চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মুঠোফোনের গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। ফেব্রুয়ারি পর্যন্ত তা ছিল ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার অর্থাৎ এক মাসে মুঠোফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ১০ লাখের বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ১২ লাখ। মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার। গত ফেব্রুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার অর্থাৎ এক মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১২ লাখের বেশি।
মার্চে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের। তাদের গ্রাহক পাঁচ লাখ বেড়েছে। গত ফেব্রুয়ারিতে অপারেটরটির গ্রাহক ছিল ৫ কোটি ১৫ লাখ, আর মার্চে তা হয়েছে ৫ কোটি ২০ লাখ। একই সময়ে বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ১৫ লাখ থেকে বেড়ে ৩ কোটি ১৯ লাখ হয়েছে। আরেক অপারেটর রবির গ্রাহক ২ কোটি ৬২ লাখ থেকে বেড়ে ২ কোটি ৬৪ লাখ হয়েছে।
গ্রাহক বেড়েছে এয়ারটেল বাংলাদেশেরও। ফেব্রুয়ারিতে অপারেটরটির গ্রাহক ছিল ৭৯ লাখ ৪৪ হাজার, মার্চে তা হয়েছে ৮১ লাখ ৮৫ হাজার। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকও এ সময়ে ৩৯ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হয়েছে। তবে গ্রাহক হারানো অব্যাহত আছে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের। ফেব্রুয়ারিতে অপারেটরটির গ্রাহকসংখ্যা ছিল ১২ লাখ ৬৩ হাজার, মার্চে তা কমে হয়েছে ১২ লাখ ৪৬ হাজার।