
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বর্তমানে উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্সের পরিচালনা পর্ষদের সদস্য। বিজিএমইএ অ্যাপারেল সামিটে অংশ নিতে ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন
প্রথম আলো: ২০২১ সালে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছানো কি সম্ভব?
জেমস মরিয়ার্টি: আমি মনে করি এটি সম্ভব। গত কয়েক বছরে গড়ে বাংলাদেশের পোশাক খাতে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। আর পাঁচ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে আগামী সাত বছরে বাংলাদেশের ১০ শতাংশ করে প্রবৃদ্ধি প্রয়োজন, যা খুবই সম্ভব।
প্রথম আলো: এ লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা কোনটা বলে মনে করেন আপনি?
জেমস মরিয়ার্টি: যোগাযোগব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি রাষ্ট্রদূত হিসেব দায়িত্ব পালনকালে সবচেয়ে বড় সমস্যা ছিল বিদ্যুৎ। বিদ্যুৎ খাতে গত কয়েক বছরে ভালো উন্নতি হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নতি করতে পারলে বিদ্যুতের সুফল পুরোপুরি পাওয়া যাবে।
প্রথম আলো: অ্যালায়েন্স ও অ্যাকর্ড মিলে বাংলাদেশের প্রায় দুই হাজার পোশাক কারখানা পরিদর্শন সম্পন্ন করেছে। কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে এ পরিদর্শন কতটা কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন?
জেমস মরিয়ার্টি: সমস্যা চিহ্নিত করতে এ পরিদর্শনগুলো খুবই কার্যকর ভূমিকা রেখেছে। কারখানার মালিকেরা আগের চেয়ে সচেতন হয়েছেন। শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি কর্মপরিবশ উন্নয়নে অনেক কাজ এখন হচ্ছে। সব মিলিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে।
প্রথম আলো: ২০১৮ সালে অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। কর্মপরিবেশ উন্নয়নে এর পরবর্তী পদক্ষেপ কী হবে?
জেমস মরিয়ার্টি: আমরা সবাইকে নিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছি। এটিকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারকেই দায়িত্ব নিতে হবে। কর্মপরিবেশ উন্নয়নে যে পরিকল্পনাগুলো এখন নেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নে জোর দিতে হবে।
প্রথম আলো: তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। বাংলাদেশ এ অবস্থান কী ধরে রাখতে পারবে?
জেমস মরিয়ার্টি: আমি খুবই আশাবাদী। রাষ্ট্রদূত হিসেবে এ দেশে দায়িত্ব পালন করার সময় আমি দেখেছি, এ দেশের মানুষের ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মানসিকতা। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেই এ দেশের পোশাক খাত এগিয়ে গেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
প্রথম আলো: গত কয়েক বছরে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক দিক কোনটি ?
জেমস মরিয়ার্টি: পোশাক রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি অবশ্যই একটি ইতিবাচক দিক। বর্তমান ইতিবাচক ধারা অব্যাহত থাকলে পোশাক রপ্তানিতে চীনের কাছাকাছি পর্যায়ে যেতে পারবে বাংলাদেশ।
প্রথম আলো: রানা প্লাজা দুর্ঘটনার পর প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি কি এ শিল্পের ভাবমূর্তি বাড়াতে সাহায্য করবে?
জেমস মরিয়ার্টি: অবশ্যই করবে। বিশ্বের পোশাকশিল্প নিয়ে কাজ করে অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে। পাশাপাশি এ দেশের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরাও এখানে অংশ নিচ্ছেন, যা আসলেই বিস্ময়কর। বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরিতে এ সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রথম আলো: বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতা ব্র্যান্ড, গণমাধ্যম ও সাধারণ মানুষের মনোভাব কেমন?
জেমস মরিয়ার্টি: বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর হলো মার্কিন ব্র্যান্ডগুলোর বাংলাদেশের বাজার ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই। পাশাপাশি মার্কিন গণমাধ্যমগুলোতে পোশাক খাতের উন্নয়নে সম্প্রতি নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করা হচ্ছে।
{সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম}