন মানুষের সংখ্যা শ্রমশক্তিতে কমেছে। ২০১৩ সালের শ্রমশক্তিতে এমন ১ কোটি ৬ লাখ নারী-পুরুষ ছিলেন। এখন তা কমে ৮৬ লাখ হয়েছে। কাজ করেন কিন্তু মজুরি পান না, তাঁদের মধ্যে সিংহভাগই নারী।

দুই বছরের ব্যবধানে নারী ও পুরুষ উভয়ের গড় মজুরি বা আয় বেড়েছে। শ্রমশক্তি জরিপ অনুযায়ী, পুরুষদের চেয়ে নারীরা কম আয় করেন। নারীদের গড় আয় ১২ হাজার ১০০ টাকা। ২০১৩ সালে আয় ছিল ১০ হাজার ৮১৭ টাকা। এখন একজন পুরুষ গড়ে ১৩ হাজার ১০০ টাকা আয় করেন, দুই বছর আগে ছিল ১১ হাজার ৭৩৩ টাকা।

আলোচনা:নতুন শ্রমশক্তি জরিপ প্রকাশ উপলক্ষে গতকাল আগারগাঁও পরিসংখ্যান ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জরিপ ফলাফলের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বরকত ই খুদা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বক্তৃতা করেন।

বরকত ই খুদা বলেন, এই শ্রমশক্তি জরিপ থেকে আশ্চর্য হওয়ার মতো কিছু পাইনি। এখনো শ্রমশক্তিতে অপেক্ষাকৃত কম দক্ষ মানুষ বেশি, তাঁরা মজুরি কম পান। এর মানে হলো আমরা শোভন কাজ বা চাকরি দিতে পারছি না। এ ছাড়া প্রতিবছর কমপক্ষে দশ লাখ লোক শ্রমবাজারে প্রবেশ করছেন। কিন্তু তাঁদের জন্য কাজ দেওয়ার সুযোগ সীমিত।

রুশিদান ইসলাম রহমান বলেন, শ্রমশক্তিতে নারীর অংশ বাড়লেও তা এখনো কম। নারীর অংশগ্রহণ এখনো মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ। তিনি মনে করেন, ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ করা হলে কর্মসংস্থান কৌশল নির্ধারণে নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক, বিবিএস মহাপরিচালক আমির হোসেন, শিল্প ও শ্রম শাখার পরিচালক ঘোষ সুবব্রত। জরিপের ফলাফল তুলে ধরেন বিবিএসের যুগ্ম পরিচালক কবির উদ্দিন আহমেদ।